গত রোববার বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ থাকেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধাদানের কারণে। সবচেয়ে বেশি সংঘাতের ঘটনা ঘটেছে গাজীপুরে। সেখানে পুলিশ মিছিলকারীদের লাঠিপেটা করলে এবং কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে সিটি মেয়র আহত হওয়া ছাড়াও ১০ জন গুলিবিদ্ধ হন। মিছিলে বাধা দেওয়ার জবাবে বিএনপির কর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।
মিছিলে বাধা দেওয়ার ব্যাপারে গাজীপুরের পুলিশ কর্মকর্তারা বিএনপির দুই গ্রুপের মারামারির আশঙ্কা ছিল বলে যে অজুহাত তুলেছেন, তা কতটা বিশ্বাসযোগ্য, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। লক্ষ করা গেছে, যেসব জায়গায় পুলিশ বাধা দেয়নি, সেসব স্থানে কর্মসূচি মোটামুটি শান্তিপূর্ণই ছিল। আর যেসব স্থানে তারা বাধা দিয়েছে, সেসব স্থানে অঘটন ঘটেছে। এমনকি ভয়ে মানুষ দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
গাজীপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা, সংঘর্ষএই অঘটনের জন্য মূলত দায়ী বিরোধী দলের প্রতি সরকারের ভ্রান্ত ও বৈরী নীতিকৌশল। বিএনপি ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তা নাকচ করে দেয়, যার প্রতিবাদে দলটি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করে। কিন্তু কেন তাদের ঢাকায় সমাবেশ করার অনমুতি দেওয়া হলো না, সে বিষয়ে ডিএমপি বা সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা নেই।
ক্ষমতাসীন দল যখন গুলিস্তানের মতো ব্যস্ততম এলাকায় রাস্তা বন্ধ করে মিছিল-সমাবেশ করে, তখন পুলিশ নীরব থাকে। আর বিএনপি সভা-সমাবেশ ডাকলেই আইনশৃঙ্খলার দোহাই দিয়ে তাতে বাধা দেওয়া হয়। এটি কেবল গণতন্ত্র নয়, আইনের শাসনেরও পরিপন্থী।
প্রকৃতপক্ষে, সরকার যদি একটি গণতান্ত্রিক ও সহিষ্ণু রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে চায়, যা নিরবচ্ছিন্ন অর্থনৈতিক উন্নয়নের জন্য অপরিহার্য, তাহলে বিরোধী দলকে সংবিধানস্বীকৃত শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে দিতে হবে। অন্যথায় রাজনৈতিক পরিস্থিতি যে ফের অনিশ্চিত ও সংঘাতময় হয়ে উঠবে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।