বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, ধূমপান, সড়ক দুর্ঘটনা ও ডায়াবেটিস—এ তিনটি কারণে বিশ্বে প্রতিবছর যত মানুষ মারা যায়, তার চেয়ে বেশি মৃত্যু ঘটে বায়ুদূষণের কারণে। বায়ুদূষণ থেকে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস (সিওপিডি) নামে শ্বাসতন্ত্রের যে রোগ হয়, তা বিশ্বজুড়ে মানুষের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ। আর ২০১২ সালে এই রোগে পৃথিবীতে যে পাঁচটি দেশে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে, বাংলাদেশ তার অন্যতম। কারণ, এ দেশের রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোর বায়ুদূষণের মাত্রা অত্যন্ত বেশি।
চিত্রটি যখন এ রকম উদ্বেগজনক, তখন আমাদের জন্য একটা বড় সুখবর বয়ে এনেছে রাজশাহী শহর। গত শুক্রবার যুক্তরাজ্যের দৈনিক গার্ডিয়ান বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে এক প্রতিবেদনে জানিয়েছে, বাতাসে ভাসমান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিহি ধূলিকণার মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে রাজশাহী শহর বিশ্বের মধ্যে সর্বাধিক সাফল্য অর্জন করেছে। যদিও রাজশাহীতে শিল্প–কারখানার অনুপস্থিতির কারণে অন্যান্য শহরের তুলনায় এমনিতেই দূষণ কম থাকার কথা। আমরা রাজশাহী শহরবাসীকে অভিনন্দন জানাচ্ছি।
রাজশাহী শহরের বায়ুদূষণ কমেছে ৬৭ শতাংশ। কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের ফলেই এটা সম্ভব হয়েছে। যেমন শহরটির আশপাশের ইটভাটাগুলোর চিমনির উচ্চতা বাড়ানো, বনায়ন, রাস্তার পাশের ফুটপাত কংক্রিট দিয়ে ঘিরে দেওয়া, ব্যাটারিচালিত অটোরিকশার বহুল ব্যবহার, ডিজেলচালিত যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ প্রভৃতি। রাজশাহীর এই দৃষ্টান্ত থেকে এটা স্পষ্ট যে আন্তরিক প্রয়াস ও সবার সহযোগিতায় ঢাকা মহানগরসহ দেশের অন্য শহরগুলোয়ও বায়ুদূষণ কমিয়ে আনা সম্ভব।
এ বছরের ২২ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকাসহ বাংলাদেশের আটটি শহরের বায়ু স্বাস্থ্যের জন্য সবচেয়ে ক্ষতিকর, যেগুলোর মধ্যে রাজশাহীও ছিল। তারপর রাজশাহীর কৃতিত্ব বৈশ্বিক স্বীকৃতি পেল বাতাসের ধূলিকণা সর্বাধিক মাত্রায় কমানোর জন্য। তবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম—এসব অত্যন্ত জনবহুল ও শিল্পঘন শহরগুলোর বাতাসে ক্ষতিকর মিহি ধূলিকণা ছাড়াও বিপজ্জনক মাত্রায় কার্বন মনো-অক্সাইড, সিসা, নাইট্রোজেন অক্সাইডসহ অনেক ক্ষতিকর দূষণকারী পদার্থ রয়েছে। এগুলো কমানোর জন্যও জোরালো উদ্যোগ নিতে হবে। সেসব উদ্যোগ হতে হবে আরও ব্যাপক, কঠোর ও নিরবচ্ছিন্ন।