তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য যখন ভারতের চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছিল, তখনো সবার মনে আশা ছিল যে তিনি হয়তো দৃষ্টিশক্তি ফিরে পাবেন। কিন্তু গত সোমবার চেন্নাইয়ের চিকিৎসকেরা তাঁর চোখ পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, অস্ত্রোপচারে বাঁ চোখের দৃষ্টি ফেরার সম্ভাবনা নেই। এর আগে ঢাকায় অস্ত্রোপচারের পর বাংলাদেশি চিকিৎসকেরা ডান চোখের দৃষ্টি হারানোর কথা বললেও বাঁ চোখের ব্যাপারে ক্ষীণ আশা রেখেছিলেন। কিন্তু সেই বাঁ চোখের বিষয়েও বলতে গেলে চেন্নাইয়ের চিকিৎসকেরা চূড়ান্ত কথা জানিয়ে দিয়েছেন।
এর অর্থ হলো সিদ্দিকুরকে বাকি জীবন অন্ধত্বের অভিশাপ নিয়েই বাঁচতে হবে। তিনি আর পৃথিবীর রূপ দেখতে পাবেন না। কিন্তু কেন? তিনি তো কোনো অপরাধ করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের সময়সূচিসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই তিনিও সতীর্থদের সঙ্গে শাহবাগের সমাবেশে গিয়েছিলেন। সেই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে সিদ্দিকুরের দুই চোখই মারাত্মকভাবে জখম হয়।
প্রথমে পুলিশের পক্ষ থেকে ঘটনার দায় অস্বীকার করে বলা হয়েছিল, শিক্ষার্থীদের ছোড়া ফুলের টবের আঘাতে সিদ্দিকুরের চোখে আঘাত লেগেছে। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, খুব কাছে থেকেই পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়লে সিদ্দিকুর রাস্তায় পড়ে যান এবং তাঁর দুই চোখ দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপর বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে পুলিশ কর্তৃপক্ষ দৃশ্যত আগের অবস্থান থেকে সরে আসে এবং ঘটনা তদন্তে দুটি কমিটি গঠনের ঘোষণা দেয়। তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তারা সময় বাড়িয়ে নিয়েছে।
সত্য উদ্ঘাটনে প্রয়োজন বস্তুনিষ্ঠ ও পক্ষপাতহীন তদন্ত। এখানে যেহেতু পুলিশ অভিযুক্ত, সেহেতু পুলিশ সদস্যদের দিয়ে তদন্ত করলে সত্য বেরিয়ে আসবে না বলেই আমাদের আশঙ্কা। অভিজ্ঞতা বলে পুলিশের বিরুদ্ধে পুলিশের তদন্ত গ্রহণযোগ্য হয় না। সে ক্ষেত্রে আমাদের দাবি, সিদ্দিকুরের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হোক। যে বা যারা তাঁর চোখের আলো নিভিয়ে দিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
ঘটনাটি ঘটেছে জনগণের করের অর্থে চালিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে। কোন অবস্থায় কাঁদানে গ্যাসের শেল ছুড়লে চোখে আঘাত লাগতে পারে, প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তাও অজানা নয়। রাষ্ট্র সিদ্দিকুরের চোখের আলো ফিরিয়ে না দিতে পারে, তাঁর প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিকার তো করতে পারে। সিদ্দিকুরের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া তার কর্তব্য।