বিজিবি সদস্যকে উদ্ধারে সর্বাত্মক প্রয়াস নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজিবি সদস্য আবদুর রাজ্জাক মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে অপহৃত হওয়ার চার দিন পার হওয়ার পরও ফেরত না পাওয়া কিংবা উদ্ধার করতে না পারার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। গত বৃহস্পতিবার নৌকায় নাফ নদীতে টহল দেওয়ার সময় বিজিপি সদস্যরা হঠাৎ করে তাঁদের ওপর গুলি করলে বিপ্লব কুমার নামের এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। এরপর বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
বিজিবির স্থানীয় কমান্ডার দাবি করেছেন, আবদুর রাজ্জাক সুস্থ আছেন এবং কিছু আনুষ্ঠানিকতার পর দেশে ফিরে আসবেন। কিন্তু তাঁর এই বক্তব্যে আশ্বস্ত হওয়া যায় না। এ ধরনের উদ্ভূত পরিস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠক করা হয়। কিন্তু বিজিবির পক্ষ থেকে বারবার অনুরোধ সত্ত্বেও প্রতিপক্ষ রাজি হয়নি। অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, কিছু ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে।
কেন বিজিবি টহল নৌকায় এসে বিজিপি সদস্যরা হামলা চালাল? একজন সদস্যকে তারা জোর করে নিয়ে গেল, সেসব প্রশ্নের জবাব মেলে না। এ ক্ষেত্রে সময় ক্ষেপণের সুযোগ আছে বলে মনে করি না। অতএব, মিয়ানমারের মৌখিক আশ্বাসে আস্থা না রেখে আবদুর রাজ্জাককে উদ্ধার করতে সরকারের উচিত ত্বরিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া। বিজিপির ওয়েবসাইটে তাঁর যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যায় তাঁকে হাতকড়া পরা অবস্থায় রাখা হয়েছে। এ ধরনের আচরণ কেবল অমানবিক নয়, আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী।
ধারণা করা হচ্ছে, সম্প্রতি মানব পাচার নিয়ে মিয়ানমার সরকার যে কঠিন চাপের মুখে পড়েছে, তার পাল্টা ব্যবস্থা হিসেবেই বাংলাদেশের একজন সীমান্তরক্ষীকে ধরে নিয়ে গেছে। এ ধরনের কোনো কাজ সব কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেই মনে করি।
আমরা আশা করব, আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও সীমান্তরক্ষী পর্যায়ে সবকিছু করবে। প্রয়োজনে জাতিসংঘের শরণাপন্ন হতে হবে।