বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দমননীতি চালিয়ে সরকার নিজেই পরিস্থিতি উত্তপ্ত করে তুলছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মঙ্গলবার গ্রেপ্তারের পরদিন তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও ও গাইবান্ধায় স্থানীয় বিএনপি হরতাল পালন করেছে। অথচ এই গ্রেপ্তারের কোনো যুক্তি নেই। দলের সূত্র অনুযায়ী, গত প্রায় আড়াই বছরে তাঁকে পাঁচবার গ্রেপ্তার করা হলো। তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা হয়েছে, ২৫টি মামলায় অভিযোগ দায়ের, যেগুলো এখন বিচারাধীন, একটি মানহানির মামলায় তিনি খালাস পেয়েছেন। এবার তাঁকে গ্রেপ্তারের সময় জোরজবরদস্তি করা হয়েছে। একজন জাতীয় রাজনৈতিক নেতাকে যথার্থ সম্মান দেখানো পুলিশের কর্তব্য। এ ধরনের আচরণ শুধু নিন্দনীয়ই নয়, গণতান্ত্রিক রীতিনীতির মারাত্মক লঙ্ঘন।
২৫ ঘণ্টা অবরুদ্ধ, তারপর গ্রেপ্তার ফখরুলদেশের প্রধান বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে বারবার গ্রেপ্তার করার কোনো যুক্তি থাকতে পারে না। মামলাগুলো মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেমন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৪ জানুয়ারি তাঁর বিরুদ্ধে তিনটি ও এর আগে ২৮ ডিসেম্বর অপর একটি মামলা করা হয়। দলের মহাসচিব পর্যায়ের নেতা গাড়িতে আগুন দেবেন—এটা বিশ্বাসযোগ্য নয়। অথচ এ ধরনের ঠুনকো মামলায় হয়রানি করা হচ্ছে।
গণতন্ত্রে বিরোধী দলের রাজনীতি সব দেশে সব সময় স্বীকৃত। কিন্তু যদি এভাবে বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তার ও হয়রানি চলতে থাকে, তাহলে তা স্বৈরতন্ত্রের নামান্তর হয়ে দাঁড়ায়। সরকার কার্যত সে পথেই যাচ্ছে। গত বছরের ৫ জানুয়ারি নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় একতরফা নির্বাচনে গঠিত সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন রয়েছে। এই সমস্যা সরকারকে রাজনৈতিকভাবেই মীমাংসা করতে হবে, দমন-পীড়নের মাধ্যমে নয়।
অবিলম্বে মির্জা ফখরুলসহ রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অবাস্তব মামলা প্রত্যাহার করে তাঁদের মুক্তি দেওয়া হোক। সংলাপের মাধ্যমে আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে সবাইকে একমত হতে হবে। বিরোধী দলকেও সহিংসতার পথ ছাড়তে হবে। একটি শান্তিপূর্ণ মীমাংসাই দেশবাসীর চাওয়া।