৫ জানুয়ারি একটি জনসভার কর্মসূচি ডেকেছিল বিএনপি, এর আগে থেকেই দলটির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন। পুলিশ জনসভার অনুমতি না দিলেও তিনি এই কর্মসূচি অব্যাহত রেখেছিলেন, কিন্তু অবরুদ্ধ থাকায় তিনি সেখানে যেতে পারেননি। বিএনপির চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা ও দলটিকে জনসভা করতে না দেওয়ার ব্যাপারে সরকার যেসব বক্তব্য দিয়ে আসছে, তা পুরোপুরি অগ্রহণযোগ্য ও অগণতান্ত্রিক। আবার অবরোধ কর্মসূচির নামে বিএনপি ও জামায়াতের কর্মীরা বিভিন্ন স্থানে যে নাশকতা করছে, তাও নিন্দনীয়।
বিএনপিকে জনসভা করতে না দেওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে নাশকতার আশঙ্কার কথা বলা হয়েছিল। কিন্তু সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য–প্রমাণ দেশবাসীর কাছে হাজির করা হয়নি। বরং সরকারি দলের নেতা ও মন্ত্রীদের বিভ্রান্তিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও ঘোলাটে করেছে। সরকার যে নাশকতার আশঙ্কায় বিরোধী দলের সমাবেশ বন্ধ করেছে, সেই নাশকতাও তারা ঠেকাতে পারেনি। গত কয়েক দিনের অবরোধে ইতিমধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি দেশ বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের দায় কে নেবে?
আমরা মনে করি কোনো অজুহাতেই বিরোধী দলকে সভা–সমাবেশ করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সরকারের নিষেধাজ্ঞার পর বিএনপি এই অবস্থান নিয়েছে যে যত দিন সমাবেশ করতে দেওয়া না হবে তত দিন তারা অবরোধ চালিয়ে যাবে। এ অবস্থা কোনোভাবেই কাম্য হতে পারে না। সে ক্ষেত্রে সরকারের উচিত হবে বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়ে দ্রুত অচলাবস্থার অবসান ঘটানো। সেটা না করতে পারলে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেরও বাইরে যেতে পারে এবং এর দায়দায়িত্ব চূড়ান্ত বিচারে সরকারকেই নিতে হবে।
একই সঙ্গে বিএনপিকেও অবিলম্বে জনদুর্ভোগ সৃষ্টিকারী অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিতে হবে। আন্দোলনের নামে সব ধরনের নাশকতা থেকে সরে আসতে হবে। সরকার ও বিরোধী পক্ষ—এই নিয়েই গণতান্ত্রিক রাজনীতি। এ সত্যটি সবাইকে স্বীকার করতেই হবে।