প্রায় ২৭ লাখ পুরোনো মামলা বিচারাধীন থাকতে অধস্তন আদালত প্রশাসনে বদলি ও নিয়োগ-সংক্রান্ত অচলাবস্থা দেখা দেওয়া ভালো কথা নয়। মাত্র দেড় হাজার বিচারকের সমন্বয়ে গঠিত বিচার প্রশাসনে একসঙ্গে ৬৫ জন বিচারকের বদলির আদেশ কার্যকর না হওয়া এবং আরও ৯০ বিচারকের পদোন্নতি অহেতুক আটকে থাকার ঘটনা প্রমাণ করে যে বিচারব্যবস্থাপনায় গতি নেই। বিচারকের অভাবে খুলনা মহানগরসহ দেশের অনেক আদালতে বিচারকার্যে বিঘ্ন ঘটছে।
দেশে প্রায় ৯০টি যুগ্ম জেলা জজের পদ খালি পড়ে আছে এবং একইসঙ্গে সমসংখ্যক বিচারক এই পদে উন্নীত হওয়ার জন্য প্যানেলভুক্ত হয়ে আছেন। কোনো একটি নির্দিষ্ট সময়ে ১৫০ জনের বেশি বিচারকের কর্মস্থল নির্ধারণের প্রশ্ন ঝুলে থাকার ঘটনায় আমরা বিস্মিত। এটা ইঙ্গিত দিচ্ছে যে অধস্তন আদালতের প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে অনতিবিলম্বে বিদ্যমান বদলি ও কর্মস্থল নির্ধারণী নীতিমালায় পরিবর্তন আনা দরকার। বিশেষ করে একটি লিখিত বদলি নীতিমালা প্রণয়ন করা একান্ত জরুরি হয়ে পড়েছে। আইন ও বিচারমন্ত্রী এ বিষয়ে এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন।
দ্বৈত শাসনের শিকার ৬৫ বিচারকসাধারণত কোনো একটি কর্মস্থলে একজন বিচারকের মেয়াদ তিন বছর গণ্য করা হয়। এই মেয়াদ শেষ হলে কোন বিচারক বদলিযোগ্য হবেন এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে বদলির প্রস্তাব সুপ্রিম কোর্টের কাছে পাঠাবে, সেটা স্বাভাবিক
প্রত্যাশা। কিন্তু বাস্তবে তার ব্যত্যয় ঘটছে। কোনো কোনো বিচারক কোনো কোনো কর্মস্থলে অর্ধযুগেরও বেশি বহাল থাকছেন, আবার কোথাও ছয় মাস কিংবা বছর না ঘুরতেই বদলির আদেশ পাচ্ছেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে একই কর্মস্থলে দীর্ঘদিন ধরে থাকা কিছু বিচারককে প্রত্যাহার করে সুপারিশকৃত কর্মস্থলে বদলির পরামর্শ দিয়েছেন।
বিচারক বদলির প্রস্তাব সরকারের দিক থেকে প্রস্তাব উপস্থাপন ও তার সঙ্গে একমত হতে না পারার কারণ লিখিতরূপে থাকাটাই বাঞ্ছনীয়। মাসদার হোসেন মামলায় যেহেতু দ্বৈতশাসন স্বীকার করা হয়েছে, তাই এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহির স্বার্থেই এই নিয়ম অনুসরণ করা উচিত।