পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা ডিগ্রি কলেজে গত মঙ্গলবার রাতের গুলিবর্ষণের ঘটনাটিকে বাড়াবাড়ি হিসেবে বিবেচনা করার যথেষ্ট ও যৌক্তিক কারণ রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারায় পাঁচজন, আহত হয় ২০ থেকে ২৫ জন। ঘটনার সময়ের পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে ধারণা পাওয়া যায় যে নির্বিচারে গুলিবর্ষণের মতো বাড়াবাড়ি এবং পাঁচজন মানুষের জীবন কেড়ে না নিয়েও এই পরিস্থিতি সামাল দেওয়া যেত। প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুগুলোর দায় কে নেবে?
মঙ্গলবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সাফা ডিগ্রি কলেজের কেন্দ্রটি অবরোধ করেছিল কিছু স্থানীয় জনগণ। এ ধরনের অবরোধ পরিস্থিতি সামাল দেওয়ার নানা কৌশল ও ধাপ রয়েছে। অবরোধকারীদের সঙ্গে আলাপ-আলোচনা বা এতে কাজ না দিলে বলপ্রয়োগের প্রথম ধাপ হিসেবে ছত্রভঙ্গ করার জন্য লাঠিপেটা বা কাঁদানে গ্যাস ব্যবহার করা যেতে পারে। প্রথম আলোর প্রতিবেদক ও স্থানীয় জনগণের সূত্রে আমরা যে তথ্য পেয়েছি, তাতে এটা পরিষ্কার যে পরিস্থিতি সামাল দিতে এ ধরনের উদ্যোগগুলো নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসন এ জন্য বেছে নিয়েছে চরমতম পথটি। বলা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির আদেশ দিয়ে তারাই কার্যত পাঁচটি প্রাণ কেড়ে নিয়েছে।
গুলির ঘটনা বাড়াবাড়ি? ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের পক্ষে তাঁর যুক্তি দিয়েছেন। বলেছেন, বাধ্য হয়েই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে গুলিবর্ষণের নির্দেশ দিতে হয়েছে। কিন্তু সেখানকার পরিস্থিতি খুব উত্তপ্ত হয়ে পড়া বা অবরোধকারী জনগণের উচ্ছৃঙ্খল হয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। অভিযোগ উঠছে, গুলিবর্ষণের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন হতাহত ব্যক্তিদের ওপর দিয়ে গাড়ি চালিয়েছে। এসব অভিযোগের তদন্ত হতে হবে। এ ব্যাপারে এরই মধ্যে যে দুটি তদন্ত কমিটি হয়েছে, তারা এই বিষয়গুলো বিবেচনায় নেবে বলে আমরা আশা করছি।
নিহত ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি রইল আমাদের গভীর শোক ও সমবেদনা। প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ ও আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হোক।