সরকারের উচিত হবে আপিল বিভাগের সুপারিশ অনুযায়ী অনতিবিলম্বে অধস্তন আদালতের বিচারকদের বয়সসীমা বর্তমানের ৫৯ থেকে ৬২ বছরে উন্নীত করা। দুই সপ্তাহের মধ্যে এই সুপারিশ বাস্তবায়ন না করার অর্থ হবে ৪৮ জন অভিজ্ঞ বিচারকের পদ শূন্য হওয়া। কারণ, তাঁদের চাকরির মেয়াদ শেষ হতে চলেছে।
মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনায় গঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন ২০১২ সালের অক্টোবরে আপিল বিভাগ ৬২ বছরে উন্নীত করতে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এর দুই বছর পরে অ্যাটর্নি জেনারেল ১৬ নভেম্বরে আপিল বিভাগে সরকারের অপারগতার বিষয়ে যে যুক্তি দিয়েছেন, তা অগ্রহণযোগ্য। তিনি বলেছেন, ‘বয়স বাড়ালে অন্য সরকারি কর্মকর্তাদের মধ্যে কী প্রভাব পড়ে, সেটা অনেক সময় সরকারকে দেখতে হয়।’ সারা বিশ্বে এটা স্বীকৃত যে বিচারকদের বয়স, বেতন-ভাতা ও মর্যাদা প্রদানের বিষয়টি বৈশিষ্ট্যমণ্ডিত। এটা জনপ্রশাসনের সঙ্গে তুলনীয় নয়। এটা পরিহাসমূলক যে প্রশাসন ক্যাডারের সঙ্গে তুলনা করতে গিয়েই খালেদা জিয়ার নেতৃত্বাধীন প্রথম সরকার বিচারকদের বেতন স্কেল একধাপ হ্রাস করেছিল। সেই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মাসদার হোসেন রিট করেছিলেন। নির্বাহী বিভাগ এখনো পর্যন্ত পৃথক্করণ নীতি অনুসরণ না করে প্রতিটি ক্ষেত্রে তুলনা করার মনোভাব বজায় রেখে চলেছে। ২০০৯ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন ৫৭ থেকে ৬২ করার সুপারিশ করেছিল। এরপর সরকার সাধারণভাবে সরকারি চাকরির বয়সসীমা ৫৯ বছরে উন্নীত করে।
১৬ নভেম্বর শুনানিকালে জ্যেষ্ঠ আইনজীবী আমীর-উল ইসলাম যথার্থ যুক্তি দিয়েছেন যে একসঙ্গে ৪৮ জন অভিজ্ঞ জজ অবসরে গেলে বাকি প্রায় ১৭৯ জেলা জজের উল্লেখযোগ্য অংশই হবেন নবাগত।
তাই বিচারের মান পড়ে যাওয়ার আশঙ্কা আছে। এ বিষয়ে আপিল বিভাগ যে উদ্বেগ প্রকাশ করেছেন, তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। দুই সপ্তাহের মধ্যে বয়স বাড়াতে বলেও আপিল বিভাগ অবশ্য এর পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর ধার্য করেছে। আশা করব, সরকার এ বিষয়ে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না।