বিএনপির কার্যালয়ে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমবার ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের সমাবেশকে কেন্দ্র করে পুলিশের জবরদস্তিমূলক আচরণে অগণতান্ত্রিক ও নিপীড়নমূলক মানসিকতার প্রকাশ ঘটেছে, যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। পুলিশ কার্যালয়টির ভেতরে ঢুকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিবসহ অন্য নেতাদের যেভাবে গ্রেপ্তার করেছে, তেমনটি নিকট অতীতে ঘটেনি। এ দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে এ ঘটনা নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, যার পুনরাবৃত্তি ভবিষ্যতে কোনো সরকারের আমলেই আর কাম্য নয়।১৮ দলের সমাবেশটি যখন চলছিল, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকটা দূরে দেখা গেছে। সমাবেশ চলছিল শান্তিপূর্ণভাবে। তারপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তৃতার একপর্যায়ে ককটেলের বিস্ফোরণ, চিৎকার, ভাঙচুর, আগুন জ্বালানো ইত্যাদির ফলে সমাবেশ ভেঙে যায়। পুলিশকে তখনো অশান্ত হতে দেখা যায়নি। কিন্তু তার পর কী এমন ঘটল যে পুলিশ বিএনপির কার্যালয়ে ঢুকে মহাসচিবের কক্ষের দরজা ভেঙে নেতাদের গ্রেপ্তার করা শুরু করল? পুলিশের পক্ষ থেকে অভিযোগ, ককটেলের বিস্ফোরণসহ সহিংস ঘটনাগুলো ঘটিয়েছেন বিএনপিসহ সমাবেশকারী দলগুলোর নেতা-কর্মীরাই। এই অভিযোগের সত্যাসত্য তদন্ত করা হোক। পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, বিএনপির কার্যালয়ের ভেতরে তারা বিস্ফোরক ইত্যাদি পেয়েছে। এই অভিযোগের সত্যাসত্যও তদন্তের বিষয়।বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযোগ আমলযোগ্য বটে, কিন্তু সে জন্য তাৎক্ষণিকভাবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই দলের প্রথম সারির নেতাদের পাইকারি হারে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া যথাযথ আইনানুগ আচরণ হয়নি। বরং সমাবেশ চলাকালে পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালনের যে পদ্ধতি অনুসরণ করছিল, আগাগোড়াই তা চালিয়ে যাওয়া সমীচীন ছিল। ককটেলের বিস্ফোরণ, ভাঙচুর, জ্বালাও-পোড়াও শুরুর পর বিএনপির হরতাল ঘোষণা—সব ঘটনার প্রতিই জনগণের দৃষ্টি রয়েছে, সংবাদমাধ্যমেও এসবের চিত্র উঠে এসেছে। তাই বিএনপি হরতালের ডাক দেওয়ার পরে তাদের কার্যালয়ে পুলিশি অভিযান চালানোর আদৌ কোনো প্রয়োজন ছিল না। এই অভিযানের মধ্য দিয়ে বিরোধী দলের ব্যাপারে সরকারের যে রাজনৈতিক অবস্থানের প্রকাশ ঘটেছে, তা দেশের ঘনায়মান রাজনৈতিক সংকটের এই সময়ে কোনোভাবেই মঙ্গলজনক নয়। মনে রাখা প্রয়োজন, গণতান্ত্রিক পন্থার বাইরে রাজনৈতিক বিরোধের মীমাংসায় পৌঁছার কোনো পথ নেই। বলপ্রয়োগ বা ক্ষমতার প্রদর্শনী এ ক্ষেত্রে কোনো কাজেই লাগবে না।এটা সরকারের শুভবুদ্ধির লক্ষণ যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সোমবার আটক দলটির শীর্ষস্থানীয় তিন নেতাকে পরদিন মুক্তি দেওয়া হয়েছে। এমন শুভবুদ্ধিই বজায় রাখা জরুরি; আমরা চাই, বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলন মোকাবিলায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার পরিচয় দেবেন।