অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল মন্ত্রী-সাংসদেরা সংখ্যালঘুদের জমি ও সহায়–সম্পত্তি দখল করে নিচ্ছেন বলে যে অভিযোগ এনেছে, তা আমাদের উদ্বিগ্ন না করে পারে না। এটি নিছক উড়ো কাগজে পাওয়া অভিযোগ নয়। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে এসে এই প্রতিবেদন দিয়েছে।
সেলের তথ্য অনুযায়ী দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, মুন্সিগঞ্জ, ঝালকাঠি প্রভৃতি জেলায় সংখ্যালঘুদের জমি বেদখল হয়ে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ের সাংসদ দবিরুল ইসলাম, পিরোজপুরের সাংসদ আবদুল আউয়াল ও দিনাজপুরের সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। অতএব, অভিযোগকারীরা ‘আমার ভাবমূর্তি’ ক্ষুণ্ন করতে এই অভিযোগ এনেছেন বলে একজন সাংসদ যে সাফাই গেয়েছেন, তা মোটেই গ্রহণযোগ্য নয়।
অপর এক সাংসদ এলাকার কেউ এই অভিযোগ করেননি, ঢাকায় বসে অভিযোগ করা হয়েছে বলে যে মন্তব্য করেছেন, তাতেও প্রচ্ছন্ন হুমকি রয়েছে। তাঁরা যদি এতটাই নিষ্কলুষ হয়ে থাকেন, তাহলে সত্যের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন কেন? কেনই-বা সংখ্যালঘুদের উচ্ছেদ করে চা-বাগান করতে হবে? বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রশ্ন রেখেছেন, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাঁরা আইনের আশ্রয় নিচ্ছেন না কেন? কিন্তু বাস্তবতা হলো আইনের আশ্রয় নিলেও কদাচিৎ প্রতিকার পাওয়া যায় এবং তা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।
আমাদের স্পষ্ট বক্তব্য মন্ত্রী, সাংসদসহ যেসব প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি ও সম্পত্তি দখলের অভিযোগ এসেছে, সেগুলোর বিচার বিভাগীয় তদন্ত হোক। প্রশাসনিক তদন্তে সত্য বেরিয়ে আসবে না। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বাস্তবায়ন সেল গঠন করা হয়েছে বহু বছর আগে দখল হয়ে যাওয়া সম্পত্তি উদ্ধারের জন্য। এখন যদি তাদের নতুন জবরদখল মোকাবিলা করতে হয়, তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কী থাকতে পারে? তাও এমন এক সরকারের আমলে ঘটেছে, যারা নিজেদের সংখ্যালঘুবান্ধব বলে দাবি করে।