সারা দেশের প্রায় ৩৩ হাজার পেশাজীবী চিকিৎসকের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৯ নভেম্বর। চিকিৎসকেরা সবাই শিক্ষাজীবনে মেধার প্রতিযোগিতায় সম্মুখসারিতে থাকেন, নইলে চিকিৎসাবিজ্ঞান পড়ায় সুযোগ মেলে না। পেশাগত জীবনেও তাঁরা বিশেষ মর্যাদার অধিকারী; সমাজে শ্রদ্ধাভাজন। সাধারণ প্রত্যাশা এ রকম যে, তাঁদের সংগঠন জনস্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন নীতি, বিধিবিধান ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারকে পরামর্শ দেবে; চিকিৎসক পেশার উন্নয়ন, পড়াশোনা, গবেষণার সুযোগ-সুবিধা ও চর্চা বৃদ্ধি, উত্তম চিকিৎসাসেবার সংস্কৃতির বিকাশ ইত্যাদি ক্ষেত্রে ভূমিকা রাখবে। বিশুদ্ধ পেশাদারিই হবে তাঁদের প্রধান প্রবণতা; যেখানে দলভিত্তিক রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবে না।কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের মতো চিকিৎসকদের জাতীয় সংগঠনটিও দলীয় রাজনৈতিক ধারায় বিভক্ত। বিএমএর আসন্ন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএনপিপন্থী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রার্থীদের মধ্যে। দেখা যাচ্ছে, দুটি প্যানেলে এমন প্রার্থীও আছেন, যাঁদের বিরুদ্ধে দলবাজি ও গুরুতর অনিয়ম-দুর্নীতির অভিযোগ আছে। উভয় শিবিরের চিকিৎসক সমাজে সুদক্ষ পেশাজীবী ও সজ্জন ব্যক্তির অভাব নেই, কিন্তু তাঁরা সাধারণ চিকিৎসকদের প্রতিনিধি হিসেবে তাঁদের সংগঠনের নেতৃত্বের আসনে নেই। ফলে বিএমএর নির্বাচনের মাধ্যমে সাধারণ চিকিৎসকেরা যে প্রকৃতই যোগ্য, দক্ষ, সৎ প্রার্থীদের নিজেদের প্রতিনিধি হিসেবে বেছে নেবেন, জাতীয়ভাবে তাঁদের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেবেন, তেমন সুযোগ অত্যন্ত সীমিত। তাঁদের বেছে নিতে হবে দলবাজ ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত ব্যক্তিদেরই। এ ক্ষেত্রে মন্দের ভালো পন্থা হতে পারে দলবাজ ও দুর্নীতিবাজদের মধ্যে সবচেয়ে কম দলবাজ ও সবচেয়ে কম দুর্নীতিবাজদের পক্ষে ভোট দেওয়া। অনেকে আরও একটি পন্থা অবলম্বন করতে পারেন—কোনো প্রার্থীকেই যথেষ্ট যোগ্য মনে না হলে ভোট দেওয়া থেকে বিরত থাকা।দলবাজ ও দুর্নীতিবাজ হিসেবে সবচেয়ে কুখ্যাত প্রার্থীর বিরুদ্ধে ‘না’ ভোট দিয়ে চিকিৎসকেরা তাঁদের জাতীয় সংগঠনটিতে আমূল সংস্কারের ডাক দিতে পারেন।