বায়ুদূষণে শিশুমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শিশুস্বাস্থ্যের অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে বায়ুদূষণ। এ কারণে বছরে প্রায় সাড়ে আট হাজার শিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। বাংলাদেশে শিশুমৃত্যুতে বড় ভূমিকা রেখে চলেছে ঘরের ভেতরের বায়ুদূষণ।
কাঠ, কৃষি আবর্জনা, গোবর পোড়ানোর কারণে বাড়িঘরের বাতাস দূষিত থাকছে, আর তাতেই শ্বাস-প্রশ্বাস নিচ্ছে শিশুরা। ইউনেসকোর বায়ুদূষণ-বিষয়ক প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রথম আলোয় প্রকাশিত সংবাদ বলছে, বিশ্বে প্রতি সাতজন শিশুর একজন স্বাভাবিক মাত্রার চাইতে ছয় গুণ দূষিত বায়ুতে নিশ্বাস নেয়। বিশ্বের মতো বাংলাদেশেও এটি শিশুমৃত্যুর বড় এক কারণ।
কেবল বাড়িঘরের (ইনডোর) বাতাসই নয়, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের মধ্যে বাংলাদেশের স্থান চতুর্থ। ৯১টি দেশের ১ হাজার ৬০০টি শহরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ২৫টি শহরের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা। ঘরের বাইরে (আউটডোর) বায়ুদূষণের ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। বাতাসের মান পরীক্ষা করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ ছয় মহানগর ও ঢাকার পাশের দুটি শহরের বাতাস এখন ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’।
সুতরাং, ঘরে-বাইরে ভয়ানক বায়ুদূষণের শিকার শিশুসহ বাংলাদেশের সব মানুষ। ঘরের ভেতরের বায়ুদূষণ কমানো কঠিন নয়। গ্রামাঞ্চলে পরিবেশবান্ধব চুলার ব্যবহার বাড়ালে এবং ঘরবাড়িতে পর্যাপ্ত বাতাস চলাচলের বন্দোবস্ত রাখলে এ সমস্যা দূর হবে। বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে শতভাগ পরিবেশবান্ধব চুলা ব্যবহারের লক্ষ্য ঠিক করেছে। এর বাস্তবায়নে ব্যাপক জনসচেতনতা যেমন চাই, তেমনি দরকার পরিবেশবান্ধব চুলাকে সস্তা ও জনপ্রিয় করার আয়োজন।
তবে বড় সমস্যা হবে বাইরের দূষণ, তথা শহর ও শিল্পাঞ্চলের দূষণ দূর করার ব্যবস্থা করা। পরিবহনব্যবস্থা, শিল্প জ্বালানি, ইটভাটাসহ বায়ুদূষণের শিল্পগত কারণগুলো দূর করায় সরকারের উদ্যোগ মারাত্মক রকম অপ্রতুল। পরিবেশ আইনের পূর্ণ প্রয়োগে শিথিলতার ফল হবে ভয়ানক।