৪ মে ২০১২। বিকেল পাঁচটা। বাংলাদেশ বার কাউন্সিলের ভাইভা বোর্ড। উপস্থিত আছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী, বিচারপতি এম মোয়াজ্জেম হোসাইন, বিচারপতি জাহাঙ্গীর হোসেন। হাইকোর্ট বিভাগের একজন আইনজীবী হতে মৌখিক পরীক্ষায় অংশ নিতে এসেছেন ব্যারিস্টার মহিউদ্দিন আহমেদ। তিনি লন্ডনপ্রবাসী। তোফায়েল আহমেদ একজন বিচারকের অসদাচরণের প্রমাণ দিতে সেদিনের ঘটনার বিবরণ দিচ্ছিলেন সংসদে। ভাইভা বোর্ডে প্রশ্নোত্তর ছিল এ রকম:—লন্ডন থেকে কবে এসেছেন? ‘মাত্র কদিন আগে স্যার।’ —আপনার সিনিয়র কে? ‘বিজ্ঞ আইনজীবী বশির আহমেদ।’ —আপনি মিথ্যুক, একজন টাউট। ‘আমি কী করেছি স্যার?’ —আপনি ১০ বছর ধরে লন্ডনে থাকেন এবং ওখানে প্র্যাকটিস করেন। আমার কাছে প্রমাণ আছে। ‘স্যার, আপনি ঠিক বলেছেন। আমি লন্ডনে থাকি। কিন্তু প্রতিবছর বাংলাদেশে একাধিকবার আসি। এবং আমার সিনিয়রের কাজে সহায়তা করি।’উক্ত মহিউদ্দিন আহমেদ যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি। প্রথম আলোর কাছে তাঁর পাঠানো অভিযোগপত্রে দেখা যায়, ‘মহামান্য সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি এবং আইনজীবীগণ অবগত আছেন যে, যুক্তরাজ্যে দীর্ঘদিন অবস্থান করে আইনের ওপর পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরে অনেক আইনজীবী বর্তমানে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (১০ বছর হাইকোর্টের অ্যাডভোকেট না হলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়া যায় না) অথবা আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। যা দীর্ঘকাল থেকে চলে আসছে। আমিও এ নিয়মের ব্যতিক্রম করিনি। গত মে মাসের মৌখিক পরীক্ষায় আমার মতো যুক্তরাজ্যে বসবাসরত একাধিক প্রার্থী অংশ নেন। একাধিক ব্যারিস্টার সহকর্মী নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেন। কিন্তু কারও সঙ্গেই অপ্রীতিকর কিছু ঘটেনি। আমরা যারা যুক্তরাজ্যে আইনের ওপর পড়াশোনা করি তাদের সুবিধার্থে বাংলাদেশে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য লন্ডনের হাইকমিশনের তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা আয়োজনের দাবি জানিয়ে আসছি। এই দাবির প্রতি বিচারপতি চৌধুরী বিভিন্ন আইনজীবী সমাবেশে সমর্থন জানিয়েছেন। প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। যা আমরা প্রবাসে বসবাসরত আইনজীবীরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’তোফায়েল আহমেদ সংসদে দুজন ব্যারিস্টার-বিচারকের কথা বলেছেন। তিনি যুক্তি দিয়েছেন, স্পিকারের রুলিংকে ভিত্তিহীন বলে রায় দানকারী কনিষ্ঠ বিচারক এ বি এম আলতাফ হোসেন সংবিধানের ৯৫ অনুচ্ছেদের শর্ত পূরণ করেননি। তিনি ধারাবাহিকভাবে ১০ বছরের অভিজ্ঞ আইনজীবী ছিলেন না। এ প্রসঙ্গে তিনি নাম উল্লেখ না করে আরেকজন বিচারক সম্পর্কে বলেন, ‘তিনি বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ভাইয়ের মেয়ের জামাতা। তিনি ব্যারিস্টার কিন্তু ১০ বছরের “ধারাবাহিকতা” তাঁর ক্ষেত্রেও ছিল না।’ সম্প্রতি এ রকমের আরও দুজন ব্যারিস্টার অতিরিক্ত বিচারক হয়েছেন, যাঁদের ওই ১০ বছরের ধারাবাহিকতা ছিল না। এই ধারাবাহিকতার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট অঙ্গনে দীর্ঘকাল ধরে আলাপ-আলোচনা শুনে আসছি। এ বিষয়ে বিএনপি আমলে ‘আওয়ামী লীগার’ বিবেচনায় বাদ পড়া ১০ বিচারকের বহুল আলোচিত রিট মামলায় রায়ের পর এ সংক্রান্ত আলাপ-আলোচনার পালে বাতাস লাগে। বিচারপতি আবদুর রশিদ (আইন কমিশনের সাবেক চেয়ারম্যান), বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি নাজমুন আরা সুলতানা (বর্তমানে আপিল বিভাগের বিচারপতি) এবং হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ ২০০৮ সালে ১০ বিচারকের মামলার রায়ে ওই ১০ বছরের অভিজ্ঞতার বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিচারপতি আবদুর রশিদ লিখেছেন, জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৪৫ বিচারকের মধ্যে এমন একজন ছিলেন, যিনি সুপ্রিম কোর্ট বারে তালিকাভুক্ত হয়েছিলেন ২০০৪ সালের ২৩ আগস্ট। তিনি যখন অতিরিক্ত বিচারক হন তখন ১০ বছরের চেয়ে মাত্র এক মাস বেশি অতিক্রান্ত হয়েছিল। তিনি বিএনপিদলীয় এক সাংসদের কন্যা। বিচারপতি এস কে সিনহা লিখেছিলেন, সংবিধান বলেছে, ‘সুপ্রিম কোর্টে অন্যূন ১০ বছর অ্যাডভোকেট না থাকিয়া থাকিলে’ কেউ বিচারক হতে পারবেন না। ড. কামাল হোসেনকে উদ্ধৃত করে তিনি বলেন যে ‘বিগত রাজনৈতিক সরকার এই ধারাগুলোর সুবিধা নিয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা সত্ত্বেও জোট সরকার অযোগ্য ব্যক্তিদের বিচারক নিয়োগ দিয়েছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও এ ধরনের নিয়োগের নিন্দা করে প্রস্তাব গ্রহণ করেছিল।’এ বিষয়ে যুক্তি দেওয়া হয় যে, একজন অ্যাডভোকেট নিজেকে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরে দেশান্তরী হতে পারেন। কোনো সংগঠনের আইন উপদেষ্টার চাকরি কিংবা অন্য কোনো ব্যবসায় জড়াতে পারেন। কিংবা কোনো ব্যক্তিগত কারণেও দীর্ঘকাল আদালতে প্র্যাকটিস করা থেকে বিরত থাকতে পারেন। ওই রায়ে বিচারপতি সিনহা বলেন, এ রকম ব্যক্তিরা শুধু সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট হিসেবে ১০ বছর অতিক্রম করেছেন বলেই বিচারক হিসেবে নিয়োগ পেতে পারেন না। একইভাবে একজন বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারকাজ থেকে দীর্ঘকাল বিচ্ছিন্ন থেকে প্রেষণে দায়িত্ব পালন করলেন, তিনিও সংবিধান অনুযায়ী ‘কোনো বিচার বিভাগীয় পদে ১০ বছর পার’ করেছেন বলেই বিচারক হতে যোগ্য হবেন না। বিচারপতি এস কে সিনহা এ পর্যায়ে মন্তব্য করেন, ‘আইন কিংবা জুডিশিয়াল সার্ভিসে একটি নির্দিষ্ট সময় অভিজ্ঞতা সঞ্চয় করা মানে বাস্তব অভিজ্ঞতা। এটা কোনো তত্ত্বগত কিংবা অনুমাননির্ভর বিষয় নয়। বিচারক নিয়োগের জন্য যাঁরা প্যানেল করবেন, সেই প্রধান বিচারপতি ও জ্যেষ্ঠ বিচারকেরা তা নির্দিষ্ট করবেন।’ এরপর তিনি লিখেছেন, ‘১০ বছরের মেয়াদে একজন আইনজীবীর শুধু তালিকাভুক্ত থাকাটাই বিচারক হওয়ার যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট নয়। এটা মনে রাখতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের চারিত্রিক দৃঢ়তা, সামর্থ্য, চরিত্র, মেধা, দক্ষতা একজন ব্যক্তির উপযুক্ততা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ। বিচারক হতে আগ্রহীর চমৎকার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। আদালতে অব্যাহত প্র্যাকটিস থাকতে হবে। স্বনামধন্য কোনো জ্যেষ্ঠ আইনজীবীর চেম্বারে তাঁকে জুনিয়র হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোপরি স্বাধীনভাবে মামলা পরিচালনায় তাঁর অভিজ্ঞতা থাকতে হবে। তিনি আপিল বিভাগের একজন অ্যাডভোকেট হবেন এবং অন্তত কিছু মামলা পরিচালনা করবেন।’এখন আমরা দেখি, বর্তমান সরকারের আমলে এর ব্যত্যয় ঘটছে। বিচারক নিয়োগে দলীয়করণের অভিযোগ সংসদে উঠেছে। এবং এর সঙ্গে কিন্তু সংসদ না আদালত কে বড়—সেই তর্কের কোনো সম্পর্ক নেই। এটি একটি নতুন প্রসঙ্গ। এখন দেখার বিষয় স্পিকারের রুলিং ও আদালতের পর্যবেক্ষণ বিতর্কের শোরগোলে এটাও হারিয়ে যায় কি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোফায়েল আহমেদ ১০ বছরের অভিজ্ঞতাবিষয়ক যে তর্ক তুলেছেন তার মূল দায় সুপ্রিম কোর্টের ওই রায় অনুযায়ী প্রধান বিচারপতির ওপর বর্তায়। এ বিষয়ে ভারতীয় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ও আমাদের প্রচলিত ধ্যান-ধারণার মধ্যে বিরাট পার্থক্য লক্ষ করি। ১৮৭৯ ও ১৯২৬ সালের অ্যাক্টের আদলে করা ভারতের ১৯৬১ সালের বার কাউন্সিল অ্যাক্ট এবং ভারতের সংবিধানের ১০ বছরসংক্রান্ত বিধানাবলির সঙ্গে আমাদের সংবিধান ও বাংলাদেশের বার কাউন্সিল অ্যাক্টের মিল রয়েছে। এ থেকে দেখা যায়, আইনজীবী পেশায় যুক্ত থাকার যোগ্যতা টিকিয়ে রাখা হচ্ছে প্রধান। বাস্তবে প্র্যাকটিস করা না-করার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমাদের আদালতের কোনো রায়ে এ বিষয়টি কিন্তু স্পষ্ট হয়নি, ব্যাখ্যা করা হয়নি। সে কারণে আমরা আইনপ্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করি। তাঁরা যেন বিষয়টি এক দিনের ঝোড়ো বিতর্কের অংশ বলে না ভাবেন। তাঁরা যেন বিষয়টি ভুলে না যান। ১৯৬৬ থেকে চার দশকের বেশি সময়ের ভারতীয় অভিজ্ঞতা থেকে পাঠ নিতে হবে। আমাদের হাইকোর্টের রায় কিংবা তোফায়েল আহমেদ যে যুক্তি দিয়েছেন, সেটা নিয়ে ভারতের অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। ১৯৬৬ সালে মাদ্রাজ হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন আলাগিরিস্বামী। তাঁর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হলো। কিন্তু হাইকোর্ট সেই রিট নাকচ করলেন। আবেদনকারী যুক্তি দেখিয়েছিলেন, ‘সংবিধানে যে ১০ বছরের কথা বলা আছে, সেটা প্রকৃত প্র্যাকটিস। শুধু নাম লিখিয়ে রাখার মেয়াদে নয়।’ বাংলাদেশেও আমরা তাই বলতে ও বুঝতে অভ্যস্ত। কিন্তু ওই মামলায় মাদ্রাজ হাইকোর্টের রায় দানকারী বিচারপতি শ্রীনিবাসন এই যুক্তি নাকচ করেন। ঘটনাক্রমে ওই একই আইনজীবী একই যুক্তিতে আরেকটি রিট করেছিলেন। বিচারপতি কৈলশ্যাম তাঁর যুক্তি নাকচ করেছিলেন। বিচারপতি কৈলশ্যামের সঙ্গে বিচারপতি শ্রীনিবাসন একমত হন যে এটা প্রকৃত প্র্যাকটিস বোঝায়নি। হাইকোর্টে প্র্যাকটিসের অধিকার থাকলেই হলো। লক্ষণীয় যে, এই একই যুক্তি ভারতের সুপ্রিম কোর্ট অব্যাহতভাবে সমর্থন দিয়ে চলেছেন। ভারতের বর্তমান প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়া ২০০৯ সালের ৬ জুলাই ঠিক এই প্রশ্ন বিস্তারিত আলোচনা করেন। এলাহাবাদ হাইকোর্টে ড. সতীশ চন্দ্রকে অতিরিক্ত বিচারক নিয়োগ করা হলে অ্যাডভোকেট মহেশচন্দ্র গুপ্ত তার বৈধতা চ্যালেঞ্জ করেন। বিচারপতি কাপাডিয়া ও বিচারপতি আফতাব আলমের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্ট বেঞ্চ অভিমত দিয়েছেন যে বিচারক নিয়োগে কারও সুইট্যাবিলিটি বা উপযুক্ততা এবং অ্যালিজিবিলিটি বা যোগ্যতার প্রশ্ন দুটি আলাদা বিষয়। উপযুক্ততা বা মেধার দিকটি সংবিধানের ২১৭ অনুচ্ছেদের এক দফার অধীনে বিবেচ্য। ভারতের ২১৭ অনুচ্ছেদে প্রধান বিচারপতির পরামর্শে বিচারক নিয়োগের বিধান আছে। বাংলাদেশে এটা আছে ৯৫ অনুচ্ছেদে। ১৯৭৫ সালের পরে এবারে ১৫তম সংশোধনীতে প্রথমবারের মতো প্রধান বিচারপতির পরামর্শের বিধান এখানে ঢুকল। যদিও এর ফলে ‘এল ডি ক্লার্ক’ তুল্য ব্যক্তিদের বিচারক হওয়া আটকায়নি, আটকাবেও না। ভারতের প্রধান বিচারপতির ওই মন্তব্য আমাদের ক্ষেত্রে প্রতীয়মান হতে পারে যে এটা আমাদের সদ্য সংশোধিত ৯৫ অনুচ্ছেদের এক দফার সঙ্গে তুলনীয়। এর অর্থ হলো, প্রধান বিচারপতি একজন আইনজীবীর উপযুক্ততার মধ্যে তাঁর ১০ বছরের লব্ধ জ্ঞানের সুফল খুঁজবেন। তিনি এটা তোফায়েল আহমেদ বর্ণিত ১০ বছরের ‘ধারাবাহিকতা’ যাচাই করে খুঁজবেন না। কারণ, সাংবিধানিক অবস্থান হলো এই ১০ বছর শর্তের মানে হলো এই সময়ের মধ্যে হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কারও কাজ করার অধিকার। বিচারপতি কাপাডিয়া যাকে আইনজীবীর ‘রাইট টু প্র্যাকটিস’ ও ‘এনটাইটেলমেন্ট টু প্র্যাকটিস’ হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কথায় ওই ১০ বছর হলো হাইকোর্টের বিচারক হতে একটি নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি। এর সঙ্গে তিনি বাস্তবে কত দিন প্রকৃতপক্ষে আদালতে প্র্যাকটিস করেছেন, তার কোনো সম্পর্ক নেই। এই অভিমত ২০১১ সালের ৮ এপ্রিল ভারতের সুপ্রিম কোর্টের আরেকটি দ্বৈত বেঞ্চ সমর্থন করেছেন। সুতরাং ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ের আলোকে ২০০৮ সালে আমাদের হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের অভিমতের মধ্যে একটা খটকা আছে।সংসদকে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে একটি উপযুক্ত আইন করে এই খটকা দূর করতে হবে। প্রধান বিচারপতি তাঁর প্রশাসনিক ক্ষমতার অনুশীলনে ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন যে, তিনি ওই ১০ বিচারকের মামলায় আপিল বিভাগ বর্ণিত ‘স্বচ্ছতার’ নীতি অনুসরণ করতে ব্যর্থ হয়েছেন। অথচ সংসদের এই নিয়ে কোনো উদ্বেগ নেই। সড়ক ভবন নিয়ে যে বাদানুবাদ চলছে, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিচারক বাছাইয়ে নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ভূমিকা পরীক্ষা করা। সুপ্রিম কোর্ট ১১১ অনুচ্ছেদের আওতায় বিচারক বাছাইয়ে গাইডলাইন করেছেন। এখন সেটা তারাই ভাঙছেন বলে প্রতীয়মান হচ্ছে। এখন সংসদ যদি এ বিষয়ে নীরব থাকে, তোফায়েল আহমেদের মন্তব্য যদি আকস্মিক কিংবা দুর্ঘটনাবশত হয়, তাহলে এর চেয়ে বড় আফসোস আর কী হতে পারে। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]