বিজ্ঞানশিক্ষায় নারীর সমতা অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছেলের চেয়ে মেয়েশিক্ষার্থীর সংখ্যা বেশি। উচ্চশিক্ষায়ও নারী শিক্ষার্থীর হার ক্রমে বাড়ছে। বিজ্ঞানশিক্ষায় নারীর অংশগ্রহণের হার ২০১২ সালে ৪৪ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তার পরে পেরিয়ে গেছে তিন বছর; এই হার এখন বেড়ে ৪৫ শতাংশ হয়েছে—ওয়াকিবহাল মহল এমন ধারণাই প্রকাশ করেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বক্তব্য হলো কোনো ক্ষেত্রে নারী বা পুরুষের অংশগ্রহণ ৪৫ থেকে ৫৫ শতাংশের মধ্যে থাকলে সেটাকে ওই ক্ষেত্রে জেন্ডার প্যারিটি বা নারী-পুরুষ সমতা বলে গণ্য করা যায়।
সেই বিবেচনায় বাংলাদেশে নারী শিক্ষার্থীরা বিজ্ঞানশিক্ষায় পুরুষের সঙ্গে সমতা অর্জন করেছেন—এমন একটা আনন্দের সংবাদ ছাপা হয়েছে মঙ্গলবারের প্রথম আলোর প্রথম পাতায়।
বিজ্ঞানশিক্ষায় নারীরা সমতা অর্জন করেছেতবে এমন উৎসাহব্যঞ্জক অর্জনের পাশাপাশি আরেকটি বাস্তবতা নিয়েও আমাদের ভাবতে হবে। সেটা হলো বিজ্ঞানশিক্ষায় নারীদের পুরুষের সঙ্গে সমতা অর্জন চূড়ান্ত অর্থে কতটা ফলপ্রসূ হতে পারে? কারণ, নারীদের এই সমতা বিজ্ঞানশিক্ষার নিচের স্তরগুলোর মধ্যে সীমাবদ্ধ আছে; স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে আমাদের নারীরা এখনো অনেক পিছিয়ে আছেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে তাঁদের অংশগ্রহণের হার মাত্র ১৭ শতাংশ। বৈশ্বিক গড় হিসাবেও এটা বেশ পিছিয়ে থাকার চিত্র। সারা বিশ্বে উচ্চতর বিজ্ঞান গবেষণায় নারীর গড় হার ২৮ শতাংশ।
বিজ্ঞানের বিষয়গুলো উচ্চতর পর্যায়ে চর্চা ও গবেষণা করার বিষয়। কিন্তু আমাদের সমাজে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বিজ্ঞান গবেষণায় নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোর ক্ষেত্রে কিছু বাস্তবিক সামাজিক সমস্যা আছে। ঘরসংসার সামলানো, সন্তান প্রতিপালন ইত্যাদি নানা গুরুদায়িত্ব নারীকে প্রায় একাই বহন করতে হয়। এসব কর্তব্য পুরুষের সঙ্গে ভাগাভাগি করে সমাধা করার মানসিকতা অর্জনের পাশাপাশি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে নারীদের উৎসাহিত করতে গবেষণার ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার প্রদানের নীতি প্রয়োজন। পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্য এ ক্ষেত্রে যুক্তিসংগত।