দেশের অন্যতম প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলনে দলের বাইরের নেতাদের মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এ ধরনের আমন্ত্রণ আগেও দেখা গেছে, কিন্তু তাতে কখনো সৌজন্যের বরফটুকুও গলেনি। কিন্তু এবারে সম্মেলন সফলভাবে অনুষ্ঠানে সরকারের সদিচ্ছা এবং বিএনপির আমন্ত্রণ জানানোর ঘটনাকে আমরা বিশেষ গুরুত্বের সঙ্গেই দেখতে চাই। অতীতে নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনীতিতে অচলাবস্থাকে জিইয়ে রাখা হতো, বর্তমানে বাস্তবতা ভিন্ন। বক্তৃতা-বিবৃতি দেওয়ার ক্ষেত্রে বিএনপিকে যেমন হুঁশিয়ার থাকতে হবে তেমনি সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের হঠকারিতা প্রশ্রয় না পায়। আবার সরকারি দল ও তার অঙ্গসংগঠনগুলোকে তার থেকেও বহুগুণে বেশি সহিষ্ণুতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
দীর্ঘ তিক্ততা ও বিরোধ-বিসংবাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা আশা করব, এই সম্মেলন অনুষ্ঠান দেশে একটি রাজনৈতিক প্রক্রিয়ার স্বাভাবিক রীতিনীতি প্রচলনের বিরাট সুযোগ হিসেবে গণ্য হবে। জাতীয় রাজনীতিতে একটা ন্যূনতম সহনশীল পরিবেশ ফিরিয়ে আনতেই হবে, কারণ সেটা সবার বৈধ স্বার্থের রক্ষাকবচ। সে কারণেই দেশের প্রধান বিরোধী দলের একটি শান্তিপূর্ণ সম্মেলন ভালোয় ভালোয় হতে দেওয়ার প্রতি দলমত-নির্বিশেষে সব রাজনৈতিক দলের মধ্যে একটা বোঝাপাড়া থাকাটাই প্রত্যাশিত।
বিএনপির এই সম্মেলনে সারা দেশ থেকে প্রায় ৩০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে। সুতরাং, একে ঘিরে রাজধানীর যানবাহন চলাচলের ওপর বিরাট চাপ পড়বে। এ নিয়ে কোনো রাজনৈতিক উত্তেজনার কারণ ঘটলে তা মানুষের দুর্ভোগ ও নিরাপত্তাহীনতা দুটোকেই তীব্রতা দিতে পারে।
সরকারি প্রশাসন যেহেতু এই সম্মেলন করতে অনুমতি দিয়েছে, তাই বিএনপিকে স্থানসংকুলানের ব্যবস্থা করে দিতে হবে। আমরা আশা করব, সম্মেলনসংশ্লিষ্ট সব বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা তার সর্বোচ্চ পেশাগত সেবা ও সহযোগিতা প্রদর্শন করে একটি সুন্দর নজির স্থাপন করবে।