দেশের শীর্ষস্থানীয় বিশেষায়িত হাসপাতালগুলোর আশপাশে যাঁরা কোরবানির পশুর হাট বসাবেন, তাঁরা ক্ষমতাসীন দল বা তার অঙ্গসংগঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাঁরা কী উপায়ে, কোথা থেকে ইজারা করায়ত্ত করেছেন, তা সহজেই বোধগম্য। এমনও নয় যে এই মহলটি কেবল জনপ্রশাসনের কাছ থেকে ইজারা নিতেই প্রভাব খাটিয়ে থাকেন। যত্রতত্র বাজারের জন্য জায়গা সৃষ্টি করা থেকে বাজারের প্রয়োজন ফুরানোর মধ্যবর্তী প্রতিটি পর্যায় তাঁরা একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করে থাকেন।
মূলত এই সমস্যা আওয়ামী লীগের অভ্যন্তরীণ শৃঙ্খলার সঙ্গে জড়িত। যদিও আমরা অনুমান করতে পারি যে বিষয়টিকে এভাবে দেখতে প্রশাসন বা সরকারি দল কেউ রাজি হবে না। কিন্তু অপ্রিয় হলেও এটা সত্য। আর সে কারণেই স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালসংলগ্ন এলাকায় গরুর হাট বসানো বন্ধ করতে স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেও তার কার্যকারিতা নিয়ে যথেষ্ট সংশয় আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে তাদের অপারগতা প্রকাশও করেছে।
পশুর হাটে অবরুদ্ধ হবে চার হাসপাতাল
অন্যদিকে ঢাকার পুলিশ প্রশাসন নামকাওয়াস্তে কেবল বৈধ ও নির্দিষ্ট স্থানে গরুর হাট বসানোর আহ্বানসংবলিত রুটিন সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা জনপ্রশাসনের এ ধরনের দায়সারা দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা না করে পারি না। কারণ, বছরের পর বছর একশ্রেণির সমাজবিরোধী লোক বৈধ রাজনৈতিক দলের আলখেল্লা চাপিয়ে সব আইনানুগ কর্তৃপক্ষের নাকের ডগায় মানবতাবিরোধী তৎপরতায় লিপ্ত হবে আর আমরা কেবল নীরব দর্শক থাকব, সেটা মেনে নেওয়া বেদনাদায়ক।
হাসপাতালের সামনে হাট বসানো শুধু বৈধতার মামুলি প্রশ্ন নয়, এর সঙ্গে মানুষের বাঁচা-মরার প্রশ্ন জড়িত। পশুর হাটের গন্ধে চোখের অস্ত্রোপচার হওয়া রোগীর মারাত্মক ক্ষতি হওয়াও অস্বাভাবিক নয়। হাট চলাকালে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সমস্যাটি গুরুতর শৃঙ্খলাজনিত বিষয় বলে কেবল চিঠি চালাচালির মধ্যে সীমিত না থেকে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দলীয় নেতৃত্বকেই। প্রশাসনকেও বিকল্প জায়গা খুঁজে বের করতে হবে। কোনো অবস্থায়ই হাসপাতালের আশপাশে পশুর হাট বসানো যাবে না।