প্রধান বিরোধী দল বিএনপির মূল নেতাদের প্রায় সবাইকে বিভিন্ন মামলায় আটক করায় সরকারের উদ্দেশ্য সম্পর্কে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এই ধারণা দৃঢ়তর হচ্ছে যে সরকার প্রধান বিরোধী দলকে কার্যত অচল করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। বিরোধী দলকে এভাবে দমন করার চেষ্টা কখনো সুফল দেয় না। এটা অবিশ্বাস্য যে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপির নেতা জয়নুল আবদিন ফারুকসহ অধিকাংশ নেতা জেলখানায় বন্দী। তাঁদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চলছে। গত এক বছরে আটটি মামলার অভিযোগপত্রে বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ২৮২ জন নেতাকে আসামি করা হয়েছে। সরকারের এই অদূরদর্শী পদক্ষেপ বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে আরও বিপর্যয়ের দিকে ঠেলে দেবে।ভিত্তিহীন মামলায় ও রাজনৈতিক উদ্দেশ্যে নেতাদের গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। হরতালে গাড়ি পোড়ানো, ভাঙচুর, সংঘর্ষ ও সহিংসতা গণতন্ত্রের হাল আমলের প্রায় দুই যুগ ধরেই চলছে। এই ধংসাত্মক প্রবণতা কেউ সমর্থন করে না এবং এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়াই উচিত। কিন্তু এই অজুহাতে ঢালাওভাবে বিরোধী দলের অধিকাংশ শীর্ষস্থানীয় নেতাকে জেলে আটকে রাখার বিষয়টি সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দেখছেন। ফলে প্রকৃত অপরাধীরা আড়ালে চলে যাওয়ার সুযোগ পাবে। সে ক্ষেত্রে সরকারের উচিত নাশকতামূলক ও সন্ত্রাসী তৎপরতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা। কোথায় কোন কর্মী বা সমর্থক বাসে আগুন দিল বা ককটেল ফাটাল, সেই অপরাধে একজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে জামিন না দিয়ে মামলা লাগিয়ে দেওয়া কতটুকু যৌক্তিক? এ ধরনের ঘটনার সঙ্গে যে দলের কেন্দ্রীয় নেতারা জড়িত, তার যথাযথ প্রমাণ না থাকলে তা নিবর্তনমূলক পদক্ষেপ হিসেবেই বিবেচিত হবে। মাত্র কয়েক মাস পর নির্বাচন। সব দলের অংশগ্রহণ এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করাই এই মুহূর্তে সরকারের প্রধান কর্তব্য। মন্ত্রী ও নেতারা একদিকে অনবরত আলোচনার কথা বলছেন, অন্যদিকে বিরোধী দলের ওপর সরকারের দমননীতি স্ববিরোধিতা ছাড়া কিছু নয়। এ রকম আত্মঘাতী কর্মকাণ্ড দেশের শান্তিপ্রিয় কোনো নাগরিকই সমর্থন করতে পারেন না।বিরোধী দল ছাড়া গণতন্ত্র অচল। সরকার মুখে গণতন্ত্রের কথা বলে কার্যত গণতন্ত্র অচল করার ব্যবস্থা করে চলেছে। এটা শুধু সরকারের নয়, গণতন্ত্রেরও বিপদ ডেকে আনবে। এই সর্বনাশা পথ থেকে সরকারের সরে আসা উচিত। সরকারের প্রধান দায়িত্ব হলো, বিএনপির মূল নেতাদের অবিলম্বে মুক্তি দিয়ে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে আলোচনায় বসার পরিবেশ সৃষ্টি করা। দেশ পরিচালনার দায়িত্বে থাকলে এটুকু প্রজ্ঞার পরিচয় তো দিতেই হয়।