বিল চাওয়ার জেরে পুলিশের এক এএসআই গুলি করেছেন কেব্ল ব্যবসায়ীকে। ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, যৌন হয়রানির মতো ঘটনায় উত্তরোত্তর পুলিশ সদস্যদের কারও কারও নাম আসতে দেখা যাচ্ছে। হরহামেশা এমনটা ঘটতে থাকায় একে তাই আর বিচ্ছিন্ন ঘটনা বলা যাচ্ছে না। পুলিশ কর্তৃপক্ষের উচিত এ–জাতীয় ঘটনাগুলোকে শৃঙ্খলা ভঙ্গের অশনিসংকেত হিসেবে পাঠ করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
ফেব্রুয়ারি মাসে রাজধানীর মিরপুরে চাঁদা না পেয়ে এক চা-দোকানিকে লাথি মেরে কেরোসিনের জ্বলন্ত চুলায় ফেলে হত্যার অভিযোগ এসেছে। এর আগে, জানুয়ারি মাসে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশের গাড়িতে তুলে হত্যার ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাস এবং এক উন্নয়ন কর্মকর্তাকে পেটানোর ঘটনা ঘটে। এ ছাড়া সচিবের ছেলেকে ইয়াবা ধরিয়ে জিম্মি করা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্তা করার ঘটনাও ঘটেছে। ধারণা করা যায়, প্রকাশিত ঘটনাগুলো বরফ পাহাড়ের ভাসমান চূড়ামাত্র, তলায় আরও অনেক কিছুই আছে।
আলোচ্য ঘটনায়, পুলিশের এএসআই শামিম দায়িত্ব পালনের সময়ে কাজে ফাঁকি দিয়ে বাসায় অবস্থান করছিলেন এবং সাধারণ পোশাকে অস্ত্র হাতে ডিশের বিলের পাওনাদারকে গুলি করেছেন বলে সাক্ষ্য পাওয়া যাচ্ছে। অভিযুক্ত এএসআইকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা যাবে কি না, সেটি নির্ভর করছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ওপর।
অভিজ্ঞতায় দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ বিভাগের কোনো সদস্যের বিরুদ্ধে আনীত অভিযোগ একই বিভাগের কর্মকর্তা দ্বারা তদন্ত করলে সত্য ও অপরাধী দুটোই আড়ালে থেকে যায়। অন্যদিকে মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রী নাজেহাল হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হওয়ায় অপরাধীকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
অতএব, আমাদের দাবি থাকবে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে অনীত অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত হোক। আর, ভবিষ্যতে এ ধরনের অপরাধ তদন্তে স্বাধীন সংস্থা প্রতিষ্ঠা করা হোক।