বাড়িভাড়া নিয়ন্ত্রণ: কেন স্বতন্ত্র কমিশন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও নির্বাচিত নয়টি ইস্যু নিয়ে অব্যাহত আলোচনা হচ্ছে। আজ ‘বাড়িভাড়া নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চাই’ ইস্যুতে একটি বিশ্লেষণাত্মক অভিমতসহ আরও দুজন লেখকের নির্বাচিত মন্তব্য ছাপা হলো।শুরুতেই ক্ষমা চাচ্ছি সৎ ও ভালো মনের বাড়িওয়ালাদের কাছে। তাঁরা আমার এ লেখার আওতায় পড়েন না। মধ্যবিত্ত-নিম্নবিত্ত ব্যক্তিরাই ভাড়া বাসায় থাকেন এবং তাঁদের অসহায়ত্ব নগর জীবনযাপনে এ মুহূর্তে বড় একটি সংকট। কয়েক বছর ধরে আমি বাড়িওয়ালার আর্থিক ও মানসিক নিপীড়ন নীরবে হজম করছি। আমার বাড়িওয়ালা একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক (কোচিং ব্যবসা করে ঢাকায় তিনটি বাড়ি করেছেন)। ভাড়াটেকে তিনি বৈদ্যুতিক মিটার রিডিং জানতে দেন না। নিজস্ব হিসাব প্রক্রিয়ায় কিছু একটা বিল ভাড়াটের হাতে ধরিয়ে দেন। ভাড়াটে নিরুপায়, কয়েক শ টাকার জন্য তিনি আর বিল পুনর্যাচাই করতে যান না। গত বছর পারিবারিক কারণে এক মাসে ১৫ দিন বাসা তালাবদ্ধ রেখে সপরিবারে এক আত্মীয়ের বাসায় ছিলাম। মাস শেষে যখন বিদ্যুৎ বিলের অঙ্কটা দেখলাম, আমার চোখ ছানাবড়া! বিলের পরিমাণ হবহু গত মাসের সমান, অথচ ওই মাসে বিল অর্ধেক বা কম হওয়া উচিত। কারণ জানতে চাইলে বাড়িওয়ালার পক্ষ থেকে জানানো হলো, তিনি বিদেশ গেছেন। যাওয়ার আগে স্লিপে গত মাসের অঙ্কটি বসিয়ে রেখে গেছেন এবং সব ভাড়াটেকে উল্লিখিত টাকাই দিতে হবে। সামনের মাসে মিটার রিডিং দেখে সমন্বয় করা হবে। বলে রাখি, মিটার রিডিং দেখতে চাইলে বাড়িওয়ালা আমাকে জবাব দিয়েছেন, তাঁকে বিশ্বাস না করলে এই বাসায় থাকার প্রয়োজন নেই।এখন সব বাড়িওয়ালাই অগ্রিম টাকা নিয়ে নতুন ভাড়াটেকে বাসায় ওঠান। এই অগ্রিমের পরিমাণ কোথাও এক মাসের ভাড়ার দ্বিগুণ, কোথাও তিন গুণ। অঞ্চলভেদে জামানত হিসেবে বাড়িওয়ালা এক থেকে দুই লাখ টাকা পর্যন্তও জমা নিয়ে থাকেন, যা ভাড়াটে ফেরত পাবেন বাড়ি ছাড়ার পর। ভেবে দেখুন, ওই টাকা আপনি যদি ব্যাংকে রাখতেন, তা হলে দুই-তিন বছর পর সেটা কত হতো? নিকুঞ্জ এলাকায় আমি একটি বাসা ছাড়ার সময় জামানতের ২১ হাজার টাকা থেকে বাড়িওয়ালা এক হাজার টাকা জোর করে কেটে রাখলেন। কারণ, আমার পরিবারের কেউ তাঁর একটি বৈদ্যুতিক সুইচ, একটি পানির ট্যাপ অকেজো ও বাথরুমের একটি কাচের শেলফ ভেঙেছে। শেলফ ভাঙার দায় আমি নিয়েছি, বাকি দুটো তো ব্যবহারজনিত, এটা ইচ্ছাকৃত ক্ষতিসাধন নয়। আপনি যদি বাসে যাতায়াত করেন, চলন্ত অবস্থায় তার কোনো যন্ত্রাংশ নষ্ট হলে মেরামতের খরচ নিশ্চয়ই আপনি বহন করবেন না। ভাবতে অবাক লাগে, যে বাড়ি থেকে মালিক আয় করছেন, ব্যবহারজনিত কারণে যদি তার কোনো বৈদ্যুতিক বা স্যানিটারি ফিটিংস নষ্ট হয়, তার মূল্য কেন ভাড়াটেকে দিতে হবে? বাড়িওয়ালার সম্পদ ভাড়াটে নষ্ট করছেন, তাই দায়টা ভাড়াটের—এটা একটা যুক্তি হতে পারে, কিন্তু সবকিছুরই একটা লাইফটাইম আছে। তাই যে অবকাঠামো থেকে বাড়ির মালিক ভাড়া নিচ্ছেন, তার রক্ষণাবেক্ষণের ব্যয়ভার তাঁকেই বহন করতে হবে।অধিকাংশ বাড়িওয়ালার ভাবগাম্ভীর্য দেখে মনে হয়, ভাড়াটেরা তাঁদের বাড়িতে আশ্রিত। অথচ সম্পর্কটা কিন্তু ক্রেতা-বিক্রেতার। বাড়িওয়ালা একটি সার্ভিস বা সেবা বিক্রি করছেন ভাড়াটের কাছে। আবাসিক হোটেলগুলো যেমন রুম ভাড়া দেয়। হোটেল মালিক আর বাড়ির মালিক প্রায় একই ধরনের সেবা বিক্রি করছেন, অথচ দুজনের আচরণ সম্পূর্ণ বিপরীত। অনেক সময় ভাড়াটেকে আগে থেকে ধারণা দেওয়া হয় না বছরান্তে কত টাকা বাড়ানো হবে। ফলে ভাড়াটে মেলাতে পারেন না তাঁর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব। মাত্রাতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদ করলে বাড়িওয়ালা সাফ বলে দেন, ‘না পোষালে বাসা ছেড়ে দেন, আপনি চলে গেলে আরও বেশি ভাড়ায় এই বাসা ভাড়া হবে।’ এই নিকৃষ্ট ভাষা ভাড়াটেকে মুখ বুজে সইতে হয় শুধু পরিবার সদস্যদের জন্য।অধিকাংশ বাড়িওয়ালা ভাড়াটেকে রসিদ দেন না। ভাড়াটে যেন আইনগত কোনো ব্যবস্থা নিতে গিয়ে বিশেষ সুবিধা করতে না পারেন, এটি তারই একটি সতর্কতামূলক ব্যবস্থা। কোনো কোনো বাড়িতে গ্যাসের সংযোগ আলাদা নয়। ফলে ভাড়াটের কাছ থেকে বাড়িওয়ালা যে টাকাটা নিচ্ছেন, তা আইনত বৈধ নয়। সরকার বঞ্চিত হচ্ছে সঠিক বিল বা রাজস্ব আয় থেকে। এ-জাতীয় সংযোগ অন্য ভাড়াটের সঙ্গে ভাগাভাগি করতে হয় বলে গৃহিণীদের দুর্ভোগ সীমাহীন। প্রমাণ চাইলে বাড্ডা এলাকাটা একটু ঘুরে দেখতে পারেন।যেসব বাড়িওয়ালা ভাড়াটেকে পৃথক মিটারের বিদ্যুৎ বিলের কপি দেন, খুব স্বচ্ছতা দেখান, তাঁদেরও অনেকে গোপনে তাঁদের ব্যবহূত কোনো একটি ঘরের বিদ্যুৎ-সংযোগ ভাড়াটের মিটারের সঙ্গে দিয়ে রাখেন। ফলে সেই ঘরের টিভি, ফ্রিজ, এসি ইত্যাদি উপভোগ করবেন বাড়িওয়ালা। নিজের অজান্তেই কিন্তু বিলের খরচ জোগাবেন ভাড়াটে। কেউ কেউ ইচ্ছা করে পানি ও বিদ্যুতের লাইনে সমস্যা তৈরি করেন, যাতে বর্তমান ভাড়াটে উঠে যায়, কারণ নতুন ভাড়াটে মানেই বেশি লাভ! সাম্প্রতিক ভাড়াটেদের অধিকার রক্ষায় মিছিল হচ্ছে, সংগঠন তৈরি হচ্ছে। দেশজুড়ে সক্রিয় ভাড়াটে কল্যাণ সমিতি এখনই গড়ে তোলা দরকার। জনপ্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন বা পৌরসভার ওপর এ দায়িত্ব বর্তায়। তবে সবচেয়ে বেশি প্রয়োজন, বাড়িওয়ালাদের বোঝানো যে তাঁরা অন্যায় করে পার পাবেন না।প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও মিছিল’ থেকে ভাড়াটে নাগরিকদের সীমাহীন যন্ত্রণা লাঘবে জোর প্রচারণা চালানো হচ্ছে। দাবি উঠেছে বাড়িভাড়া নিয়ন্ত্রণে একটি পৃথক কমিশন গঠনের। একটি আইনগত বিধিব্যবস্থা উভয় পক্ষের জন্য শান্তি ও স্বস্তির হবে। তাই আসুন, সবাই এক হই, লড়াই করি। সরকারকে অবশ্যই একটি ন্যায়পরায়ণ সিদ্ধান্তে আসতে হবে। এ দেশে আমাদের বাস করতে হবে, দেশকে ন্যায্যতার মানদণ্ডে বাসযোগ্য করে তোলার দায়িত্বটাও আমাদেরই।কাজী মনজুর করিম: বদলে যাও বদলে দাও মিছিল ব্লগের নিয়মিত লেখক।[email protected]ই-মেইল: [email protected]/bjbdmichhilজনমত জরিপের ফলাফলবদলে যাও বদলে দাও মিছিলের ওয়েবসাইটে নতুন তিনটি জনমত শুরু হয়েছে চলতি সপ্তাহে। আপনিও অংশ নিন জরিপে।ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তায় প্রতিটি জেলায় খাদ্য ও ওষুধ প্রশাসন গঠন করা প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ ৮৭%  না ৭% মন্তব্য নেই ৬% ২৬ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্তআপনি কি মনে করেন, বাড়িভাড়া নির্ধারণ ও নিয়ন্ত্রণে একটি স্বতন্ত্র কমিশন গঠন অপরিহার্য? হ্যাঁ ৮৭%  না ৭% মন্তব্য নেই ৬% ২৬ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্তআপনি কি মনে করেন, সাইবার অপরাধ প্রতিরোধে এখনই সাইবার ট্রাইব্যুনাল গঠন জরুরি? হ্যাঁ ৮৪%  না ১২% মন্তব্য নেই ৪% ২৬ সেপ্টেম্বর, ২০১২ পর্যন্তwww.bodlejaobodledao.com