বিচারকদের ‘দুর্নীতি’ এবং প্রধান বিচারপতির হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান বিচারপতি এম মোজাম্মেল হোসেন গত ৩০ ডিসেম্বর শুক্রবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে জেলা জজদের সমাবেশে বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান দৃঢ় এবং স্পষ্ট। বিচার বিভাগে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। এ প্রসঙ্গে তিনি ‘জিরো টলারেন্স’ শব্দটিও উল্লেখ করেন। তাঁর কথায়, বিচার বিভাগে দুর্নীতির অভিযোগ তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কারণ, বিচার বিভাগে দুর্নীতির কোনো জায়গা নেই। মাননীয় প্রধান বিচারপতির এই মন্তব্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়নের দাবি রাখে। বিচারকদের পদোন্নতির জন্য বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর মুখ্য ভূমিকা রাখে। জেলা ও দায়রা জজদের এসিআর লেখেন হাইকোর্টের বিচারকেরা। ৮ সেপ্টেম্বর ২০১১ ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে’ ৪২ জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়। প্রধান বিচারপতি এবং হাইকোর্টের তিন বিচারক (বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী) নিয়ে গঠিত জিএ বা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন কমিটি প্রাথমিকভাবে একটি তালিকা তৈরি করে। সেই তালিকা চূড়ান্তভাবে অনুমোদিত হয় ফুল কোর্টে। ফুল কোর্ট হাইকোর্ট বিভাগের সব বিচারক (বর্তমানে প্রায় ১০০) নিয়ে গঠিত। যত দূর জানি, জিএ কমিটি যে তালিকা প্রস্তুত করে, মোটামুটি সেই তালিকাই ফুল কোর্টে অনুমোদিত হয়। আইন ও বিচার মন্ত্রণালয়ে আইনসচিবের (একজন জেলা জজ) নেতৃত্বে একটি বিভাগীয় পদোন্নতি কমিটি রয়েছে। সেই কমিটি সর্বাগ্রে তালিকা করে সুপ্রিম কোর্টের কাছে পাঠায়। এই নিবন্ধে আমরা দেখব আইন মন্ত্রণালয়ের তালিকার বিষয়ে সুপ্রিম কোর্ট কী উপায়ে পরামর্শ দিয়ে থাকেন। প্রাপ্ত নথিপত্রে দেখা যায়, ২৮ মার্চ ২০১১ এক গোপনীয় চিঠিতে আইন ও বিচার মন্ত্রণালয় উল্লেখ করেছিল, ২০১১ সালে জেলা জজের ৫১টি পদ শূন্য হবে। এ জন্য পদোন্নতির প্যানেল তৈরি করতে ৬১ জন অতিরিক্ত জেলা জজের ডোসিয়ার (এসিআরের সংক্ষিপ্তসার) সুপ্রিম কোর্ট থেকে আনা হয়েছে। এদের সর্বশেষ ১০ বছরের ডোসিয়ার ‘পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা’ করা হয়। কিন্তু আমাদের কাছে যেটা খটকা, সেটা হলো অনেক অতিরিক্ত জেলা জজের ডোসিয়ারে দুর্নীতি ও অদক্ষতাসংক্রান্ত তথ্য ও মন্তব্য রয়েছে। কিন্তু তাঁদের মধ্য থেকে কেউ পদোন্নতি পেয়েছেন, কেউ পদোন্নতি পাননি।আইন মন্ত্রণালয়ের কমিটি ৬১ জন অতিরিক্ত জেলা জজের মধ্যে ১৩ জনের নাম দুর্নীতি ও অন্যান্য অভিযোগে পদোন্নতির প্যানেলে দেয়নি। আরও পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ অপেক্ষাকৃত কম নেতিবাচক হওয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্তের ভার সুপ্রিম কোর্টের কাছে তারা ন্যস্ত করে। পরে দেখা যায়, সুপ্রিম কোর্ট ওই ১৩ জনের মধ্য থেকে চারজনকে পদোন্নতি দিয়েছেন। এর মধ্যে এমন একজন আছেন যার সম্পর্কে সরকার বলেছে, তাঁর ২০০৬ ও ২০০৭ সালের ডোসিয়ারে দুর্নীতিসংক্রান্ত ‘বিরূপ মন্তব্য’ থাকায় তাঁকে পদোন্নতির প্যানেলে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত হয়েছে।তবে বিস্ময়ে হা হয়ে গেছি যখন দেখি, সরকারি কমিটি বলেছে ‘৪৩ জন অতিরিক্ত জেলা জজের ডোসিয়ারে ‘কোনোরূপ বিরূপ মন্তব্য না থাকায়’ এবং অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির ‘সকল যোগ্যতা’ থাকায় তাঁদের অতিরিক্ত জেলা জজ থেকে জেলা জজ পদে পদোন্নতির প্যানেলভুক্তির সুপারিশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ওই ৪৩ জনের মধ্যে কতিপয় বিচারকের গত পাঁচ বছরের ডোসিয়ারে দুর্নীতিসংক্রান্ত নির্দিষ্ট তথ্য আছে।দেখার বিষয় হলো, এ রকম অসত্য দাবি করেও আইন মন্ত্রণালয় পার পেয়েছে। অভিযুক্ত বিচারককে সুপ্রিম কোর্টও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়েছেন।এক বিচারকের পদোন্নতির গল্প বেশ রসালো। এই বিজ্ঞ বিচারকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বর্ণনায়, ‘অদক্ষতা অসদাচরণ ও দুর্নীতির দায়ে’ বিভাগীয় মোকদ্দমা রুজু করতে সরকার ৪ জুলাই ২০১১ প্রস্তাব পাঠায়। সেই প্রস্তাবে প্রধান বিচারপতির সম্মতির কথা ১২৫১২-এ নম্বর স্মারকে ১১ জুলাই ২০১১ আইন মন্ত্রণালয়ে যায়। কিন্তু এরপর কী ঘটল, তা আর ডোসিয়ারে নেই। তবে ২০০৮ ও ২০০৯ সালে তাঁর সম্পর্কে লেখা আছে, ‘বিচার প্রশাসনে তাঁর মৌলিক জ্ঞান ও দক্ষতা কম। আইনগত বিষয়ে দুর্বল। তিনি অধিকতর পদোন্নতির অযোগ্য। আইনজীবী ও বিচারপ্রার্থীদের সঙ্গে তাঁর সম্পর্ক অবান্ধবসুলভ।’আবার এ কথাও সত্য, এতটা নির্দিষ্ট নয়, কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠা অপর বিচারককে জেলা জজ করতে আইন মন্ত্রণালয় সুপারিশ করলেও সুপ্রিম কোর্ট তা অগ্রাহ্য করেছেন।এখন আমাদের প্রশ্ন হলো, ‘বিরূপ মন্তব্যের’ মানে কী। এর সংজ্ঞা কী। এর রূপ কী। একে কি ধরাছোঁয়া যায়? এই কথাকে প্রধান বিচারপতির ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কী করে খাপ খাওয়ানো যাবে? বিরূপ মন্তব্যের সংজ্ঞা আইনে নেই। পদোন্নতির তথাকথিত ‘সকল যোগ্যতা’র একটি তালিকা খুঁজেছি। কিন্তু পাইনি।পদোন্নতিপ্রাপ্ত এক জেলা জজের ডোসিয়ারে লেখা, তিনি ‘বিচার বিভাগের অফিসার হিসেবে মোটেই ভালো নয়। বিচার বিক্রয় করে অবৈধভাবে টাকা গ্রহণে তিনি খুবই দক্ষ। বটিয়াঘাটা ও দাকোপ উপজেলায় ঘুষখোর বিচারক হিসেবে পরিচিত ছিলেন। বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষায় তার মতো অফিসার বাঞ্ছনীয় নয়।’ এটা অবশ্য ১৯৮৮ সালের কথা। আরও এক জেলা জজ ১৯৮৯ সালে একজন ‘ঘুষখোর বিচারক’ হিসেবে পরিচিত ছিলেন। পরে তাঁরা কে কীভাবে নিজেকে উতরিয়েছেন বলে নথিভুক্ত হয়, তা জানি না। বিরূপ মন্তব্যগুলো যাঁরা লেখেন তা কি সব সময় নিয়ম মেনে লেখা হয়? তাঁদের জবাবদিহির তেমন কোনো ব্যবস্থা আছে বলে জানতে পারি না। ১৯৮৫ সালে আরেক বিচারকের সম্পর্কে মূল্যায়ন, ‘তিনি আর্থিক দুর্নীতিতে জড়িত। তিনি একজন ধূর্ত। তাঁর স্ত্রী একজন মুনসেফ। তিনি ও তাঁর স্ত্রী একজন হিন্দু বাড়িতে নিমন্ত্রিত হন, সেখানে তিনি ঘুষ নেন বলে আমার কাছে বলা হয়েছে। তাঁরা বিচার বিভাগকে জলাঞ্জলি দিয়ে একটি যৌথ ব্যবসা পরিচালনা করছেন।’ আইনের ভুল প্রয়োগের দায়ে হাইকোর্ট বিভাগ ওই বিচারকের সেশন পাওয়ার প্রত্যাহার করতে কৈফিয়ত তলব করেছিলেন। ৮ জুলাই ২০০৫ তিনি হাইকোর্টকে লিখেছেন, ‘বিভ্রান্তিজনক অজ্ঞতার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ দুই বছর পর জিএ কমিটির একজন সাবেক সদস্য (বর্তমানে হাইকোর্টের অন্যতম জ্যেষ্ঠ বিচারক) তাঁর সম্পর্কে লিখেছেন, ‘তাঁর পেশাগত জ্ঞান নিম্নমানের। বিচারসংক্রান্ত কাজের মান সুষ্ঠু নয়। তাঁর প্রকাশ করার ক্ষমতা কাজ চলার মতো নয়। তাঁর বুদ্ধিমত্তা প্রত্যাশিত মানের নিম্নে।’ তাঁরও পদোন্নতি আটকেনি।এসিআরে কোনো বিরূপ মন্তব্য থাকলে কী করতে হবে, সেই বিষয়ে দীর্ঘকাল ধরে যে রেওয়াজ অনুসরণ করা হচ্ছিল, তা সম্প্রতি পরিত্যাগ করা হচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে। বিধিমতে কারও এসিআরে কোনো বিরূপ মন্তব্য থাকলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এক মাসের মধ্যে তাঁকে তা জানাবেন এবং জানানোর ১৫ দিনের মধ্যে অভিযুক্ত বিচারক তা কর্তনের জন্য হাইকোর্টের বিচারকের কাছে আবেদন করতে পারবেন। পরবর্তী ১৫ দিনের মধ্যে তিনি রেজিস্ট্রারের মাধ্যমেই তাঁর সিদ্ধান্ত দেবেন। এ সময়ে বিরূপ মন্তব্য সংবলিত গোপনীয় অনুবেদন গৃহীত হবে না। অনুবেদনকারী বিচারপতির কাছে যেতে ও আসতে দুবারই প্রধান বিচারপতির হাত হয়ে ফাইল চলে।কিন্তু ইদানীং এই নিয়মের ব্যত্যয় ঘটছে। একাধিক প্রধান বিচারপতি বিধি সংশোধন না করে পুরোনো নিয়ম উল্টে দিয়েছেন। সংশ্লিষ্ট অনুবেদনকারী বিচারপতির কাছে ফাইলই যেতে দিচ্ছেন না। যেমন একজন বিচারকের এসিআরে হাইকোর্ট বিচারক লিখেছেন, তাঁর পেশাগত জ্ঞান ‘নিম্নমানের’ ও বিচারসংক্রান্ত কাজের মান ‘সুষ্ঠু নয়’। এটা কর্তনের জন্য করা অভিযুক্তের আবেদন আটকে যায়। প্রধান বিচারপতি দুটো শব্দে লিখেছেন, ‘প্রয়োজনীয় নয়।’ ব্যস, ফাইল আর চলেনি। আমরা প্রত্যক্ষ করেছি যে এসিআর কীভাবে লেখা হচ্ছে তার তদারকি ব্যবস্থা বেহাল। বিধিতে বলা আছে, অধীনস্থদের সম্পর্কে অনুবেদনকালে এসিআর লেখক চারটি বিষয়ে যত্নবান হবেন। তিনি যথাসম্ভব বস্তুনিষ্ঠ হবেন, যথাসম্ভব সতর্কতা অবলম্বন করবেন, সুস্পষ্ট সরাসরি মন্তব্য করবেন, দ্ব্যর্থবোধক বা এড়িয়ে যাওয়া মন্তব্য করবেন না এবং অতিরঞ্জন ও অবমূল্যায়ন পরিহার করবেন।কিন্তু বাস্তবে ‘শোনা গেছে ধরনের’ বহু অভিযোগ লেখা হচ্ছে। সুতরাং আমরা কিছুই মেলাতে পারি না। আমরা ধরে নিতে পারলে বড়ই স্বস্তি পেতাম যে মাননীয় প্রধান বিচারপতি যেভাবে দুর্নীতি সহ্য না করার নীতি অনুসরণ করার কথা বলেছেন, তা বাস্তবে কার্যকর হয়ে চলেছে। কারণ, যেসব বিচারকের এসিআরে ওই সব লেখা, তাঁরাই হয়তো সেদিন তাঁর ওই সুভাষণের বিনম্র শ্রোতা ছিলেন।দুই চোখে স্বপ্ন মেখে অধস্তন আদালতে বহু মেধাবী তরুণ ঢুকেছেন। তারা হতোদ্যম হতে পারেন। তাদের কাছে এটা প্রতীয়মান হওয়া সমীচীন নয় যে দুর্নীতি বা অদক্ষতার অভিযোগে সরকারের কাছে আজ যাঁরা অভিযুক্ত হন, সুপ্রিম কোর্টের কাছে কাল তাঁরাই রেহাই পান। আবার সুপ্রিম কোর্টের কাছে যাঁরা আজ অভিযুক্ত হন, সরকারের কাছে তাঁরা কাল রেহাই পান।দুর্নীতি ও অদক্ষতার অভিযোগে যাঁদের পদোন্নতি অগ্রাহ্য করা হয়, তাঁরাই কীভাবে যেন অল্প সময়ের ব্যবধানে আবার পদোন্নতিপ্রাপ্ত হন। এসব তথ্য ও বাস্তবতা প্রত্যক্ষ করে আমরা গভীর উদ্বেগ ও রক্তক্ষরণ অনুভব করি। হিসাব মেলাই, বিচার বিভাগ পৃথক্করণ ও মাসদার হোসেন আমাদের কী দিয়েছে। ডোশিয়ার সাক্ষ্য দিচ্ছে, বিপুলসংখ্যক বিচারক ‘অপ্রতুল’ মামলা নিষ্পত্তির দায়ে অভিযুক্ত। আবার রাগ-অনুরাগের বশবর্তী হয়ে এসিআরে বিরূপ মন্তব্য লেখার অভিযোগও ক্রমবর্ধমান। এমনকি কয়েকটি ক্ষেত্রে এ বিষয়ে কর্মরত বিচারকেরা হাইকোর্টে রিট দায়ের করেছেন।সব মিলিয়ে আমরা ধাঁধায় আছি। মাননীয় প্রধান বিচারপতি যে ‘দুর্নীতি’ সহ্য করবেন না বলে উচ্চারণ করেছেন, সে দুর্নীতির অস্তিত্ব বিচার বিভাগে কোথায়। তাকে কে কীভাবে ধরবেন কিংবা ছুঁয়ে দেখবেন। এসিআরে দুর্নীতি ও অদক্ষতার নানাবিধ অভিযোগ সত্ত্বেও বিচারকদের পদোন্নতিপ্রক্রিয়া আগের মতোই চলমান রয়েছে। মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]