এ দেশের সব দেশপ্রেমিক মানুষের জীবনে ২৫ ফেব্রুয়ারি একটি অশ্রুভেজা দিন। এমন একটি আশাভঙ্গের দিনের কথা কেউ কখনো কল্পনা করতে পারেনি। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে আরও একটি দুর্ভাগ্যজনক অধ্যায় রচিত হয়েছিল। সেদিন আমরা হারিয়েছিলাম ৫৭ জন সামরিক কর্মকর্তাসহ বাংলাদেশ রাইফেলসের বেশ কিছু সদস্যকে। এসব কর্মকর্তা বাংলাদেশ রাইফেলসের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের জন্য তাঁদের মূল্যবান অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ঠিক আগের দিন স্বাধীনতা পদকপ্রাপ্ত এই বাহিনীর চৌকস সদস্যরা এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে সালাম জানিয়েছিলেন। নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের ফসল সেই কুচকাওয়াজ সমাপ্ত হলেও পরের দিন নিরাপত্তাবেষ্টনী ভেঙে দিয়ে পরিকল্পনাকারীরা নারকীয় হত্যাযজ্ঞে মেতে ওঠে। পরিকল্পনাকারীদের ষড়যন্ত্রের ফলে ভেঙে পড়ল একটি সুশৃঙ্খল বাহিনীর অবকাঠামো। সফল হলো ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা, যে পরিকল্পনার মাধ্যমে তারা একটি দক্ষ, প্রশিক্ষিত ও অভিজ্ঞ বাহিনীকে মেধাশূন্য করতে চেয়েছিল। ৪২ বছরে বাংলাদেশের অর্জন অনেক, যে অর্জনগুলোর মধ্যে নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ় করা অন্যতম। এ ক্ষেত্রে প্রচুর অর্থ ও জনবল জোগান দেওয়া হয়েছে। তার পরেও যড়যন্ত্রকারীদের পরিকল্পনা সফল হয়েছে। এমন একটি লোমহর্ষক ঘটনার পেছনে যাঁরা ছিলেন, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ৫৭ জন অফিসারের অকাল আত্মত্যাগ এবং পাঁচ হাজার ৯২৬ জন জওয়ানের সাজা পাওয়ার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে অনাদিকাল ধরে। প্রতিবছর আমরা স্মৃতি তর্পণ করে চলেছি। সেদিনের মতো আজও আমরা ছেলেহারা বাবা ও মা, স্বামীহারা স্ত্রী, পিতাহারা সন্তানের, ভাইহারা ভাই ও বোনের আর্তনাদ শুনতে পাই। সেদিনের দুর্ভাগ্যজনক ঘটনায় সোনার সংসারগুলো তছনছ হয়ে গিয়েছিল, স্বপ্নগুলো অন্ধকারে নিপতিত হয়েছে। ভালোবাসার মানুষগুলোকে আমরা কখনোই ফিরে পাব না। আমাদের দায়িত্ববোধ থেকে উচ্চারিত হচ্ছে শক্তির কথা, সাহসের কথা। পরিবারগুলোর কাছে আমরা ক্ষমাপ্রার্থী, কেননা আমরা তাদের স্বজনদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি। একটি শান্তিপূর্ণ পরিবেশে মুহূর্তের মধ্যে ৫৭ জন সদস্যের জীবনপ্রদীপ নির্বাপিত হলো। দুষ্কৃতকারীরা সেদিন হত্যা করে রক্তের হোলি খেলা খেলেছে, পুড়িয়ে ফেলেছে লাশগুলোকে, মৃত ব্যক্তিদের সৎকার না করে পরিবারগুলোকে দখলদার বাহিনীর মতো নির্যাতন করেছে। এমন ঘৃণ্য হত্যাযজ্ঞের উন্মত্ততায় মেতে ওঠা দুষ্কৃতকারীরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হতে পারে কি না, সে বিষয়টি বিবেকবান মানুষকে আজও ভাবিয়ে তোলে। স্বজন হারানোর বেদনায় আজও ভারী হয়ে ওঠে মন, রক্তে রঞ্জিত মানুষগুলোর করুণ মৃত্যু আমাদের জন্য বিষাদের বার্তা বয়ে আনে। আমরা ভাবতে পারি না আর কতকাল আমরা দেশি-বিদেশি যড়যন্ত্রকারীদের নীলনকশার শিকার হব। সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং প্রথম ব্যূহ রচনার জন্য প্রায় চার হাজার কিলোমিটার সীমান্ত রক্ষায় নিয়োজিত যে বাহিনী, সে বাহিনী কেমন করে যড়যন্ত্রের নীলনকশা বাস্তবায়নের সুযোগ পেল, তা সব শান্তিপ্রিয় মানুষকে ভাবিয়ে তুলেছে। পিলখানা বিদ্রোহের বিচার হলেও এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের বিচারের কাজ শেষ হয়নি। আমরা আশা করব অবিলম্বে বিচার শেষ হবে এবং অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। ন্যায়বিচারই পারে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি রোধ করতে।আবার এসেছে ২৫ ফেব্রুয়ারি অভিভাবকশূন্য পরিবারগুলোর জন্য আমাদের করণীয় সম্পর্কে স্মরণ করিয়ে দিতে, আগামী প্রজন্মের জন্য একটি সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকারের কথা বলতে। শোকাবহ ঘটনা এড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনাকে রক্তপাতহীন অবস্থায় জাতিকে উপহার দিতে পারজ্ঞম হওয়ার দক্ষতা অর্জন আজ জরুরি হয়ে পড়েছে। সৃষ্টিকর্তার কাছে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আর প্রতিবছরের মতো আজও বলছি, স্রষ্টা ক্ষতিগ্রস্ত মানুষের শোককে শক্তিতে পরিণত করার সাহস দিন। ওয়ালিউল্লাহ: অবসরপ্রাপ্ত লে. কর্নেল।