মামলা নিষ্পত্তির হারের তুলনায় নতুন মামলা করার হার বৃদ্ধি পাওয়া যথারীতি অব্যাহত রয়েছে। সম্প্রতি সমাপ্ত হওয়া বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বিলম্বিত বিচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কয়েক বছর ধরে আমরা মামলাজট কমানোর বিষয়ে নানামুখী তৎপরতা ও আশ্বাস জেনে আসছি। কিন্তু বাস্তবতা আগের মতোই মলিন। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দেশের আদালতগুলোতে মামলাজট ৩৬ লাখে উন্নীত হয়েছে। বিশেষজ্ঞরা অবশ্য আমাদের জানাচ্ছেন যে, এই সংখ্যা বাস্তবে ৪ থেকে ৫ লাখ কম হতে পারে। কিন্তু তরপরও এই মামলাজট বিরাট উদ্বেগের বিষয়। এর সঙ্গে যদি শতকরা ১০ থেকে ১৫ ভাগ দণ্ডদানের হার এবং কারাগারগুলোতে বছরজুড়ে বিচারাধীন মামলার আসামিদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিবেচনায় নিই, তাহলে তাতে একটা দুর্ভাগ্যজনক চিত্রই ফুটে ওঠে।
দেশের বিদ্যমান ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার কতটা জরুরি, সেটা জার্মান জিআইজেড ও ব্রিটিশ ইউকেএইড দ্বারা পরিচালিত চলমান জাস্টিস অডিট সিস্টেমের তথ্যভান্ডার তারই সাক্ষ্য বহন করছে। আমরা অবশ্যই আইন ও বিচার মন্ত্রণালয় এবং বিচার বিভাগকে সাধুবাদ জানাই যে, তারা জাস্টিস অডিটের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে সামনে এগিয়ে নিতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে।
কিন্তু অপ্রিয় হলেও এটা সত্য যে ফৌজদারি বিচারব্যবস্থায় কোনো কার্যকর পরিবর্তন আনা এবং মামলাজট কমানোর দায়িত্বের কথা উঠলে সর্বাগ্রে বিচার বিভাগের সামর্থ্য ও দক্ষতার কথা আমাদের মাথায় আসে। কিন্তু প্রকৃতপক্ষে সেটা সঠিক নয়। ফৌজদারি বিচারব্যবস্থা থেকে সুফল চাইলে পুলিশের সংস্কার আনা হলো প্রধান শর্ত। আদালতে সিংহভাগ নতুন মামলা ঢোকে দুটি প্রবেশদ্বার দিয়ে। প্রথমে পুলিশ পরে প্রসিকিউশন। এই দুটি প্রতিষ্ঠানের দক্ষতা ও সততার ওপর আদালতের কাঁধে মামলার বোঝা চাপানোর বিষয় বহুলাংশে নির্ভর করে। কিন্তু এই দুটি প্রতিষ্ঠানকে সচল ও যথেষ্ট কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হলে স্বরাষ্ট্র ও আইন ও বিচার বিভাগকেই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।
আসামিদের দণ্ড পাওয়ার এতটা নিম্ন হার নিয়ে হুলুস্থুল পড়ে না, কারণ এটা আমাদের গা সওয়া ব্যাপার হয়ে গেছে, মাঝেমধ্যে নুসরাত হত্যাকাণ্ডের মতো ঘটনাবলিতে আমরা দ্রুত বিচার পাওয়ার দৃশ্য প্রত্যক্ষ করি। সম্ভবত সে কারণেও আমাদের একটা সন্তোষ বা অনেকের জন্য মুখরক্ষার বিষয় তৈরি হয় যে, প্রচলিত ব্যবস্থা একেবারে খারাপ চলছে না। কিন্তু রূঢ় সত্য হলো, ৬০ ভাগের বেশি মানুষ এখনো যেমন মনে করে যে, প্রতিকারের জায়গা হিসেবে আদালতই ভরসা। কিন্তু বাস্তব জীবনে তাঁরা আদালতে আসেন এক-তৃতীয়াংশের কম।
আর এটা স্বতঃসিদ্ধ যে, রাষ্ট্রের তিনটি স্তম্ভের মধ্যে ক্ষমতা ও এখতিয়ার অনুশীলনে একটা সমন্বয় ও ভারসাম্য থাকতে হবে। এখানে কোনো প্রতিযোগিতা নেই। কিন্তু ক্ষমতার পৃথক্করণ নীতির সুষ্ঠু বাস্তবায়ন ছাড়া কোনো রাষ্ট্রের শাসনকার্যে গতিশীলতা আশা করা যায় না। এমন কিছু পরিস্থিতি থাকবে, যেখানে আইনসভা নির্বাহী বিভাগের জবাবদিহি করবে। কিন্তু আমরা উদ্বেগের সঙ্গে জানছি, সংসদের ভূমিকা সরকারের মধ্যে বিলীন হওয়ার প্রবণতা বাড়ছে।
আবার আইনসভা সংবিধান অনুযায়ী ও মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন করল কি না, নির্বাহী বিভাগ তার দায়িত্ব পালন করতে গিয়ে সংবিধান ও আইনের গণ্ডি অতিক্রম করল কি না, সেটা খতিয়ে দেখাই আদালতের কাজ। স্বাধীন বিচার বিভাগ ও বিচার বিভাগ পৃথক্করণ সে কারণেই এতটা বেশি তাৎপর্য বহন করে।
আমরা আশা করব, জিআইজেডের আইনের শাসন প্রকল্পের তথ্য বিশ্লেষণের আলোকে যা যা করণীয়, সেটা পুলিশ, প্রসিকিউশন, কারাগার, গ্রাম আদালত, সালিসি, আদালতসহ সব অংশীজনকে সঙ্গে নিয়েই সম্পন্ন করা সময়ের দাবি।