বিকল্প শিশুখাদ্যের প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবজাতক শিশুর জন্য মায়ের দুধের কোনো বিকল্প নেই। মায়ের দুধে খাদ্যের সব কটি উপাদান সঠিক পরিমাণে থাকে, যা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। চিকিৎসকেরা তাই জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেন। সরকারও মাতৃদুগ্ধ পানের ওপর গুরুত্বারোপ করে ২০১৩ সালে ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহার ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) আইন’ অনুমোদন করেছে। এ আইনে বিকল্প শিশুখাদ্য হিসেবে ব্যবহৃত যেকোনো ধরনের কৌটাজাত বা প্যাকেটজাত গুঁড়া দুধ, কৃত্রিম শিশুখাদ্য ব্যবহারের জন্য বিজ্ঞাপন তৈরি, প্রদর্শনী, প্রচার বা প্রকাশ করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
তবে বেসরকারি সংস্থা ব্র্যাকের এক জরিপে দেখা গেছে, আইনটি সম্পর্কে ধারণা থাকলেও দেশের চিকিৎসকদের একটি অংশ কৌশলে বিকল্প শিশুখাদ্য ব্যবহারের পরামর্শ দিচ্ছে। তাঁরা ব্যবস্থাপত্রে বিকল্প শিশুখাদ্যের নাম না লিখলেও এসব খাদ্যের ছবি, নামসহ ছাপানো স্লিপ বা লিফলেট শিশুদের অভিভাবকদের হাতে ধরিয়ে দেন। ওই জরিপে আরও দেখা গেছে, মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন সম্পর্কে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের ধারণা কম।
চিকিৎসকদের একটি অংশ কৌশলে বিকল্প শিশুখাদ্যের পরামর্শ দিচ্ছেব্র্যাক যশোরের সদর ও শার্শা উপজেলা এবং সিলেটের বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জে এই জরিপ করেছে। দেশের মাত্র চারটি উপজেলায় জরিপ করে যদি এমন তথ্য পাওয়া যায়, তাহলে সারা দেশের পরিস্থিতি কেমন, তা সহজেই অনুমেয়। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, মায়ের দুধ পানের উপকারিতা এবং বিকল্প শিশুখাদ্যের ক্ষতিকর দিক সম্পর্কে সমাজের বেশির ভাগ মানুষের কাছে তথ্যের ঘাটতি রয়েছে।
এখন আশু করণীয় হচ্ছে, মায়ের দুধের উপকারিতা সম্পর্কে মানুষকে জানানো। মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন সম্পর্কেও প্রচার-প্রচারণা চালাতে হবে। এ ছাড়া এই আইন লঙ্ঘন করে যাঁরা বিকল্প শিশুখাদ্য ব্যবহারে প্রচার–প্রচারণা চালাচ্ছেন, তাঁদের শাস্তি দিতে হবে।