বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বাংলাদেশে এমন অঘটন খুব কমই ঘটছে, যেখানে ক্ষমতাসীন দলের বা এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নন। বিশেষ করে যেখানে সন্ত্রাস-হামলা, সেখানে ছাত্রলীগের নাম আসে। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও তাদের সন্ত্রাস ও হামলার শিকার হচ্ছে। দিনে যাঁরা জয় বাংলা স্লোগান দেন, রাতে তাঁরাই সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালান।

১০ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চণ্ডী বৈদ্যের বাড়ির একটি আসনঘর (রোগীদের চিকিৎসা দেওয়া হয়) দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সাতকানিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেছেন, চণ্ডী বৈদ্যের বাড়িতে যাঁরা আগুন দিয়েছেন, তাঁরা দিনে জয় বাংলা বলেন আর রাতে সংখ্যালঘুদের ঘরে আগুন দেন। সাতকানিয়ার কেঁওচিয়ার চণ্ডী বৈদ্যের বাড়ির আসনঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রলীগ নেতারা জড়িত।

ওই প্রতিবাদসভায় অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতারাও উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন। তাঁদের কেউ রানা দাশগুপ্তের বক্তব্যের প্রতিবাদ করেননি। দলের কারও বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, হামলার অভিযোগ এলে আওয়ামী লীগ নেতারা সমস্বরে বলে ওঠেন, ওরা সুযোগসন্ধানী, অনুপ্রবেশকারী। কয়েক বছর ধরে ‘কাউয়া’ ও অনুপ্রবেশকারীর কথা বলা হলেও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর জানা নেই। মনে হচ্ছে খাঁটি আওয়ামী লীগারদের পেছনে ফেলে এদের পাল্লাই ভারী।

কেবল সাতকানিয়া নয়, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও দখলবাজির ঘটনা ঘটছে। এসব ঘটনায় বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। গত দুর্গোৎসবের সময় কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও রংপুরে যে অঘটন ঘটেছে, তাতেও ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের যুক্ত থাকার বিষয়টিও দিবালোকের মতো সত্য।

সরকারের নীতিনির্ধারকেরা দাবি করেন, সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাস্তবে তাদের কথা ও কাজে বিরাট ফারাক রয়ে গেছে। সংখ্যালঘুদের ওপর হামলার ক্ষেত্রে সর্বত্রই বিচারহীনতার সংস্কৃতি বিরাজ করছে। ২০১১ সালে কক্সবাজারের রামুতে এক বৌদ্ধ তরুণের এবং ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু তরুণের ভুয়া আইডি ব্যবহার ফেসবুকে অসত্য প্রচার করে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগ যাঁরা করেছিলেন, তাঁদেরও বিচার হয়নি। বরং নাসিরনগরের হামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছিল। পরে বিভিন্ন মহলের প্রতিবাদের মুখে সেই মনোনয়ন প্রত্যাহার করা হয়।

সংখ্যালঘুদের ওপর হামলার কথা উঠলেই ক্ষমতাসীনেরা বিএনপি আমলের উদাহরণ টানেন। বিএনপি আমলে সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে এ আমলের হামলা কোনোভাবে জায়েজ হয়ে যায় না। রাষ্ট্র যদি আইনের শাসনে বিশ্বাস করে, তাহলে ধর্ম ও জাতিগোষ্ঠী-নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিচারে সোপর্দ করতে হবে। প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোনো বৈষম্য করা যাবে না।

কেবল মৌলবাদী অপশক্তির জুজুর ভয় দেখিয়ে সংখ্যালঘুদের মুখ বন্ধ করা যাবে না। তাদের মুখ তখনই বন্ধ হবে, যখন রাষ্ট্র ও সমাজের সর্বস্তরে সমতা প্রতিষ্ঠিত হবে এবং ধর্ম ও জাতিগোষ্ঠীর কারণে কেউ বৈষম্যের শিকার হবেন না।