বিচারাধীন মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতে বিচারাধীন ২৮ লাখ মামলার দ্রুত নিষ্পত্তি ঘটাতে ‘ময়মনসিংহ মডেল’ অনুসরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। আইন কমিশন সাম্প্রতিককালে মামলাজট নিরসনে অন্তত তিনটি প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে ময়মনসিংহ মডেলের প্রতি কমিশনের সমর্থনের ঘটনা সবচেয়ে বেশি উৎসাহব্যঞ্জক। কারণ, কোনো প্রকার বাড়তি লোকবল বা অতিরিক্ত কোনো ব্যবস্থাদি গ্রহণ ছাড়াই কেবল বিদ্যমান সুবিধাকে কাজে লাগিয়ে বিস্ময়কর সাফল্য লাভ করা সম্ভব হয়েছে। তাঁরা এভাবে অল্প সময়ের চেষ্টায় ৫৬ হাজার মামলা নিষ্পত্তি করেছেন। আমরা আইন কমিশনের সঙ্গে একমত যে সেখানকার জেলা ও দায়রা জজ যে প্রক্রিয়ায় এই ‘নীরব বিপ্লব’ সম্পন্ন করেছেন, তা দেশের ‘সকল জেলার ক্ষেত্রে অনুসরণীয়।’ আমরা এই কুশলী জেলা জজকে অভিবাদন জানাই। আমরা মনে করি, মামলার জট নিরসন করতে হলে বিচার বিভাগীয় নেতৃত্বে গতিশীলতা আনার বিকল্প নেই।
সুপ্রিম কোর্ট সম্প্রতি আইন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে দেশের অধস্তন আদালতে বিচারাধীন সাড়ে নয় লাখ দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্টেনোগ্রাফার নিয়োগের যে সুপারিশ করেছেন, তা সরকারের উচিত হবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। বিচারিক হাকিম আদালতের মতো দেওয়ানি আদালতেও স্টেনোগ্রাফার থাকা দরকার। সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেছেন, ওই পদে লোকবল বাড়লে মামলা নিষ্পত্তিতে আরও গতিশীলতা আসবে।
দ্রুত মামলা নিষ্পত্তির ‘অভিজ্ঞতা’ নিতে সংসদীয় কমিটি ময়মনসিংহেএর আগে আইন কমিশন ২৮ লাখ মামলা নিষ্পত্তির জন্য বাড়তি তিন হাজার বিচারক নিয়োগ এবং আদালতের ডিজিটালকরণসহ বেশ কিছু সুপারিশ পেশ করেছিল। সরকার দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মামলা-পর্বত ভেঙে দিতে সন্ধ্যাকালীন আদালত-ব্যবস্থা প্রচলনেরও চেষ্টা করেছিল। মামলা ব্যবস্থাপনার আধুনিকায়নে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সুপ্রিম কোর্ট, সরকার ও সংসদকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। কিন্তু এখনই যেটা, বিশেষ করে সুপ্রিম কোর্টের মনোযোগের কেন্দ্রবিন্দুতে আসতে পারে, তা হলো ময়মনসিংহ মডেল। সুপ্রিম কোর্ট সক্রিয় পৃষ্ঠপোষকতা দিলে মামলাজট দূরীকরণে একটি বিরাট পরিবর্তন আনা আর কষ্ট-কল্পনা নয়।