ঔপনিবেশিক ব্রিটিশ সেনাবাহিনী ভারতের জালিয়ানওয়ালাবাগে গণহত্যা চালিয়েছিল ১৯১৯ সালে, আজ থেকে ৯৪ বছর আগে। আর পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের নিরস্ত্র ও নিরপরাধ মানুষের ওপর গণহত্যা-নারী ধর্ষণ চালিয়েছিল ১৯৭১ সালে, ৪২ বছর আগে।ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত বুধবার অমৃতস্বরে গিয়ে বলেছেন, নিরস্ত্র বেসামরিক লোকজনের ওপর ব্রিটিশ সেনাবাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই ঘটনা ছিল ‘চরম লজ্জাজনক’।
পরিদর্শন বইতে তিনি লিখেছেন, ‘ইতিহাসের ওই লজ্জাজনক ঘটনা যুক্তরাজ্যের ভুলে যাওয়া কখনোই উচিত হবে না।
বিশ্বের যেকোনো স্থানে শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে যুক্তরাজ্যের অবস্থান আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে।’ (প্রথম আলো, ২১ ফেব্রুয়ারি, ২০১৩)জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে নিহত হয়েছিল এক হাজার মানুষ (ব্রিটিশদের দাবি ৩৭৯ জন) আর পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দোসর রাজাকার, আলবদররা বাংলাদেশে হত্যা করে ৩০ লাখ মানুষ, তাদের দ্বারা ধর্ষিত হয়েছেন প্রায় তিন লাখ নারী। কিন্তু ৯৪ বছর আগের ঘটনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লজ্জা পেলেও একাত্তরের নৃশংসতার জন্য লজ্জিত নন পাকিস্তানি শাসকেরা।
ডেভিড ক্যামেরন বলেছেন, ‘জালিয়ানওয়ালাবাগের ঘটনা কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়।’ আর পাকিস্তানের শাসকেরা আমাদের ভুলে যেতে বলছেন। সে দেশের কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা মন্ত্রী এখন পর্যন্ত একাত্তরের গণহত্যার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাননি বা দুঃখ প্রকাশ করেননি।কয়েক মাস আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খাঁর ঢাকায় এসেছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি যখন একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টি তুললেন, তখন তিনি তা কৌশলে এড়িয়ে গিয়ে বললেন, ‘অতীত ভুলে গিয়ে আমাদের উচিত বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিয়ে যাওয়া।’ এর আগে জেনারেল পারভেজ মোশাররফ ও নওয়াজ শরিফও বাংলাদেশ সফরে এসে প্রায় একই ধরনের মন্তব্য করেছিলেন।
কিন্তু হিনা রাব্বানি বা তাঁর পূর্বসূরিরা জানেন না, চাইলেই অতীত ভোলা যায় না, ইতিহাসের পাতা মুছে ফেলা যায় না। সামনে এগোতে হলে অতীতের ভুলত্রুটি সংশোধন করেই ইতিহাসের দায়মুক্তি ঘটাতে হয়।
একাত্তরে এ দেশে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় সহযোগীরা যেসব ভয়ংকর অপরাধ করেছে, ইতিহাসে তার নজির খুবই কম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর আর কোনো দেশে এত বিপুলসংখ্যক মানুষ গণহত্যা ও নির্যাতনের শিকার হয়নি।আমরা দীর্ঘ ৪২ বছর ধরে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি বলেই আজ শাহবাগের অদম্য তারুণ্য সেই কাজ সম্পন্ন করতে এগিয়ে এসেছে।
ইতিহাসের দায় মেটাতে তারা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এত দিন যাঁরা বলে আসছিলেন, অধুনা তরুণেরা রাজনীতিবিমুখ, সমাজবিমুখ, তাঁরা ভুল প্রমাণিত হয়েছেন। এই তরুণেরাই পারবেন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে, মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধার করে সাম্য ও ন্যায়ভিত্তিক এবং সব ধরনের কুসংস্কারমুক্ত একটি সমাজ গড়ে তুলতে।
২.শাহবাগের তারুণ্যের উত্তাল জাগরণ নিয়ে যখন সারা বিশ্বের গণমাধ্যমে তোলপাড়, যখন আল-জাজিরা, বিবিসির মতো আন্তর্জাতিকভাবে খ্যাতিমান গণমাধ্যমগুলো ‘লাইভ’ অনুষ্ঠান প্রচার করছে, তখন পাকিস্তানি গণমাধ্যম একেবারেই নীরব। এমনকি পাকিস্তানি ওয়েবসাইটগুলো বিচারের বিপক্ষে প্রচারণাও চালাচ্ছে বলে পত্রিকায় খবর এসেছে।
কেন এমনটি ঘটেছে? এর প্রথম ও প্রধান কারণ অজ্ঞতা। পাকিস্তানের মানুষ জানে না, একাত্তরে এখানে কী ঘটেছে, তাদের জানতে দেওয়া হয়নি একাত্তরের আগে দেশটির পূর্বাংশে সংখ্যাগরিষ্ঠ মানুষ বাস করত, যাদের ওপর শাসকগোষ্ঠী দুই যুগ ধরে চরম বৈষম্যমূলক আচরণ করেছে।ইসলামাবাদের কায়দে আজম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পারভেজ হুদভয় ১৬ ফেব্রুয়ারি ট্রিবিউন পত্রিকায় ‘শাহবাগ চত্বর সম্পর্কে পাকিস্তান কেন জানতে আগ্রহী নয়’ শিরোনামে একটি চিন্তা-জাগানিয়া নিবন্ধ লিখেছেন। তিনি তাঁর ক্লাসের ছাত্রদের প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের শাহবাগ এলাকায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে আন্দোলন চলছে, সে সম্পর্কে তাঁরা কিছু জানেন কি না। ছাত্ররা তাঁকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘শাহবাগ চত্বর! এটা আবার কোথায়? আবদুল কাদের মোল্লা।
সে আবার কে?’এরপর পারভেজ হুদভয় লিখেছেন, ‘ওরা কেউই শাহবাগ চত্বর বা কাদের মোল্লার নাম শোনেনি। অবশ্য ওরা তাহরির চত্বরের কথা জানে; জানে সম্প্রতি আফজাল গুরুর ফাঁসি কার্যকর হওয়ার খবরও। কিন্তু ওরা যখন জানতে পেল, শাহবাগ চত্বর জায়গাটি বাংলাদেশের ঢাকায়, তখন ওদের মধ্যে আরও জানার আগ্রহ দেখতে পেলাম না। কিন্তু যে মুহূর্তে আমরা গল্প করছিলাম, তখন ঢাকা মহানগর প্রতিবাদ-বিক্ষোভে টগবগ করে ফুটছিল।
৫০ হাজার থেকে এক লাখের মতো মানুষ সমবেত হয়েছে শাহবাগে।’ পারভেজ হুদভয় পাকিস্তানি শাসকদের দৃষ্টিভঙ্গির কঠোর সমালোচনা করে আরও লিখেছেন, ‘কাদের মোল্লার নিয়তি নিয়ে পাকিস্তান কোনো আগ্রহ দেখায়নি। এ দেশের সংবাদমাধ্যম এ ব্যাপারে নীরব; পাকিস্তানের পররাষ্ট্র বিভাগ এ নিয়ে কোনো বিবৃতিও প্রকাশ করেনি। এটি বেশ পরিহাসের বিষয় যে পূর্ব পাকিস্তানের বিহারিদের পাকিস্তান যেভাবে ভুলে গেছে, তেমনিভাবে ত্যাগ করেছে কাদের মোল্লাকেও।
অথচ কাদের মোল্লা ছিলেন দ্বিজাতিতত্ত্বের সমর্থক, অখণ্ড পাকিস্তানকে রক্ষা করার জন্য তিনি পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে লড়াই করেছেন। ১৯৭১ সালে বাঙালিদের গণহারে হত্যা করা, বেছে বেছে হিন্দুদের হত্যা করার কাজে পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছে স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় মিলিশিয়া গ্রুপগুলো—রাজাকার, আলবদর, আলশামস। এসব মিলিশিয়া বাহিনীর অনেক সদস্য জামায়াতে ইসলামীরও সদস্য ছিলেন।’
৩.পারভেজ হুদভয়ের লেখাটির পর একই পত্রিকায় ১৯ ফেব্রুয়ারি আরেকটি লেখা ছাপা হয়েছে।
এটি লিখেছেন লাহোরের ফোরম্যান ক্রিশ্চিয়ান কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ইয়াকুব খান বাঙ্গাস ‘শাহবাগ আমাদের তাড়িয়ে বেড়াবে’ শিরোনামে। তিনি পাকিস্তানের শাসকদের সতর্ক করে দিয়ে লিখেছেন, ‘পাকিস্তান সরকারের জন্য এটাই সুবর্ণ সময়, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের ওপর তারা যে বর্বরতা চালিয়েছিল, সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করার। সত্য ঘটনা সামনে নিয়ে আসবে, এমন ঐতিহাসিক দলিলগুলো এত দিন তারা লুকিয়ে রেখেছে।
সেগুলো সবার জন্য উন্মুক্ত করতে রাজি হতে হবে। ’এখানেই থেমে না থেকে ইয়াকুব খান বাঙ্গাস সরাসরি একাত্তরের গণহত্যার সঙ্গে জড়িত পাকিস্তানিদের বিচারের দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘সে সময়ের যেসব অপরাধী এখনো বেঁচে আছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। জনসমক্ষে ঘোষণা দিতে হবে যে ১৯৭০-৭১ সালে আমরা একটি জাতি হিসেবে, হ্যাঁ, আমরা সার্বিকভাবে যা করেছি, তার জন্য আমরা দুঃখিত।
’ইয়াকুব খান বাঙ্গাস আরও লিখেছেন, ‘শাহবাগ চত্বরের প্রতিবাদ বা ১৯৭০-৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করতে বাংলাদেশের সরকার ট্রাইব্যুনাল গঠন করেছে, এ ঘটনাগুলো সরাসরি পাকিস্তানের সঙ্গে জড়িত। আর এসব বিষয়ে ক্রমাগত উপেক্ষা করে যাওয়াটা শুধু অন্যায্য নয়, অনৈতিকও বটে।’এ প্রসঙ্গে হামুদুর রহমান কমিশন রিপোর্টের কথা উল্লেখ করা যায়, এই রিপোর্টে গণহত্যা ও নির্যাতনের মাত্রা অনেক কম করে দেখানো হলেও সেনাবাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিচারের সুপারিশ করা হয়েছিল। পাকিস্তানে কখনোই কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশিত হয়নি।পাকিস্তানের এই ইতিহাসবিদ যখন পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলেছেন, তখন আমাদের দেশের জ্ঞানপাপীরা বিচারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের দাবির সঙ্গে স্বাধীনতা-উত্তর যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তা-ও যুক্ত করতে বলেছেন।
সব অপরাধেরই বিচার হওয়া উচিত, বিচার হতে হবে। একটির বিচারের পূর্বশর্ত আরেকটি বিচার হতে পারে না। ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ১৯৫ জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধাপরাধীকে ছেড়ে দেওয়া হয়েছিল পাকিস্তান সরকার তাদের বিচার করবে এই শর্তে। পাকিস্তান সরকার বিচার করেনি। এখন অবশ্যই তাদের বিচারের দাবিটি সামনে নিয়ে আসতে হবে। তবে সেটি বিএনপি ও জামায়াতের নেতাদের কথামতো শর্তসাপেক্ষ নয়। বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার হবে বাংলাদেশের আইনে। আর পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার হতে পারে আন্তর্জাতিক আইনে; যে দাবি ইয়াকুব খান করেছেন। একাত্তরের অপরাধ বা ঘটনাবলি সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করলে পাকিস্তানের জনগণ বা ছাত্রছাত্রীদের দোষ দেওয়া যায় না, ৪২ বছর ধরেই তাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে।
কিন্তু বাংলাদেশের জ্ঞানপাপীরাও যখন যুদ্ধাপরাধের বিচার কিংবা শাহবাগের তারুণ্যের জাগরণ নিয়ে প্রশ্ন করেন, তখন তাঁদের জন্য করুণা হয়।সাংবাদিক হামিদ মির দীর্ঘদিন ধরেই একাত্তরের গণহত্যা ও নারী ধর্ষণের জন্য বাংলাদেশের কাছে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার জন্য আন্দোলন করে আসছেন। তিনি রাজনীতিকসহ সর্বমহলের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। ইতিমধ্যে কয়েকজন আইনপ্রণেতা এ-সম্পর্কিত বিল সংসদে তুলবেন বলে কথা দিয়েছেন। এখন হামিদ মিরের সেই আন্দোলনকে আরেক ধাপ এগিয়ে দিলেন পারভেজ হুদভয় ও ইয়াকুব খান বাঙ্গাস। তাঁরা ক্ষমা চাওয়ার পাশাপাশি ‘এখনো বেঁচে থাকা অপরাধীদের’ বিচারের দাবিটিও সামনে এনেছেন। তাই বলা যায়, শাহবাগের তরুণেরা কেবল বাংলাদেশের গণমানুষের আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাননি, পাকিস্তানের বিবেককেও জাগ্রত করেছেন। হয়তো সেদিন খুব দূরে নয়, পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সে দেশের মাটিতে শাহবাগ চত্বরের মতো বড় ধরনের আন্দোলন হবে। কেননা, পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের নৃশংসতা কেবল বাংলাদেশের লাখ লাখ মায়ের বুকই খালি করেনি, হাজার হাজার পাকিস্তানি নারীকে সন্তান ও স্বামীহারা করেছে। তাঁদের দীর্ঘশ্বাস অপরাধীদের এখনো তাড়িয়ে বেড়াচ্ছে। বাংলাদেশ বা পাকিস্তান—একাত্তরের যুদ্ধাপরাধীরা যেখানেই থাকুক না কেন, তাদের ক্ষমা নেই।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।[email protected]