বিচারপতিদের সামনে যখন ‘ঘুষ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপরিউক্ত শিরোনামে ১৩ ডিসেম্বর সোমবার প্রথম আলোর ১২ নম্বর পৃষ্ঠায় একটি লেখা ছাপা হয়েছে। লেখাটি শুরু হয়েছে কিংবা বলা যায় লেখাটির উপলক্ষ আরটিভির ‘রোড টু ডেমোক্রেসি’ নামে একটি অনুষ্ঠানের আলোচনা বিতর্ককে কেন্দ্র করে, যেখানে ওই কলাম লেখকসহ তিনজন আলোচকের একজন আমি ছিলাম। হ্যাঁ, ওই কলাম লেখকের সঙ্গে আমি একমত যে বাংলাদেশের সংবিধানের আদি ৯৯ অনুচ্ছেদটি সঠিক ও যথার্থ ছিল এবং এই মতের প্রবক্তা হিসেবে তিনি আমাকে উল্লেখ না করার কারণটি হচ্ছে, সম্ভবত তিনি ২০০৮ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত (এবং এখনো পুস্তক-বাজারে বিক্রীত) আমার লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান: সহজ পাঠ বইটি তাঁর নজরে আসেনি।সংবিধানের ৯৯ অনুচ্ছেদ বিষয়ে ওই বইতে লিখিত মন্তব্য থেকে প্রাসঙ্গিক অংশটির উদ্ধৃতি এই: ‘পরবর্তীকালে ৯৯ অনুচ্ছেদের ১ দফায় লিখিত “অথবা বিচার বিভাগীয় বা আধা-বিচার বিভাগীয় পদ” এবং “ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদ” শব্দগুলো ১৯৭৮ সালের সামরিক আইন দ্বিতীয় প্রজ্ঞাপন দ্বারা যোগ করে সংবিধানের মূল পাঠ ৯৯ অনুচ্ছেদকে (১) দফা করা হয় এবং তার সঙ্গে (২) দফাটি যোগ করা হয়। সংবিধানের ৯৯ অনুচ্ছেদের মূল পাঠে ছিল “একজন স্থায়ী বিচারপতি অবসর গ্রহণের পরে কিংবা অপসারিত হইলে তিনি আদালতে কিংবা কর্তৃপক্ষের নিকট ওকালতি কিংবা কার্য করিবেন না এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হইবেন না।” ওই পরিবর্তনের কী উদ্দেশ্য ছিল, যার লোভাতুর টোপটি এখনো আছে সেটা অতি সহজেই অনুমান করা যায়। তৎকালে পাকিস্তানি সামরিক শাসকের বেড়াজাল থেকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও পুনরায় সামরিক শাসনের কবলে পড়তে হওয়ায় বিচারপতিগণ কর্তৃক এই অনভিপ্রেত সর্বনাশা ব্যবস্থাকে সমর্থন করানো ওই পরিবর্তনের জরুরি উদ্দেশ্য ছিল। একজন বিচারপতির কাছে কাঙ্ক্ষিত আচরণ হচ্ছে, তিনি কঠোরভাবে অপক্ষপাতী হবেন এবং আপন পদমর্যাদায় গর্বিত বোধ করবেন। একজন বিচারপতির এই কাঙ্ক্ষিত গুণ অক্ষুণ্ন রাখার উদ্দেশ্যে অন্যান্য দেশের মতো ভারতের সংবিধানে ৯৯ অনুচ্ছেদের মূল পাঠের অনুরূপ অনুচ্ছেদ আছে। তার পদমর্যাদার স্বার্থে একজন বিচারপতির অন্য কোন পদ গ্রহণ না করার দায় থাকার প্রয়োজন আছে এবং অন্যভাবে বলা যায়, একজন বিচারপতির আজীবন সম্মান রক্ষার উদ্দেশ্যে এই সাংবিধানিক বাধ্যবাধকতা রাখা হয়।’ (দেখুন, আমার লেখা ওই বইটির পৃষ্ঠা ১০১)প্রিয় পাঠক-পাঠিকাদের সুবিধার্থে সংবিধানের ৯৯ অনুচ্ছেদের বর্তমান পাঠের উদ্ধৃতি দিচ্ছি: ‘বিচারকদের অক্ষমতা: ৯৯। (১) (২) দফায় ব্যবস্থিত বিধান ব্যতিরেকে কোন ব্যক্তি অতিরিক্ত বিচারকরূপে দায়িত্ব পালন ব্যতীত বিচারক পদে দায়িত্ব পালন করিয়া থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের কিংবা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিতে পারিবেন না অথবা বিচার বিভাগীয় বা আধা-বিচার বিভাগীয় পদ অথবা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টার পদ ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে কোন লাভজনক পদে বহাল হইবেন না। (২) কোন ব্যক্তি হাইকোর্ট বিভাগের পদে বহাল থাকিলে উক্ত পদ হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি আপিল বিভাগে ওকালতি বা কার্য করিতে পারিবেন।’এখন সংবিধানে সংযোজিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্পর্কীয় ৫৮(গ) অনুচ্ছেদের ৩ দফার প্রয়োজনীয় উদ্ধৃতি দিচ্ছি: ‘রাষ্ট্রপতি বাংলাদেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিগণের মধ্যে যিনি সর্বশেষ অবসরপ্রাপ্ত হইয়াছেন এবং যিনি এই অনুচ্ছেদের অধীন উপদেষ্টা নিযুক্ত হইবার যোগ্য, তাঁহাকে প্রধান উপদেষ্টা করিবেন...।’ ওই উপদেষ্টা নিযুক্ত হওয়ার যোগ্যতাগুলোর মধ্যে অন্যতমটি হচ্ছে, তিনি কোনো রাজনৈতিক দল অথবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা অঙ্গীভূত কোনো সংগঠনের সদস্য নন, অর্থাৎ অন্যভাবে বলা যায়, তিনি রাজনৈতিক দলনিরপেক্ষ হবেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নিঃসন্দেহে অকৃত্রিম রাজনৈতিক দলনিরপেক্ষ ব্যক্তি। তাঁকে বাদ দিলে তেমন আরেকজন নিরপেক্ষ ব্যক্তি মনোনয়নে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল দুটি কি একমত হবে? নিশ্চয়ই, কদ্যপি না। তখন আবার কি আগের মতো রাজনৈতিক অস্থিরতা এমনকি তার চেয়েও বড় রাজনৈতিক অরাজকতা উথলে উঠবে না? গতবারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সেই সময়ের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজনৈতিক দলনিরপেক্ষ ছিলেন না, যেহেতু তিনি একদা বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন।বর্তমান প্রধান বিচারপতি ভবিষ্যতের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান উপদেষ্টা হবেন, সেটা আদৌ সুনিশ্চিত নয়। এ ছাড়া অবসরপ্রাপ্ত হওয়ার আগে তিনি রাজনৈতিক দলনিরপেক্ষ কি না, সেটা আলোচনা করা কোনোক্রমেই শোভন কিংবা সংগত নয়। আমার এই বক্তব্যের পক্ষে ভারতের সুপ্রিম কোর্টের রায় থেকে অনূদিত উদ্ধৃতি দিচ্ছি: ‘বিচারকাজে অতিমাত্রায় সংবেদনশীল হওয়ার কোনো অবকাশ নেই। বিচারকাজই এমন সহজাত আচরণ গড়ে দেয়, যার ফলস্বরূপ বিচারকেরা সহানুভূতিশীল ও নির্ভরশীল হন। তাঁর নিজের পদটিই একজন বিচারককে এমন প্রশিক্ষণ দেয়, যার আশিসে তিনি সংবেদনশীল হওয়ার বদলে সহানুভূতিশীল হন। বিচারকেরা সব সময় অশুদ্ধ আচরণের বিরুদ্ধে উৎকৃষ্ট যুক্তিসমূহ অন্বেষণ করে থাকেন। তাঁরা জানেন যে প্রতি মুদ্রারই দুটি পিঠ আছে। যেহেতু বিচারকেরা অন্যদের কিংবা ঘটনাবলিকে নৈর্ব্যক্তিক অথচ সহমর্মী দৃষ্টিতে দেখেন, সেহেতু কোনো ব্যক্তিকে অসন্তুষ্ট করা কিংবা কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হওয়া তাঁদের পক্ষে অসম্ভব। অন্যদের চেয়ে একজন বিচারক মামলারত ব্যক্তিদের অহমিকা, হতাশা, অনুভূতি ও মানসিক চাপ বেশি হূদয়ঙ্গম করতে সক্ষম। তবু এর একটা সীমারেখা থাকা খুবই জরুরি। একজন বিচারকের প্রতি অপবাদ রটনা কখনো ওই মানসিকতার বহিঃপ্রকাশ হতে পারে না, যার ফলে বিচারব্যবস্থা কলঙ্ক, হুমকি কিংবা নষ্টের সম্মুখীন হবে। এর অর্থ এই নয় যে বিচারকদের রক্ষা করা আবশ্যক। কারণ বিচারকেরা নিজেদের রক্ষা করতে যথেষ্ট সমর্থ। এর সঠিক অর্থ, জনগণের স্বার্থ ও অধিকার রক্ষার উদ্দেশ্যেই বিচারব্যবস্থাকে অপবাদ-রটনা থেকে সুরক্ষা করতে হবে।’ (দেখুন, ১৯৮৩ অল ইন্ডিয়া রিপোর্টস, সুপ্রিম কোর্ট খণ্ড, পৃষ্ঠা ১১৫১)।বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী: অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, সুপ্রিম কোর্ট।