বিএনপিকে সমাবেশ করতে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় সভা-সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা এখন আর নেই। এটা বলা যায় গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ আয়োজনের বিষয়টি মাথায় রেখে পুলিশ এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে এখন বিএনপির সভা-সমাবেশ করার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়।
৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করতে চেয়েছিল বিএনপি, কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছ থেকে এ ব্যাপারে অনুমতি মেলেনি। একই দিন আওয়ামী লীগও ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিয়েছিল। এমনই এক পরিস্থিতিতে রাজধানীতে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পল্টনে দলের কার্যালয়ের সামনে সভার কর্মসূচি বাতিল না করে সেখানে যাওয়ার চেষ্টা করলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় ও পুলিশ তালা মেরে দেয়। এরপর সমাবেশ করার সুযোগ না পাওয়া পর্যন্ত তিনি অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
একদিকে খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন, অন্যদিকে সারা দেশে চলছে অবরোধ কর্মসূচি। ৬ জানুয়ারি থেকে চলা টানা অবরোধ কর্মসূচি ও ৪ জানুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত-সহিংসতায় এ পর্যন্ত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। এই পরিস্থিতির অবিলম্বে অবসান দরকার। ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন, সেদিন অথবা এর আগে–পরে দলটি যদি সমাবেশ বা শোভাযাত্রার কোনো উদ্যোগ নেয়, তবে সরকারের উচিত এ ক্ষেত্রে সব ধরনের সহায়তা দেওয়া।
অবরোধের পাশাপাশি ঢাকায় ভিন্নধর্মী কর্মসূচির চিন্তাশুধু সভা–সমাবেশ করতে বাধা দেওয়া নয়, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ৩ জানুয়ারি রাত থেকে যেভাবে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তা পুরোপুরি অগণতান্ত্রিক। দুর্ভাগ্যজনকভাবে সরকার শুরু থেকে খালেদা জিয়াকে অবরুদ্ধ করার কথা অস্বীকার করে এলেও দেশবাসীর কাছে বিষয়িট পরিষ্কার। আমরা আশা করব, সরকারি দল আওয়ামী লীগ যেহেতু জনসভা করার সুযোগ পেয়েছে, তেমনি বিএনপিও সমাবেশ করার সুযোগ পাবে এবং খালেদা জিয়া তাঁর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পাবেন। দেশে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ চলুক; অবরোধের মতো কর্মসূচি নয়।