বিএনপির ধন্যবাদ প্রত্যাহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি অদ্ভুত এবং কিছুটা হাস্যকর সংবাদ দিয়ে লেখাটা শুরু করি। প্রথম সংবাদটি বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমানা চিহ্নিতকরণ নিয়ে। এই সীমানা নিয়ে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমারের বিরোধ দীর্ঘদিনের। এমন সমস্যা বহু দেশেই আছে। সমস্যা থাকলে তা দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়, অন্যথা তা আন্তর্জাতিক আদালতে যেতে পারে। এটিই সভ্য দুনিয়ার নিয়ম। বাংলাদেশের জন্য তার সমুদ্রসীমায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা নানা কারণে জরুরি। তা না হলে সমুদ্রের জলরাশি বা তলদেশে যে অফুরন্ত সম্পদ আছে, তার ওপরও অধিকার প্রতিষ্ঠা হবে না। আবার এই বঙ্গোপসাগরকে কেন্দ্র করেই আমাদের দুটি সমুদ্রবন্দর গড়ে উঠেছে। বর্তমান সরকার ইতিমধ্যে এই সমুদ্রকে কেন্দ্র করেই একটি গভীর সমুদ্রবন্দর প্রতিষ্ঠার ঘোষণা করেছে। দুই প্রতিবেশীর মধ্যে সীমানা নিয়ে সমস্যা থাকলে মাঝেমধ্যে তা সংঘাতের জন্ম দিতে পারে।বছর খানেক আগে মিয়ানমারের পক্ষে একটি উত্তর কোরীয় তেল অনুসন্ধানকারী কোম্পানি আমাদের সমুদ্রসীমানায় তেল অনুসন্ধান করতে এলে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাংলাদেশের নৌবাহিনী তার যুদ্ধজাহাজ নিয়ে সেখানে হাজির হলে কোরীয় কোম্পানি তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়। এর আগে ভারতের সঙ্গেও সুন্দরবনের অদূরে তালপট্টি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। সমুদ্রসীমানা চিহ্নিত থাকলে তেমনটি হতো না। বাংলাদেশ এই দুটি প্রতিবেশী দেশের সঙ্গে বিরাজমান এই সমস্যা সমাধানের জন্য হামবুর্গের আন্তর্জাতিক আদালত ইটলসের শরণাপন্ন হয়। কোনো বিরোধ নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার অর্থ হচ্ছে, রায় যা-ই হোক না কেন, তা সংশ্লিষ্ট সব পক্ষকে মেনে নিতে হবে। এখানে বিচার যা-ই হোক ‘তালগাছ আমার’ নীতি অচল। তবে কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক আদালতে যেতে হলে একটি দেশের যথেষ্ট পূর্বপ্রস্তুতি প্রয়োজন। এদিক দিয়ে বাংলাদেশ যথেষ্ট পরিপক্বতার পরিচয় দিয়েছে এবং পুরো বিষয়টা বেশ মুনশিয়ানার সঙ্গে শেষ করেছে। নিঃসন্দেহে এর জন্য বাংলাদেশ সরকার তো বটেই, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানাতে হয়। অভিনন্দন জানাতে হয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে, যিনি নিজেও একজন আইনজীবী। তিনি এই গুরুত্বপূর্ণ মামলার নথিপত্র প্রস্তুত এবং মামলা উপস্থাপন ও তা আদালতে যুক্তি-তর্কের মাধ্যমে তুলে ধরার জন্য একটি দক্ষ এবং অভিজ্ঞ টিম তৈরি করতে পেরেছিলেন। এই মামলা সম্পর্কে ইতিমধ্যে অনেক বিজ্ঞ, অনভিজ্ঞ এবং স্বঘোষিত অভিজ্ঞজনেরা অনেক লেখালেখি করেছেন এবং মধ্যরাতের টক শোতে নানা কথাবার্তা বলেছেন। তবে ৪ এপ্রিল সাংবাদিক মিজানুর রহমান খান সবচেয়ে চমৎকার একটি বিশ্লেষণধর্মী উপসম্পাদকীয় লিখেছেন প্রথম আলোতে। ইতিমধ্যে হামবুর্গের আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে বিরোধের নিষ্পত্তি করেছেন এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে রায় দিয়েছেন। এতে একদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানার মধ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে এবং সমুদ্র সম্পদ আহরণে একটি নতুন দ্বার খুলে গেছে। অন্যদিকে দুই দেশের মধ্যে বিরাজমান উত্তেজনার একটি কারণেরও অবসান হয়েছে। মিজানুর রহমান খানের বিশ্লেষণের পর আশা করা গিয়েছিল সরকারের সবকিছুর ব্যাপারেই যাদের সন্দেহের বাতিক আছে, তার অবসান হবে। জানামতে, মিজানুর রহমান খান দলকানা সাংবাদিক নন। তিনি এর আগে বর্তমান সরকারের অনেক বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। এসব সমালোচনার সঙ্গে কেউ একমত হতেও পারে, আবার নাও হতে পারে। তবে বঙ্গোপসাগরের সমুদ্রসীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে সবচেয়ে হাস্যকার কাণ্ডটি করল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এবং সংসদে বিরোধী দল; আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখছে, সেই বিএনপি। মামলার রায় হওয়ার পর যখন বিভিন্ন মহল সরকারকে অভিনন্দন জানাতে শুরু করল, তখন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, তাঁরা সরকারকে নয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিনন্দন জানাচ্ছেন।একটি অবাক করা কাণ্ড বটে! পররাষ্ট্র মন্ত্রণালয় কি সরকারের ভেতর আর একটি সরকার? সরকার না বললে বা সার্বিক সহায়তা না করলে একটি মন্ত্রণালয়ের পক্ষে কি এমন একটি বড় মাপের কাজে হাত দেওয়া এবং তাকে সফল করা সম্ভব? এ নিয়ে যখন বিভিন্ন মহল সমালোচনা শুরু করল তখন খালেদা জিয়া দীর্ঘ সময় সংসদে অনুপস্থিত থাকার পর তাঁর দলবল নিয়ে সংসদে উপস্থিত হলেন। না এলে সংবিধান অনুযায়ী তিনিসহ তাঁর দলের সবারই সংসদ সদস্যপদ বাতিল হয়ে যেত। এ যাত্রায় সংসদে তিনি সর্বসাকল্যে দুই দিন উপস্থিত ছিলেন। শেষ দিন তিনি প্রায় দুই ঘণ্টা বক্তব্য দিলেন এবং সরকারকে একহাত নিলেন। তবে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বিজয়ের জন্য সরকার, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাতে ভুললেন না। চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। যাক, বিএনপি সত্যিকার অর্থে একটি যুগোপযোগী রাজনৈতিক দল হয়ে উঠছে। তারা বিরোধী দলে থাকলেও সরকারের ভালো কাজের প্রশংসা করতে জানে।কিন্তু এসব কথার রেশ না কাটতেই ৭ এপ্রিল মির্জা ফখরুল একটা হাসির বোমা ফাটালেন। তাঁদের দলীয় ভাবধারায় প্রকাশিত একটি বাংলা দৈনিক ঢাকায় ‘মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সংক্রান্ত রায়ে প্রাপ্তি-অপ্রাপ্তি’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনার আয়োজন করেছিল। সে আলোচনায় বেশ কয়েকজন ওজনদার আলোচক অংশ নেন। ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, অধ্যাপক, সাংবাদিক, এনজিওকর্মী, বিশ্লেষক, আইনজীবী, রাজনীতিবিদ, পেশাজীবী নেতা। আলোচনার একপর্যায়ে মির্জা ফখরুল বেশ দৃঢ়তার সঙ্গে বললেন সংসদে বিরোধীদলীয় নেত্রী সমুদ্রসীমাবিষয়ক মামলার জন্য যে ধন্যবাদ দিয়েছিলেন, তা ভুল ছিল এবং তা প্রত্যাহার করে নিচ্ছেন! এমন অদ্ভুত ঘটনা রাজনীতির ইতিহাসে বিরল। বুঝলাম দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে সব বিষয়ে সাপে-নেউলে সম্পর্ক। তাই বলে একটি দল ধন্যবাদ প্রত্যাহার করে নেওয়ার মতো বালখিল্যতা দেখাবে, তা এককথায় অবিশ্বাস্য! যাঁরা প্রত্যাশা করেন রাজনৈতিক মতপার্থক্য নিয়ে দুটি দলের মধ্যে সমঝোতা হবে, তাঁদের সেই প্রত্যাশা এমতাবস্থায় খুব বেশি দূর নিয়ে যাওয়া কঠিন হবে। আসলে মির্জা ফখরুল অনেক দিন ভারযুক্ত থাকতে থাকতে সম্ভবত ক্লান্ত হয়ে পড়েছেন। তাঁকে এখন ভারমুক্ত করার সময় হয়েছে। দেশনেত্রী গুরুত্বের সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন বলে আশা করি। ২.দেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা চলছিল। সবার প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবার সচল হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে একটু পরে আসছি। বর্তমানে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, তবে ভিন্ন ভিন্ন কারণে। অনেক বিজ্ঞজন ভুল করে মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব সমস্যার মূল কারণ ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন। বাংলাদেশে যে ৩১টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে মাত্র চারটিতে ১৯৭৩ সালের আইন বলবৎ আছে। বাকিগুলো ভিন্ন ভিন্ন আইনে চলে। এগুলোর মধ্যে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় অন্যতম। এই বিশ্ববিদ্যালয় অচল এই কারণেই যে এখানে বর্তমানে কোনো উপাচার্য নেই। আগের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গেলে নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে এবং তা দেওয়ার একমাত্র এখতিয়ার চ্যান্সেলর মহোদয়ের। শিক্ষক ও ছাত্রদের একাংশ সিদ্ধান্ত নিল, যত দিন উপাচার্য নিয়োগ না হচ্ছে তত দিন তাঁরা ক্লাস করবেন না। উপাচার্য একজন প্রশাসনিক কর্মকর্তা। ইচ্ছা করলে তিনি শিক্ষক হিসেবে ক্লাস নিতে পারেন। তবে উপাচার্যের অবর্তমানে বিশ্ববিদ্যালয় অচল থাকবে, তা একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আর সরকারও বা একজন যোগ্য ব্যক্তিকে উপাচার্য নিয়োগ দিতে এত গড়িমসি করছে কেন, তা বোধগম্য নয়। খবরে প্রকাশ, উপাচার্য পদে নিয়োগ পাওয়ার জন্য অনেকে এখন সরকারপন্থী। এমন পরিস্থিতিতে সরকার তার বুদ্ধি-বিবেচনা করে একটি সঠিক সিদ্ধান্ত নেবে, তাই কাম্য। তবে সবচেয়ে হাস্যকর বক্তব্য দিয়েছেন ধর্মঘটী ছাত্রদের এক নেতা। তাঁর মতে, ছাত্রদের নিয়েই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে হবেন আর কে হবেন না, তা ছাত্রদের ব্যাপার। উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির মাথা ঘামানোর এখতিয়ার নেই।’ (প্রথম আলো, এপ্রিল ৪, ২০১২)। চ্যান্সেলরের দায়িত্ব যে ‘ছাত্রনেতারা’ পালন করতে চান, এই প্রথম শুনলাম । ৩.৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুটি ছাত্রসংগঠনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এতে দুজন ছাত্রের প্রাণহানি হয় । উপাচার্য, বিশ্ববিদ্যালয় ও সরকারি প্রশাসন এবং শিক্ষকদের বৃহৎ অংশের সহায়তায় গত ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পুনরায় চালু হয়েছে। চালু হলেও ১৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত একটি ছাত্রসংগঠন বিশ্ববিদ্যালয়কে অচল রাখার জন্য নানামুখী তৎপরতা চালিয়েছে, যার মধ্যে নতুন উদ্ভাবিত সুপার গ্লু থেরাপি অন্যতম। তারা রাতের অন্ধকারে শ্রেণীকক্ষের তালা আর বিশ্ববিদ্যালয়ে বাসের ইঞ্জিনে সুপার গ্লু ঢেলে সবকিছু অচল করে দেওয়ার চেষ্টা করেছে। বিভিন্ন গণমাধ্যম ও পুলিশ প্রশাসন বলেছে, এটি ছাত্রশিবিরের কাজ। শিবির যথারীতি তা অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী নিজ দলের এক সভায় মন্তব্য করেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির বিএনপির মদদে অশান্তি সৃষ্টি করেছে। কথাটা হয়তো সত্য কিন্তু আসল সত্যটা হচ্ছে, যখনই একটি বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে অচলাবস্থার সৃষ্টি হয়, তখন সরকারি দলের লেবাসধারী কিছু ব্যক্তি ঘোলা পানিতে মৎস্য শিকারের চেষ্টা শুরু করেন। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী আর জামায়াতপন্থী আওয়ামী লীগ শিক্ষক বলে একটা কথা ইদানীং চালু হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও তার ব্যতিক্রম নয় বলে শুনেছি। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশে কিছু বলা ধৃষ্টতার শামিল। তার পরও সাহস করে বলি, সব সময় সব মানুষকে বিশ্বাস করা বিপদের কারণ হতে পারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে চলুক, এটাই প্রার্থনা করি । এটিকে এখনো আমি আমার বিশ্ববিদ্যালয় মনে করি । আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।