সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে অচলাবস্থার মধ্যেও একটা স্বস্তি বা একটু সহনীয় পরিস্থিতি আশা করছেন শান্তিপ্রিয় জনগণ। বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এই নির্বাচনে তাদের অংশগ্রহণের সব রকম লক্ষণই ফুটে উঠেছে। এখন সরকারের উচিত হবে স্বাভাবিক ও নিয়মতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় বিএনপির অংশগ্রহণের পথ যতটা সম্ভব সুগম করা।
এখন সরকারের উচিত হবে নির্বাচন কমিশনকে অযথা বিব্রত না করা। তাদের মনে রাখা উচিত, বিএনপির কার্যালয় তালাবদ্ধ থাকবে আর নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও অবাধ রয়েছে বলে দাবি করবে, সেটা একসঙ্গে যাবে না। ইসি নিবন্ধিত কোনো দলের কার্যালয় কোনো নির্দিষ্ট বৈধ এখতিয়ার ব্যতিরেকে তালাবদ্ধ থাকলে ইসি সেখানে নীরব থাকতে পারে না। বিশেষ করে এখন তো বিষয়টি রীতিমতো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হওয়ারই কথা।
আমরা আশা করব, বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রাখা নিয়ে পুলিশের লুকোচুরির যে বিবরণ ২৮ মার্চ প্রথম আলোয় বেরিয়েছে, সে বিষয়টি নির্বাচন কমিশন অবিলম্বে বিবেচনায় নেবে। দলীয় ভিত্তিতে সিটি নির্বাচন হবে না বলে ইসি এই বিষয়ে মুখ বুজে থাকতে পারে না। আইনের শাসনের ধারণার সঙ্গে এটা খুব বেশি অসংগত যে আদালতের কিংবা নির্দিষ্ট কোনো আইনানুগ সরকারি আদেশ ছাড়াই বিএনপির কার্যালয়কে কথিতমতে ৮৩ দিন ধরে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
অভিযোগ হচ্ছে, পুলিশ এটা খুলতে দিচ্ছে না আবার এর দায়দায়িত্বও স্বীকার করছে না। পুলিশ প্রশাসনের দেখভালকারীদের উচিত হবে এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে এর একটা বিহিত করা। ক্ষমতাসীন দলের মনে রাখা দরকার, দেশে গণতান্ত্রিক বিধিব্যবস্থা বহাল রাখার দাবি করা এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের কেন্দ্রীয় কার্যালয় অনির্দিষ্টকালের জন্য তালাবদ্ধ করে রাখার মধ্যে গুরুতর স্ববিরোধিতা রয়েছে। বিএনপি কার্যালয়ের ১৪ জন কর্মকর্তা-কর্মচারীর বেতন বকেয়া থাকার ঘটনায়ও মানবাধিকার লঙ্ঘন ঘটছে। এর আশু অবসান হোক।