ভাড়াটেদের পক্ষে মনে হয় কেউ নেই। বছর শুরু মানেই ভাড়াটেদের ওপর বাড়িভাড়া বাড়ার নতুন চাপ। প্রতিবছরের মতো এবারও ভাড়া বাড়াচ্ছেন অধিকাংশ বাড়ির মালিক। বিষয়টি একতরফা হওয়ায় ভাড়াটেরা একধরনের অর্থনৈতিক নিষ্পেষণের মধ্যেই থাকেন। এর আইনসংগত সুরাহা হওয়া এখন সময়ের দাবি।
শনিবারের প্রথম আলোর সরেজমিন প্রতিবেদন দেশজুড়ে বাড়িভাড়া পরিস্থিতির যে চিত্র তুলে এনেছে, এককথায় তাকে বলা যায় মগের মুলুক। গত ২৫ বছরে রাজধানীতে বাড়িভাড়া বেড়েছে প্রায় ৩৮৮ শতাংশ। অথচ এই সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে ২০০ শতাংশ। অর্থাৎ বাড়িভাড়া বেড়েছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রায় দ্বিগুণ হারে। চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ বড় বড় শহরের বাস্তবতাও একই রকম।
বাড়িভাড়া দেওয়া থেকে শুরু করে ভাড়া বৃদ্ধি, ভাড়াটেদের অধিকার পর্যন্ত সব বিষয়ে বাড়ির মালিকই চূড়ান্ত কর্তৃপক্ষ। তাঁদের জমিদারসুলভ ক্ষমতার দাপটে ভাড়াটেরা যেন প্রজা। ১৯৯১ সালের বাড়িভাড়া আইনের তোয়াক্কা বাড়ির মালিকও করেন না, সরকার করে না। বিধিমালা তৈরি না করায় আইনটির কোনো প্রায়োগিক চরিত্র নেই। গত বছরে উচ্চ আদালত সরকারকে বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন গঠনের নির্দেশ দিলেও আজ অবধি সে ব্যাপারে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি।
আইনত দুই বছরের মধ্যে ভাড়া না বাড়ানোর নির্দেশ থাকলেও ভাড়া বাড়ানো হচ্ছে প্রতিবছর। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আয়ের বড় অংশটাই চলে যাচ্ছে বাসাভাড়া বাবদ। তার প্রভাব পড়ছে জীবনমান, স্বাস্থ্য, শিক্ষাসহ সব ক্ষেত্রেই। সবচেয়ে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয় শ্রমজীবী মানুষকে, বিশেষ করে পোশাকশ্রমিকদের। তাঁদের ঘরভাড়া মধ্যবিত্তদের তুলনায় অনেক বেশি।
২৫ বছরের পুরোনো আইনের বিধিমালা তৈরি, উচ্চক্ষমতাসম্পন্ন বাড়িভাড়া নিয়ন্ত্রণ কমিশন, প্রতিটি ওয়ার্ডে ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ এ সমস্যার সমাধান। এবং বিড়ালের গলায় ঘণ্টা ঝোলানোর এ দায়িত্ব সরকারের। শহরগুলোতে বাড়িভাড়ার নৈরাজ্য দূর করা নাগরিক অধিকারেরই অংশ। লাখ লাখ ভাড়াটের জ্বলন্ত সমস্যাকে উপেক্ষা করার সুযোগ আছে বলে মনে হয় না। এ অবস্থার দ্রুত অবসান হওয়া উচিত।