বিএনপির সংলাপ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শনিবার নিউইয়র্কে প্রবাসী সাংবাদিকদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন, তা দেশবাসীকে আশ্বস্ত না করে আরও বেশি উদ্বেগের মধ্যে ঠেলে দেবে, সন্দেহ নেই। বিএনপির দাবি অনুযায়ী মধ্যবর্তী নির্বাচন এমনকি তাদের সঙ্গে আলোচনার সম্ভাব নাকচ করে দিয়েছেন তিনি।
এই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কিছু বক্তব্যের কড়া জবাব দিয়েছেন, আবার বিএনপির চেয়ারপারসনও তাঁর আগের কিছু মন্তব্যের কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন একই দিনে জামালপুরে ২০-দলীয় জোটের জনসভায়। দেশের রাজনীতি যেখানে ক্রিয়ার চেয়ে প্রতিক্রিয়াকে, যুক্তির চেয়ে গালাগালকে প্রাধান্য দেয়, সেখানে নেতা-নেত্রীদের এসব বক্তব্য আমলে নেওয়ার প্রয়োজন হতো না, যদি এর সঙ্গে দেশের অর্থনীতি তথা জনগণের দৈনন্দিন জীবন ওতপ্রোতভাবে জড়িত না থাকত।

মধ্যবর্তী নির্বাচন না করার ব্যাপারে প্রধানমন্ত্রী যুক্তি দিয়েছেন যে বিএনপি ৫ জানুয়ারি নির্বাচনে না এসে ভুল করেছে, তাই তাদের কাফফারা দিতে হবে। বিএনপি নির্বাচন না করে ভুল করেছে, না ক্ষমতাসীনেরা একতরফা নির্বাচন করে ভুল করেছেন, সেই বিতর্কে না গিয়েও যে কথাটি বলা প্রয়োজন তা হলো, গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনা বা সংলাপের বিকল্প নেই। আওয়ামী লীগের নেতারা বিরোধী দলে থাকতে যদি সামরিক শাসকদের সঙ্গে আলোচনা করতে পারেন, তাহলে এখন তিনবার নির্বাচনে জয়ী বিএনপির সঙ্গে আলোচনায় না বসার যুক্তি কী। মধ্যবর্তী নির্বাচন না করার পক্ষে প্রধানমন্ত্রী যে যুক্তি দেখাচ্ছেন, সেটি তিনি সংলাপেও তুলে ধরতে পারেন। কিন্তু বিএনপির সঙ্গে আলোচনায়ই বসব না—এই মানসিকতা গণতান্ত্রিক নয়, স্বৈরতান্ত্রিক। আবার বিএনপির নেত্রী নিজের দলের গুরুত্ব বাড়াতে গিয়ে অন্যদের যেভাবে তুচ্ছ–তাচ্ছিল্য করেছেন, তাও গ্রহণযোগ্য নয়।
বিএনপির নেত্রী ঈদের পর ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন। সরকারের দাবি, বিরোধী দলের হরতাল সফল হয় না। কিন্তু সেই ‘অসফল’ হরতালেও যে দেশের বিপুল অর্থনৈতিক ক্ষতি ও জনগণের দুর্ভোগ ডেকে আনে, সে কথাটি কেন ক্ষমতাসীনেরা ভুলে যান? অতএব, প্রধানমন্ত্রীকে বিষয়টি আরেকবার ভেবে দেখতে বলব।