বিএসএফের প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলনে ভারতের পক্ষ থেকে আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধের আশ্বাস দেওয়া হয়েছে। চার দিনের এই সম্মেলনে সীমান্ত সমস্যার নানা দিক নিয়ে আলোচনার পাশাপাশি দুই পক্ষই সীমান্তের সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সমন্বিত টহলসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একমত হয়েছে। এসব সিদ্ধান্ত বাস্তবে কতটুকু কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয়।সীমান্ত সমস্যা, বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যার বিষয়টি আমাদের জন্য বড় উদ্বেগের বিষয়। ভারতীয় সরকার ও রাজনৈতিক পর্যায়ে বারবার আশ্বাস সত্ত্বেও দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আত্মরক্ষা বা নিরাপত্তার স্বার্থে গুলি করার কথা বলা হলেও কার্যত দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই নিরস্ত্র বাংলাদেশি নাগরিকেরা এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। বিএসএফের সদস্যদের জীবন হুমকির মুখে পড়ার ঘটনা বিরল। এবার বিএসএফের প্রধান সীমান্ত বৈঠক শেষে জানালেন, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্ভাব্য সবকিছুই করা হবে। বাংলাদেশ এই আশ্বাসের বাস্তবায়নই দেখতে চাইবে।নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের শুধু বিভিন্ন সময়ে গুলি করে হত্যাই নয়, বিভিন্ন কারণে বিএসএফের হাতে আটক অনেক নাগরিক নির্মম নির্যাতনেরও শিকার হয়েছে। তারা বাংলাদেশের এক নাগরিকের ওপর কীভাবে নির্যাতন চালিয়েছে, মোবাইল ফোনে ধারণ করা সে চিত্র ভারতীয় টিভিতেই দেখানো হয়েছে। বিএসএফ সদস্যরা অনেক ক্ষেত্রে যে বাড়াবাড়ি করেছেন, তা স্পষ্ট। এসব ঘটনায় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে নির্যাতনের ঘটনা কমে আসত নিঃসন্দেহে। ২১ মাস আগে বিএসএফের গুলিতে মারা পড়ে কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল কিশোরী ফেলানী। আত্মরক্ষার জন্য বিএসএফ সদস্যরা এই কিশোরীকে হত্যা করেছেন, যুক্তি খাটে না। ২১ মাসেও ঘটনার তদন্ত শেষ না হওয়া দুর্ভাগ্যজনক। সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধে ভারত যদি কার্যকর কিছু না করতে পারে, তবে তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য।এ কথা ঠিক, বাংলাদেশ-ভারত দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা সহজ কাজ নয়। দুটি দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার বিষয়টি খুবই জরুরি। এ ধরনের সীমান্ত সম্মেলনকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি। সম্মেলনে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটির কথা বলা হয়েছে। সম্ভবত অতীতের বাস্তবতা বিবেচনায় নিয়ে বিএসএফ অভ্যাসবশত এ ধরনের অভিযোগ এনেছে বলেই আমাদের ধারণা। কেননা, বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বর্তমানে এ ক্ষেত্রে যে সমঝোতা ও সহযোগিতামূলক পরিস্থিতি বিরাজ করছে, তাতে এ ধরনের অভিযোগের কোনো সুযোগ নেই। বিজিবির মহাপরিচালকও বিষয়টি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ কোনোভাবেই তার মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদীকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর।