আমার এক সাবেক সহকর্মীর অভিজ্ঞতা—শুক্রবার, পয়লা মার্চ জুমার নামাজের জন্য তিনি গিয়েছিলেন ইলফোর্ডের গ্যান্টস হিল মসজিদে। মসজিদের ইমাম বাংলাদেশি কেউ নন। কিন্তু, খুতবায় তিনি মুসলমানদের ওপর জুলুম-নির্যাতনের কথা বলতে গিয়ে সিরিয়ার গৃহযুদ্ধের শিকার মুসলমানদের পাশাপাশি বাংলাদেশের মুসলমানদের কথা বলতে শুরু করলেন। প্রতিবাদ জানাতে উঠে দাঁড়ালেন আমার সেই সহকর্মীটি এবং তাঁর আপত্তি ও যুক্তির মুখে ইমাম বিষয়টিতে ক্ষান্ত দিলেন। নামাজের পর অবশ্য এ জন্য তাঁকে একদল সাঈদী-সমর্থকের সঙ্গে বিতণ্ডায় জড়াতে হয়েছে। ব্রিটেনের আরও অনেক মসজিদেই হয়তো একই ধরনের খুতবা ও মোনাজাত হয়েছে। সাঈদীর মামলার রায় ঘোষণার দিন লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে বাংলাদেশ হাইকমিশন এবং উপদূতাবাসগুলোর সামনে বিক্ষোভের আকার থেকে সে রকমই আলামত মেলে। ফেসবুকের কল্যাণে একই ধরনের অভিজ্ঞতার কথা জানা গেল অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র থেকেও। সোজা কথায় মসজিদগুলোতে এমন একটি ধারণা চালু আছে যে বাংলাদেশে এখন এমন একটি সরকার ক্ষমতায় রয়েছে, যারা মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং মুসলমানেরা সেখানে এখন জুলুমের শিকার। ব্যাপারটি আবার এমনও নয় যে যারা এ ধরনের ভুল ধারণার শিকার, তারা সবাই হয় জামায়াতে ইসলামীর সমর্থক নতুবা সাঈদী-ভক্ত।এর এক দিন পরের কথা। রোববার সকালে বিবিসির জনপ্রিয় সাপ্তাহিক অনুষ্ঠান ‘বিগ কোশ্চেন’ দেখতে বসেছি। অনুষ্ঠানটি একেক সপ্তায় একেক শহরে হয়ে থাকে। দর্শক-শ্রোতার অংশগ্রহণে সমসাময়িক নানা বিতর্কিত বিষয় আলোচিত হয় এই অনুষ্ঠানে। সেদিনের অনুষ্ঠানটি ছিল লন্ডনের কাছেই লুটনে। সে শহরটিতে বেশ বড় সংখ্যায় মুসলমান জনগোষ্ঠীর বসবাস। ওই অনুষ্ঠানে ইংল্যান্ডের বেশ জনপ্রিয় এবং সুপরিচিত ইমাম আজমল মাশরুর হঠাৎ করেই বলে বসলেন যে বাংলাদেশে এখন একটি মৌলবাদী-নাস্তিক (ফান্ডামেন্টালিস্ট-অ্যাথিস্ট) সরকার ক্ষমতায়, যারা মুসলমানদের নিপীড়নের ক্ষেত্রে রেকর্ড সৃষ্টি করছে। তিনি সেদিন সহিংসতায় বাংলাদেশে ১৮ জনের মৃত্যুর কথা উল্লেখ করে অত্যন্ত আবেগময় ভাষায় এমন একটি চিত্র তুলে ধরেন, যাতে যেকোনো শ্রোতাই দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করবেন। আজমল মাশরুর—লিবারেল ডেমোক্র্যাট দলের একজন সংগঠক এবং গত নির্বাচনে বাংলাদেশি-প্রধান এলাকা টাওয়ার হ্যামলেটসের পার্লামেন্টারি আসনে তিনি রুশনারা আলীর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন। লিবারেল ডেমোক্র্যাটরা হলো মূলধারার রাজনীতিতে বামপন্থী এবং উদারনীতিমালার অনুসারী দল। সমকামীদের সামাজিক স্বীকৃতি এবং সম-অধিকারের মতো বিষয়ে এই দলের ভূমিকা প্রথম সারিতে। এ ছাড়া, উগ্রপন্থী ইসলাম বা জঙ্গিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়ার কারণে অন্যান্য ইমাম বা ধর্মীয় নেতাদের থেকে তাঁকে মূলধারার রাজনীতি ও গণমাধ্যম আলাদা চোখে দেখে থাকে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তাঁর এই বিশ্লেষণ অনেককে বিস্মিত করেছে সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশের সরকার বা ক্ষমতাসীন জোটের রাজনীতিকেরা এগুলোর কোনো খোঁজ রাখেন কি না এবং তা মোকাবিলায় তাঁদের নীতিটা কী, তা কিন্তু পরিষ্কার নয়। বসন্তকালীন বিরতির পর ব্রিটিশ পার্লামেন্ট আবার যখন অধিবেশনে ফিরেছে, তখন বাংলাদেশ প্রসঙ্গে হাউস অব কমন্সে পেশ করা হয়েছে একটি আর্লি ডে মোশন। বাংলাদেশের অবনতিশীল মানবাধিকার পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে মানবাধিকার লঙ্ঘন বন্ধের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে দেশটির সরকারের প্রতি চাপ সৃষ্টির জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানাতে এই প্রস্তাব উত্থাপন করা হয়। কেমব্রিজ থেকে নির্বাচিত লিবারেল ডেমোক্র্যাট দলীয় এমপি জুলিয়ান হাপার্ট প্রস্তাবটির মূল উদ্যোক্তা। তাঁর এই প্রস্তাবে সহ-উদ্যোক্তা হিসেবে সমর্থন দিয়েছিলেন আরও পাঁচজন এমপি এবং গত মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিনে প্রস্তাবটির পক্ষে সমর্থন দিয়েছেন মোট ২২ জন। প্রস্তাবে রাজনৈতিক কর্মী এবং বিরোধী দলের সদস্যদের গুম, বিচার বিভাগের স্বাধীনতার অভাব এবং নারীর ওপর সহিংসতার উল্লেখ করে বলা হয়, হিউম্যান রাইটস ওয়াচের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশটিতে ২০১২ সালে মানবাধিকার পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রস্তাবে বলা হয়, দেশটির সরকার রাজনৈতিক এবং সুশীল সমাজের কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রকে সংকুচিত করেছে, ক্ষমতার অপব্যবহারকারী নিরাপত্তা বাহিনীগুলোকে জবাবদিহি থেকে আড়াল করছে এবং যুদ্ধাপরাধ ও বিদ্রোহের ত্রুটিপূর্ণ বিচারের আইন এবং প্রক্রিয়ায় সংস্কারের আহ্বান উপেক্ষা করেছে। প্রস্তাবে সব ধরনের মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করার আহ্বান জানানো হয়।হাউস অব কমন্সে এমপিরা তাঁদের বিবেচনায় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এই আর্লি ডে মোশন উত্থাপন করে থাকেন। তবে, এসব প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত বিতর্ক হয় কমই। আর তাতে ভোটাভুটির নজির আরও বিরল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের টুইন টাওয়ারে আল-কায়েদার হামলার পর থেকে পাশ্চাত্যের দেশগুলোতে নিরাপত্তাঝুঁকির বিবেচনায় এমন অনেক কিছুই হয়েছে, যাতে জঙ্গিদের জঙ্গিত্ব বেড়েছে, রাজনৈতিক ইসলামের জঙ্গিরূপ গ্রহণ সম্পন্ন হয়েছে এবং অনেক জায়গাতেই মুসলিম তরুণদের মধ্যে তৈরি হয়েছে লড়াইয়ের মানসিকতা। ইউরোপ-আমেরিকায় ইসলামোফোবিয়ার বিরুদ্ধে নাগরিক আন্দোলন নতুন প্রাণ পেয়েছে এবং রাজনীতিকেরা ভোটের সমীকরণ হিসাব করে তাঁদের রাজনৈতিক অবস্থান নির্ধারণ করছেন। কেননা, ভোটের রাজনীতিতে সংখ্যালঘুদের গুরুত্বই আলাদা। জুলিয়ান হাপার্টের কাছে আমি জানতে চাই, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির বিষয়ে এখন কেন তিনি এই প্রস্তাব উত্থাপন করলেন। তিনি জানালেন, তাঁর এলাকা কেমব্রিজে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু বাসিন্দার আমন্ত্রণে ‘সেভ বাংলাদেশ’ নামের একটি সংগঠন আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি বাংলাদেশের পরিস্থিতির যে চিত্র পেয়েছেন, তাই তাঁকে এই উদ্যোগ নিতে উদ্বুদ্ধ করেছে। সেভ বাংলাদেশের প্রধান হলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতা। ব্রিটেনে সাম্প্রতিক বছরগুলোতে ছাত্র হিসেবে এসেছেন যাঁরা, তাঁদের একটা বিরাট অংশ ইসলামী ছাত্রশিবিরের। তাঁদের সাম্প্রতিক এক পুনর্মিলনী অনুষ্ঠানের উপস্থিতি আওয়ামী লীগ বা বিএনপির শীর্ষ নেতাদের সফরকালীন সভাগুলোর সঙ্গে তুলনীয়। অন্যদিকে, বিচারের যৌক্তিকতা ব্যাখ্যা করে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবির প্রতি সমর্থন চেয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে থেকে শুরু করে বিভিন্ন দেশে নানা ধরনের কর্মসূচি পালিত হয়েছে। আর সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোতে তো চলছে সার্বক্ষণিক লড়াই। বিশ্ব জনমতের সমর্থন আদায় এবং প্রচারমাধ্যমের লড়াইয়ে জয়-পরাজয়ের প্রশ্নটি এখন অবান্তর। কেননা, সহানুভূতি বা সমর্থন আদায়ের চেষ্টা এখনো চলছে। তবে, এই প্রচারযুদ্ধে বাংলাদেশ সরকারের কোনো ভূমিকা তেমন একটা দৃশ্যমান নয়। ব্রিটেনে মসজিদগুলো যাতে সন্ত্রাসীদের প্রচারণা বা সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যবহূত হতে না পারে, সে জন্য বেশ কয়েক বছর ধরেই সেগুলোর ওপর একধরনের নজরদারির ব্যবস্থা চালু আছে। ইমামেরা যেসব খুতবা দেন, সেগুলোর লিখিত কপি এবং ক্ষেত্রবিশেষে রেকর্ড রাখার ব্যবস্থা আছে। সুতরাং চাইলেই বাংলাদেশি কূটনীতিকেরা খোঁজখবর নিয়ে দেখতে পারেন, বাংলাদেশকে ইসলামবিদ্বেষী বা নাস্তিকদের দেশ হিসেবে ব্র্যান্ডিং করার কাজটি কোনো মসজিদে হচ্ছে কি না। এ রকমটি হয়ে থাকলে সে বিষয়ে স্বাগতিক দেশের কর্তৃপক্ষকে নিজেদের উদ্বেগের কথাটা জানিয়ে রাখাও কম গুরুত্বপূর্ণ নয়। মুসলমানদের মধ্যে বাংলাদেশকে যেমন ইসলামবিদ্বেষী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে, তেমনি এর বিপরীতে আরেকটি চিত্রও প্রচার পেয়েছে, যাতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের ক্ষমতা প্রশ্নবিদ্ধ হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরের ওপর হামলা, মন্দির ও উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে রাষ্ট্রের আন্তরিকতা প্রশ্নবিদ্ধ হতেই পারে। কেননা, মাত্র কয়েক মাস আগে চট্টগ্রাম ও কক্সবাজারে বৌদ্ধমন্দিরগুলোর ওপর যে নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছিল, তার ক্ষত এখনো সারেনি। গত বছরের ওই সব হামলার পর থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং মানবাধিকার সংগঠনগুলো বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের কাছ থেকে অঙ্গীকার দাবি করে আসছে যে আগামী নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের হুমকি সৃষ্টি হবে না। দুর্ভাগ্যজনকভাবে এখন সেই বিষয়টিতে আবারও আস্থার ঘাটতি দেখা দেবে। সরকার ও বিরোধী রাজনীতিকেরা দেশের ভাবমূর্তির এই দিকটিতে মনোযোগী না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা থেকেই যাবে। কামাল আহমেদ: প্রথম আলোর লন্ডন প্রতিনিধি।