বাংলাদেশের রাজনীতিতে একটা ঐতিহাসিক ধাঁধা আছে। আওয়ামী লীগ ছিল প্রধানত কৃষকের দল। ১৯৯১ সালের নির্বাচনেও দেখা গেছে, আওয়ামী লীগ জয়লাভ করে প্রধানত গ্রামে, কৃষিপ্রধান এলাকায়। কৃষির সঙ্গে তাদের গভীর যোগাযোগ আছে, ভূমির সঙ্গে আছে; চেহারায়, বেশভূষায় এবং আচার-আচরণে দলটির নেতা-কর্মীদের মধ্যে বেশ কিছু সামন্তবাদী লক্ষণ দেখা যায়। দলটির নেতা-কর্মীরা বেশ ধার্মিক, এই ধার্মিকতার চর্চাটা তাঁরা আন্তরিকভাবেই করে থাকেন। অন্যদিকে বিএনপি গঠিত হয় সামরিক-বেসামরিক আমলা, শিল্পপতি ও ব্যবসায়ীদের নিয়ে। ফলে তাঁদের চালচলন, আচার-আচরণে একটা আধুনিকতা ছিল লক্ষণীয়। জিয়াউর রহমানের আমলে টেলিভিশন রঙিন করা হয়, শিশুপার্ক নির্মাণ করা হয় এবং ব্যান্ডসংগীতের প্রসারের পেছনে সরকারি প্রণোদনা দেওয়া হয়। জিয়াউর রহমান নিজে জিনসের প্যান্ট-টি-শার্ট, মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস পরে খাল কাটতে নেমে যান। বিএনপির এই ‘আধুনিক’ চেহারা তরুণদের অনেককেই আকর্ষণ করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল দ্রুত জনপ্রিয়তা লাভ করে। ওই সময় ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে, আশি ও নব্বইয়ের দশকের ছাত্রদলের নেতা-কর্মীদের পিঠে এখনো ছাত্রশিবিরের কর্মীদের মারের দাগ রয়ে গেছে। অনেক ক্ষেত্রে ছাত্র সংগ্রাম পরিষদের সঙ্গে একত্র হয়ে ছাত্রদল বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রশিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ‘প্রতিরোধ’ গড়ে তুলেছে। জিয়াউর রহমানের আমলেই জামায়াত যখন মাঠে নামার চেষ্টা করে, তখন মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশব্যাপী তা প্রতিরোধ করার সংগ্রাম শুরু হয়। বলা বাহুল্য, তার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জিয়াউর রহমান নিজে। সেই সামরিক-বেসামরিক আমলা, শিল্পপতি, ব্যবসায়ীদের দ্বারা গঠিত মুক্তবাজার অর্থনীতির সমর্থক গণতন্ত্রের আদর্শের দাবিদার বুর্জোয়াদের দল বিএনপি রাজনৈতিক সুবিধার জন্য সংবিধানে ‘বিসমিল্লাহ’ এবং ‘সর্বশক্তিমান আল্লাহ্র উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সংযুক্ত করে। অন্যদিকে কৃষি-ভূমিসংলগ্ন দল, সামন্তবাদী আচার-আচরণ দ্বারা পরিচালিত দল আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতাকে তাদের আদর্শ হিসেবে বর্ণনা করে চলে। বাস্তব জীবনে হয়তো দেখা যায়, একজন আওয়ামী লীগার কারও চেয়ে কম ধর্মকর্ম চর্চা করেন না। অন্যদিকে বিএনপির নেতা-কর্মীরা চিন্তায়-চেতনায়, জীবনাচরণে কারও চেয়ে কম আধুনিক নন। আমার এক স্কুলবন্ধু এখন বিএনপির বড় নেতা, তিনি নির্মলেন্দু গুণের কবিতা আবৃত্তি করতেন, এখনো হয়তো গড়গড় করে মুখস্থ বলে দিতে পারবেন তাঁর সুন্দর ভারী গলায়। তিনি সব সময় বলতেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতাবিরোধীদের বিপক্ষে। বিএনপির ভেতরের মুক্তিযোদ্ধা অংশের সঙ্গেই তিনি চলাফেরা করতেন।খালেদা জিয়া একবার জাতীয় নির্বাচনের আগে তাঁর রেডিও-টেলিভিশন ভাষণে বলেছিলেন, ‘বিএনপি একটি আধুনিক প্রগতিশীল দল।’ এই কথাটা আমার কানে লেগে আছে, আমি ভুলতে পারি না। আমার মনে হয়, কথাটা খালেদা জিয়ার এবং বিএনপির নেতা-কর্মীদের ভুলে যাওয়া উচিত নয়। এই দেশের রাজনীতিতে দুটো ধারা আছে—একটা আওয়ামী লীগ, আরেকটা বিএনপি। এ দেশের মানুষ ১৯৯১ সাল থেকে একবার আওয়ামী লীগ, একবার বিএনপিকে ভোট দিয়ে এসেছে। সর্বশেষ নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট করেও বিএনপি জয়লাভ করতে পারেনি।এ দেশের ভোটারদের একটা অংশ সব সময় বিএনপিকে ভোট দিয়েছে, আরেকটা অংশ যা-ই ঘটুক না কেন আওয়ামী লীগকেই ভোট দেয়। জাতীয় পার্টি ও জামায়াতের কিছু ভোট আছে। কিন্তু এর বাইরে একটা বিশাল অঙ্কের ভোটার একবার বিএনপিকে, একবার আওয়ামী লীগকে ভোট দিয়ে আসছে। বস্তুত তারাই ঠিক করে ভোটের ফল। দেখা গেছে, এই ভোটারদের মন সাদা কাগজের মতো পরিষ্কার, তারা দেশ ‘ইন্ডিয়া’ হয়ে গেল হুজুগেও মাতে না, আবার দেশ ‘পাকিস্তান’ হয়ে গেল বললেও টলে না। তারা ভোট দেয় আগেরবারের সরকারের ‘পারফরম্যান্স’ দেখে। তুমি সুশাসন দিতে পারোনি, তোমাকে আমরা ভোট দেব না।বাংলাদেশের রাজনীতিতে দুটো মধ্যপন্থী দল আছে, একটা মধ্যবাম, একটা মধ্যডান। আমেরিকা কিংবা ইংল্যান্ডেও সে রকমই দুটো দল। আমাদের দেশে এই রকমের দুটো মধ্যপন্থী দলের দরকার আছে। এবং দুই দলেরই মধ্যপন্থা ধরে রাখার দরকার আছে। যদিও আওয়ামী লীগ চায় বিএনপিকে ধ্বংস করে দিতে এবং বিএনপি চায় আওয়ামী লীগের বিনাশ, কিন্তু আসলে এই দেশে বিএনপি কিংবা আওয়ামী লীগ (কিংবা দুটো মধ্যপন্থী দলের একটি) ধ্বংস হয়ে গেলে তার পরিণতি দেশের জন্য ভালো হবে না। এ মুহূর্তে দেশের জন্য খুবই উদ্বেগের বিষয় হলো, বিএনপির অতিডান প্রবণতা। বিএনপি যদি তার আধুনিক প্রগতিশীল দল থাকার প্রতিশ্রুতি থেকে সরে যায়, তাহলে তা পুরো দেশের জন্যই এক অন্ধকার ভবিষ্যৎ ডেকে আনবে। এই দেশে যে সরকার ক্ষমতায় আসে, তারা দ্রুত জনপ্রিয়তা হারায়। বেপরোয়া লুণ্ঠন, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, দলীয়করণ, দখলবাজি, পরমতঅসিষ্ণুতা, জুলুম প্রভৃতির কারণে সরকারি দলের নেতাদের জনগণকে মুখ দেখানোর অবস্থা থাকে না। অনন্যোপায় হয়েই ভোটারদের বিকল্প দলটির ওপর ভরসা করতে হয়। বিএনপি যদি জামায়াতে ইসলামী কিংবা হেফাজতে ইসলামের পেটের ভেতরে ঢুকে যায়, তবে তার মতো দুঃখজনক আর কিছুই হবে না। আর বাংলাদেশের সুশীল সমাজ, প্রগতিশীল চিন্তাবিদেরাও অনেকে বিএনপিকে ঠেলেঠুলে জামায়াত বা হেফাজতের ঘরে ভিড়িয়ে দিতে চান। এবং হতাশার ব্যাপার হলো, বিএনপির বুদ্ধিজীবীরাও বিএনপির মতো একটা জনপ্রিয় বিশাল দলের ‘আধুনিক প্রগতিশীল’ দলের সাইনবোর্ডটা ছুড়ে ফেলে দিয়ে চরম প্রতিক্রিয়াশীল ডানপন্থার সাইনবোর্ড খাড়া করার দার্শনিক চেষ্টা করছেন। এই মুহূর্তে দেশে হতাশাব্যঞ্জক যত খবর আছে, তার মধ্যে একটা বড় খবর হলো, বিএনপির চরম ডানপন্থা অবলম্বন। বিএনপির জনপ্রিয়তার মূল অবলম্বন ছিল তরুণেরা, ছাত্রেরা। বাংলাদেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্র সংসদের নির্বাচনে একটা সময় খুব ভালো করেছিল। এই তরুণেরা সারা বাংলাদেশে কোটি কোটি, যারা বাংলা মাধ্যম স্কুলগুলো থেকে পাস করে বেরোচ্ছে, যারা ভোটার তালিকায় নাম লেখাচ্ছে, আর যারা কাজের সন্ধানে দেশে-বিদেশে ছুটে যাচ্ছে এবং নানা সৃষ্টিশীল কাজের মাধ্যমে দেশটাকে এগিয়ে নিচ্ছে। জিয়াউর রহমান, খালেদা জিয়া ও এমনকি তারেক রহমানের বিএনপির যে আধুনিক, বুর্জোয়া, ‘প্রগতিশীল’ ভাবমূর্তি ছিল, বিএনপির নতুন বুদ্ধিজীবীরা তাকে ছুড়ে ফেলে দিচ্ছেন না তো? গামলার জলের সঙ্গে শিশুটি ছুড়ে ফেলা—একটা প্রবচন প্রচলিত আছে ইংরেজিতে। তাই না আবার হয়ে যায়! সেটা হবে খুবই ভয়াবহ ঘটনা, আমরা চাই, বিএনপি থাকুক বিএনপিতেই।আওয়ামী লীগের অতিবাম হয়ে যাওয়াও হবে বিপজ্জনক, বিএনপির অতিডান হয়ে যাওয়াও হবে বিপজ্জনক। মধ্যপন্থাই শ্রেষ্ঠ পন্থা। যেনতেন প্রকারে ক্ষমতায় আসার জন্য দল দুটো এমন মরিয়া যে আদর্শ কিংবা দেশের লাভ-ক্ষতি নিয়ে এরা কেউ চিন্তা করার ফুরসত পান না। আর বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে আওয়ামী লীগ যদি ডানে ঝুঁকতে থাকে, দেশের মানুষের সামনে আর কোনো আশাই থাকবে না।আরেকটা কথা। বিএনপি জোট যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার সব রকম চেষ্টা তারা করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন ভোট হলো, দেখা গেল, এসব অপচেষ্টা হিতে বিপরীতকেই ডেকে এনেছে। তেমনি করে এখন আওয়ামী লীগ জোট সরকারের একটা চেষ্টা দেখা যাচ্ছে, সর্বপ্রকারে বিএনপিকে নিশ্চিহ্ন করা। এই চেষ্টাও সাফল্য পাবে না। সরকারের উচিত বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তি দিয়ে আলাপ-আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা এবং সমঝোতার একটা উপায় বের করা। মনে রাখতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়।অন্যদিকে বিএনপি ও মিত্ররা সরকার পতনের যে এক দফা ঘোষণা করেছে, সেটাও সফল হবে বলে মনে হয় না। এর আগের তিন মেয়াদে কোনো সরকারকেই মেয়াদ পূর্তির আগে সরানো যায়নি। বিএনপি তাদের এক দফা আসলে কৌশল হিসেবে ঘোষণা করেছে, তাদের আসল লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করা। সরকারও এই একটা তালগাছ ছাড়তে চায় না। কিন্তু এই সংঘাতের ফলে বড় বেশি মূল্য দিতে হচ্ছে দেশকে, জনগণকে, সাধারণ মানুষকে, অর্থনীতিকে। এত এত মানুষ মারা যাচ্ছে, এত এত যানবাহন ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেল, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ছে, এই রকম আত্মঘাতী রাজনীতি আর এক মুহূর্তও চলতে দেওয়া উচিত নয়। কিন্তু এসব ব্যাপারে সরকারের কোনো বিকার আছে বলে মনে হয় না। সরকারের প্রধান দায়িত্ব দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, নিরাপদে বসবাস, চলাচল ও জীবিকা নির্বাহ করার পরিবেশ দেওয়া। সেটা যখন রাজনৈতিক কারণে ব্যাহত হয়, তার সমাধান পুলিশি ব্যবস্থা নয়। সেটার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। সেই রাজনৈতিক সমাধানের জন্য রাজনৈতিক উদ্যোগের কোনো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। এতে হতাশ হওয়া ছাড়া আমরা আর কী-ই বা করতে পারি!আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।