ঢাকার ৯০ ভাগ বাসিন্দাই ভাড়াবাড়িতে থাকে, কিন্তু তাদের ভোগান্তি দূর করার জন্য নেই যথাযথ কর্তৃপক্ষ ও ভাড়াটেবান্ধব আইন। বাড়িভাড়া আইন, ১৯৯১ কার্যত কাগুজে বাঘ। এই আইন ভঙ্গের অপরাধে কারও শাস্তি হয়েছে বলে জানা যায় না।রাজধানীতে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন বাড়িভাড়া আইন, ১৯৯১ বাস্তবায়নের যে দাবি জানিয়েছে, তা সারা দেশের লাখ লাখ ভাড়াটে পরিবারেরই দাবি। গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় পরিষদের ধারণাপত্রে বলা হয়েছে, ঢাকা শহরে দুই থেকে আড়াই লাখ বাড়ির মালিক প্রায় দেড় কোটি মানুষকে জিম্মি করে রেখেছে। অথচ সরকার নীরব। এই অভিযোগের পেছনে আরেকটি অভিযোগও উঠে আসে, সরকার কি বাড়ির মালিকদের প্রতিনিধি? নিম্ন, মধ্য, নিম্নবিত্ত ভাড়াটের প্রতি তাদের কোনো দায় নেই?কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পরিচালিত সমীক্ষায় দেখা যায়, ১৮ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে প্রায় তিন গুণ। অথচ একই সময়ে সাধারণ মানুষের আয় কি ততটা বেড়েছে? যাদের বাঁধা আয়ে চলতে হয়, তাদের আয়ের বড় অংশই চলে যায় বাড়িভাড়াবাবদ। বিস্ময়কর যে দরিদ্র মানুষের বসবাসের মেস-বস্তি ও সেমি-পাকা বস্তিগুলোর ভাড়া তুলনামূলকভাবে অনেক বেশি। ঢাকা সিটি করপোরেশনের ওয়েবসাইটে ১০টি ভিন্ন ভিন্ন এলাকার বাড়িভাড়ার একটা তালিকা দেওয়া হয়েছে, কার্যত যা কেউই মানে না।বেশির ভাগ ক্ষেত্রে বাড়িভাড়া ইচ্ছামতো বাড়ানো হয়, বাসার রক্ষণাবেক্ষণ, ফিটিংস ইত্যাদি সংস্কারের দায়িত্ব বাড়িওয়ালারা নেন না। আবার তাঁরা স্বল্প সময়ের নোটিশে ভাড়াটেদের বাসা ছেড়ে দিতে বাধ্য করতে পারেন। তাঁদের দাপটে ভাড়াটেদের থাকতে হয় সংকুচিত। বাড়িভাড়া আইন বলছে, বাড়ির মালিক দুই বছরের মধ্যে কোনো ভাড়া বাড়াতে পারবেন না এবং এক মাসের অতিরিক্ত অগ্রিমও দাবি করবেন না। কার্যত এর সামান্যই মানা হয়।নাগরিক অধিকার, ভোক্তা অধিকার এবং নাগরিক জীবনের স্বস্তি ও শান্তির স্বার্থে বিদ্যমান আইনটির সংস্কার এবং প্রয়োগ দরকার। দরকার সিটি করপোরেশনের আওতায় বাড়িভাড়া কর্মকর্তা নিয়োগ এবং তাঁদের মাধ্যমে এ বিষয়ের সমস্যাগুলো মীমাংসা করা। সরকারিভাবে এলাকাভিত্তিক এবং বাণিজ্যিক ও আবাসিক ব্যবহারের জন্য বাস্তবভিত্তিক ভাড়ার তালিকা প্রণয়নও জরুরি।