বিচারের বাণীর মৃদু আগমনী বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সাম্প্রতিক কালে সংঘটিত বিভিন্ন ঘটনার এত দ্রুত পটভূমি ও রূপ পরিবর্তন হচ্ছে, আমার নিয়মিত কলামটি লেখার বিষয়বস্তু নির্ধারণে সেগুলো ঘটনাকালের সঙ্গে তাল মেলাতে পারছি না। আমার এই বক্তব্যের ভিতটি একটুখানি উদ্ভাসিত করতে গত কয়েক দিনের লেখার বিষয়বস্তু নির্ধারণে ছাত্রসন্ত্রাস, নারী-শিশু নির্যাতন ও সর্বশেষ ‘বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ—কোনটিকে প্রাধান্য দেব, তা নিয়ে মনে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। বস্তুত, আমার আজকের আরও আলোচ্য বিষয়ও হতে পারে ১. রাশিয়া থেকে অস্ত্র কেনা, ২. বিডিআর বিদ্রোহের বিচারের একটি অধ্যায়ের সমাপ্তি। এই উপলক্ষে আলোচনা করা যায় প্রধানমন্ত্রীর আশাবাদ, একটি মর্মান্তিক হত্যাযজ্ঞের পুনরাবৃত্তি রোধে তাঁর হুঁশিয়ারি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাসি হবে না, পরেও করা যেতে পারে।এত সব বিষয়ের মধ্যে অত্যন্ত নাজুক সচল আলোচ্য হতে পারে একাত্তরের একজন ঘাতক ও ধর্ষকের মামলার এই রায়। এটি অগ্রাধিকার পাওয়া উচিত বলে প্রথম আলোর স্নেহভাজন মশিউল ও সোহরাব মত প্রকাশ করলেন আমার সঙ্গে। আমিও বললাম, তাই সই। তার পরও ভাবনা, কী লিখতে গিয়ে কোন বেফাঁস কথা লিখে ফেলব। মনে একটুখানি শঙ্কাবোধ রয়েছে। কারণ, যে ঘটনাবলির কারণে একাত্তরের একজন ঘাতকের ফাঁসির আদেশ হলো—সেসব হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাট আর সংশ্লিষ্ট সব জঘন্য অপরাধের বিচার করতে দীর্ঘদিন কোনো কোনো মহলের একধরনের অপারগতা, টালবাহানা রহস্যজনক মনে হয়েছিল। তদুপরি বিষয়টিকে কেন্দ্র করে কারও কারও দলীয় রাজনৈতিক প্রভাব ও প্রতিবন্ধকতা তথা ক্ষমতার রাজনীতিকে প্রাধান্য দেওয়া একাত্তরের ঘাতক দালালদের বিচারে সমস্যা ও সংকট সৃষ্টি করেছিল। তার পরও সব বাধা ও দ্বিধা-দ্বন্দ্বের সীমাবদ্ধতা অতিক্রম করে ঘাতক দালালদের অন্তত একজনকে ৪১ বছর পর ফাঁসির মঞ্চে ওঠাতে না পারলেও হাতে পেলে ঝোলানো হবে, সর্বশেষ এই বৈচারিক সিদ্ধান্ত জাতিকে একটুখানি হলেও ‘গ্লানিমুক্ত’ করেছে। একাত্তরের মর্মান্তিকতা যে জাতি ভুলে যায়নি, তার আভাস পাওয়া গেছে।আমার উপরিউক্ত বাক্যের শব্দ ‘একটুখানি গ্লানিমুক্ত’ শব্দটি ব্যাখ্যা করা দরকার। আমি এ কথা বললাম, কারণ আমি বলছি ‘একটুখানি গ্লানিমুক্ত’। কিন্তু মঙ্গলবারের অধিকাংশ দৈনিকের শিরোনাম আর আমি রাতের কয়েকটি টেলিভিশন টক শোতে যে উচ্ছ্বাসের স্রোত বয়ে যেতে দেখলাম—শুনলাম, তাতে অনেকখানি বিভ্রান্তির অবকাশ রয়েছে। এতৎসম্পর্কিত প্রথমেই সবচেয়ে অর্থহীন শিরোনামটি হচ্ছে, ‘ইতিহাসের দায় মেটাল বাংলাদেশ’। এই শিরোনাম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। কারণ, প্রায় দুই বছর ১০-১২ জন মার্কামারা কুখ্যাতির পরিচয়যুক্ত ঘাতক-ধর্ষকের বিচার চলেছে, যারা একাত্তরের মুখ্য খুনি, লুটেরা আর ধর্ষক। তাদের মধ্যে বাচ্চু রাজাকার অতি নগণ্য এক ব্যক্তি, কদাচিৎ একাত্তরের আলোচনায় উল্লিখিত হয়েছে। এই কারণে তাকে শাস্তি দেওয়ার কাজটি মোটেই কঠিন ছিল না, যতখানি জটিল মনে হচ্ছে পালের গোদাদের বিচার সম্পন্ন করা। আমি যদি পত্রিকার বার্তা সম্পাদক হতাম, তাহলে শিরোনাম দিতাম, ‘ইতিহাসের দায় মেটানোর পথে যাত্রা শুরু’। আরেকটি পত্রিকার শিরোনাম আমার অধিকতর বাস্তবসম্মত মনে হয়েছে, ‘ফাঁসির আদেশে কলঙ্কমোচন শুরু’—অর্থাৎ অকিঞ্চিৎকর হলেও জনগণের বহুদিনের আকাঙ্ক্ষা পূরণের সূচনা হয়েছে। এদিকে কয়েকটি পত্রিকা তো একেবারে ফাঁসি দিয়ে ফেলেছে, তাদের শিরোনামগুলো তা-ই বলছে। টেলিভিশনের অধিকাংশ চ্যানেলে বুদ্ধিভিত্তিক তথা একাডেমিক আলোচনাগুলো মূল বক্তব্য থেকে আরও দূরে সরে অথচ রুই-কাতলা পালিয়ে যাওয়া চুনোপুঁটিকে নিয়েই উচ্ছ্বসিত আলোচনা করেছে। অথচ একাত্তরের দুষ্কৃতকারী জঘন্য অপরাধ সংঘটনের দায়ে বিচারের সম্মুখীন আলোচ্য অপরাধীরা এখনো বিচারের গ্যাঁড়াকলে আটকে আছে। এতৎসত্ত্বেও বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ নিয়ে উচ্ছ্বাসের বহরে গণমাধ্যমে ও অন্যান্য পর্যায়ে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশে আমি অবশ্যই বাহ্যিক না হলেও মানসিক সন্তোষ প্রকাশ করছি। এ নিয়ে আশান্বিত হওয়ার কথা আমার পাঠকদের জানাতে চাই। প্রথম আলোয় মঙ্গলবারের প্রথম পাতায় যে আটজনের ছবিসহ নাম ও অপরাধের বিবরণ ছাপা হয়েছে, তাদের বিচার এখন চলবেই এবং শেষও হবে। গোলাম আযম, মুজাহিদ, নিজামী, সালাউদ্দিন কাদের, আবদুল আলীম, সাঈদী, কামারুজ্জামান ও কাদের মোল্লা—এই আটজনের বিচারের দীর্ঘসূত্রতার অবসানের পরই বলতে পারব, জাতি দায়মুক্ত হয়েছে কি না। বর্তমান সরকারের আমলে বিশেষ আদালতের চূড়ান্ত রায়টি কবে নাগাদ জানা যাবে, হলফ করে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। তবে বাচ্চুর রায়ে জনগণের উচ্ছ্বাস সংশ্লিষ্ট বিচারিক ও প্রশাসনিক মহলকে বিচারকাজ ত্বরান্বিত ও সমাপ্ত করতে উৎসাহিত করবে।বাচ্চু রাজাকার নিয়ে ব্যক্তি আলোচনা দীর্ঘতর না করে একাত্তরের দুর্বৃত্তদের বিচারের আদি বৃত্তান্ত একটুখানি আলোচনা করা যাক। একাত্তরের জঘন্যতম অপরাধগুলোর বিচারে এবং অভিযুক্তদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে ৪০ বছরেরও অধিক সময় লেগেছে কেন, তা নিয়ে দীর্ঘদিন নানা ভাবনা-চিন্তা শেষেও কূলকিনারা পাচ্ছি না। প্রকৃত সত্য হচ্ছে, ক্ষমতার রাজনীতি যখন প্রধান দল দুটিতে প্রাধান্য পাচ্ছিল, ক্ষমতার লড়াইতে দুর্বৃত্তদের প্রশ্রয়দানে যখন নানাভাবে প্রাধান্য পাচ্ছিল, তখন মনে হয়েছিল, একাত্তরে দুঃখ-বেদনা শোকতাপ বোধ হয় চাপাই থাকবে। এই সময়ে ৩০ লাখ শহীদের আত্মার অতৃপ্তি বোধ হয় ঘুচবে না, স্বজনহারা স্বজনদের দীর্ঘশ্বাসগুলোর কোনো দিন অবসান হবে না। সেই অতৃপ্তি ও হতাশা ঘোচানোর মহান ব্রত নিলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবি জনসমক্ষে আনলেন শ্রদ্ধেয় জাহানারা ইমাম, কবীর চৌধুরী, সুফিয়া কামাল ও তাঁদের সহযাত্রী শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন, নাসির উদ্দীন ইউসুফ, শফিক আহমেদ প্রমুখ। দীর্ঘ চার দশক অনবরত সংগ্রাম-আন্দোলনে সোচ্চার ও মুখর ছিলেন বলেই আজকে অভিযুক্ত হায়েনাদের বিচার সম্পন্ন না হলেও বাচ্চু রাজাকারকে ফাঁসির আদেশ দেওয়া হলো। সোহরাওয়ার্দী উদ্যানে যাঁরা ১৯৯২ সালে গণ-আদালতের কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ করেছেন, তাঁরা নিশ্চয় ভুলে গেছেন, ঘাতক দালালদের বিচারের জিহাদি উদ্যোগের প্রথম পর্যায়ে যাঁদের সক্রিয় অংশীদারি আবশ্যক ছিল, যাঁদের মুক্তি-সংগ্রামকে ভিত্তি করে একাত্তরের নৃশংস ঘটনাবলির সূচনা হয়েছিল, তাঁরা প্রথম দিকে প্রক্রিয়াটি থেকে দূরে সরে গিয়েছিলেন। কিন্তু কেন, এই প্রশ্নের উত্তর হচ্ছে, একাত্তরের নৃশংসতার বিষয়টির বিচার আর অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর বিষয়টি দীর্ঘদিন দলীয় ও নীচ ক্ষমতার রাজনীতির খাঁচায় অবরুদ্ধ ছিল। আজকে যাঁরা জনগণের বিচারের বাণীকে যথার্থ মর্যাদা দিয়েছেন, গুরুত্বের সঙ্গে আইনের ও বিচারের আওতায় এনেছেন, তাঁরা এই প্রশংসনীয় ও জনগণের অন্তরের কামনা পূরণের ক্ষমতা আগেও পেয়েছিলেন। কিন্তু সেই ক্ষমতা দীর্ঘদিন প্রয়োগ করেননি কেন, সেই কৈফিয়ত এখন না চাওয়াই ভালো। তবে আগের বাক্যটিতে পাঠক নিশ্চয়ই আঁচ পেয়েছেন। উপরিউক্ত বক্তব্য নিয়ে আরও কথা আছে। একাত্তর নিয়ে একসময় যখন জনগণ সোচ্চার হলো, তখন শুরু হলো নানা জটিলতা, বিভিন্ন ধরনের আইনি ব্যাখ্যা, গতি-প্রকৃতির দিগ্দর্শনে রহস্য। প্রথমত, বিচারব্যবস্থার সংজ্ঞার বিভিন্ন রূপায়ণের কথাই ধরা যাক। প্রথমেই একাত্তরের ঘাতক দালাল, প্রকৃত অর্থে অত্যাচারী, লুটেরা ও ধর্ষকদের কেন মানবতাবিরোধী আন্তর্জাতিক আইনের অপরাধীর কাতারে আনা হলো, তা নিয়েও আমি বিগত বছরগুলোতে পরোক্ষ অসন্তোষ প্রকাশ করেছি। আইন দ্বারা গঠিত বিশেষ ট্রাইব্যুনালের কোনো আন্তর্জাতিক কাঠামোর লঙ্ঘন তো আমি দেখতে পাইনি। এই বিচারব্যবস্থার সঙ্গে ন্যুরেমবার্গ, কঙ্গো, সিয়েরা লিওনে এমনকি বসনিয়া-হারজেগোভিনার নৃশংস অপকর্মের বিচার-প্রক্রিয়ার মিল খুঁজে পাইনি। যারা একই দেশের একটি ধিক্কৃত শ্রেণী কর্তৃক সেই দেশের শত বছরের চলমান বিচারব্যবস্থায় দেশের খুনি-নৃশংস অপকর্মগুলোর হোতাদের অন্যতম অপকর্মকে দেশের ফৌজদারি বিদ্যমান আইনের আওতায় না এনে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ বলছে, তাদের সঙ্গে আমি বরাবরই দ্বিমত পোষণ করেছি। বিচার না করার ষড়যন্ত্রের আভাস বলে মনে হয়েছিল।আমি অতীতে এমনও লিখেছি, একাত্তরের গণহত্যা ও সম্পৃক্ত অপরাধী পাকিস্তানিদের কেন ফৌজদারি দণ্ডবিধিতে বিচারের আওতায় আনা হবে না? ইসরায়েল সুদূর আর্জেন্টিনা থেকে ২০ বছর পর আইকম্যানকে নিয়ে এসে ফাঁসি দিতে পারে, আমাদের সেই ক্ষমতা নেই কিন্তু এমন একটি দাবি নিয়ে কখনো সোচ্চার হলাম না কেন? বাচ্চু রাজাকারকে যেভাবে ফাঁসি দেব বলেছি, একইভাবে ইয়াহিয়া, টিক্কা খান, ফরমান আলীকে কেন ‘ইন এবজেন্সিয়া’, অনুপস্থিতিতে অথবা মরণোত্তর বিচার করব না? যারা বেঁচে আছে তাদের হস্তান্তর করতে কেন পাকিস্তানকে একটি অনুরোধ করা হয়নি? বঙ্গবন্ধুর পলাতক খুনিদের বেলায় যে পদ্ধতি অনুসরণ করেছি, একইভাবে উদ্যোগ নিলাম না অথবা নিতে পারলাম না কেন, জানি না। মুক্তিযুদ্ধের চেতনায় অনুসারী বিশিষ্ট আইনজীবী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জ্ঞানী ব্যক্তিদের অনেককে এই প্রশ্ন করেছি। তাঁদের ঘোরানো-প্যাঁচানো উত্তর আমারই বোধগম্য হয়নি, পাঠকদের জানাব কী?আমি বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশে একটি দৈনিকের একটি শিরোনামের মধ্যেই একাত্তরের স্বামী-সন্তান-ভাই ও আপনজনদের মধ্যে সান্ত্বনার ছটা ও দীর্ঘদিনের শোকতাপ ভুলে যাওয়ার আশাবাদের সঞ্চার দেখতে পাচ্ছি। সেই শিরোনামটি হলো, ‘কলঙ্কমোচন শুরু’। এ ছাড়া আরও একটি বাস্তবতা ও সত্য উদ্ভাসের আভাস পাচ্ছি। বাচ্চুকে পাওয়া গেলে ভালো, না পেলেও বহুল আলোচিত একাত্তরের পাকিস্তানি-মদদে সঞ্চিত নৃশংসতার মূল হোতাদের বিচারের চূড়ান্ত রায়ের আধা ভেজানো দুয়ারের খিলানটি ফেলে দেওয়া হয়েছে। বাচ্চুর ফাঁসির আদেশ, দলীয় বা ক্ষমতার রাজনীতি যে একাত্তরের দুর্বৃত্তদের বিচারের দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি করেছে,তার অবসান ঘটাবে। সর্বশেষ মন্তব্য করেছি একটি টেলিভিশন টক শোতে, দীর্ঘ চার বছরের ব্যর্থতা, অপনীতি ও দুর্নীতির সীমাহীন বিস্তৃতি, দুর্বৃত্তপনা, সন্ত্রাস, দখলবাজি আর চাপাতিবাজির কলঙ্ক সব না হলেও অনেকাংশে চাপা পড়ে যাবে, পলাতক বাচ্চুকে নাই-বা পেল, হাতের মুঠোয় পাওয়া একাত্তরের দুর্বৃত্ত-নরপশুদের বিচারের রায়গুলো আগামী নির্বাচনের আগেই দেশবাসীকে যদি বর্তমান সরকার উপহার দিতে পারে। তাদের আগামীনির্বাচনে ‘আবার আসিব ফিরে’ এই আশা বা আকাঙ্ক্ষা পূরণে সহায়ক হবে। অন্তত একটি নির্বাচনী ওয়াদা পূরণ হয়েছে, এই জনগণ এই প্রত্যয়নপত্রটি দেবে।এবিএম মূসা: সাংবাদিক ও কলাম লেখক।