বিজয় দিবস ও প্রজাতন্ত্র দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির ইতিহাসে এক হাজার ৯৭২টি ১৬ ডিসেম্বরের মধ্যে দুটি ১৬ ডিসেম্বর অবিস্মরণীয়। একাত্তরের ১৬ ডিসেম্বর। দ্বিতীয়টি বাহাত্তরের ১৬ ডিসেম্বর। একাত্তরের ১৬ ডিসেম্বর বাঙালির জীবনে এক অনন্য দিন। ওই দিন অপরাহে দখলদার পাকিস্তানি বাহিনী ভারতীয় মিত্রবাহিনী ও বাংলাদেশের মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। সুতরাং, এই ১৬ ডিসেম্বরের তাৎপর্য সীমাহীন। ওই ১৬ ডিসেম্বরের সঙ্গে আর কোনো দিন তুলনীয় নয়। শত্রুকে পরাজিত করে সেটি বাঙালির বিজয়ের দিন। কিন্তু দ্বিতীয় বিজয় দিবস, অর্থাৎ বাহাত্তরের ১৬ ডিসেম্বরের তাৎপর্য যে কতটা, তা আমাদের যাঁরা প্রতিদিন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেন, তাঁরাও সম্ভবত ভেবে দেখেননি। সব পত্রপত্রিকা ও ইলেকট্রনিক প্রচারমাধ্যম পয়লা ডিসেম্বর থেকে শুধু বলছে ‘বিজয়ের মাস’। প্রতিবছরের মতো এবারও এই মাসে প্রতিদিন একাত্তরের ঘটনাবলির স্মৃতিচারণা করা হচ্ছে। মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান হচ্ছে। লেখালেখি হচ্ছে। কিন্তু আমার হিসাবে ২০১২-এর ১৬ ডিসেম্বরের তাৎপর্য অন্য রকম এবং পূর্ববর্তী অন্যবারের চেয়ে কিছু বেশি। না সরকার, না সরকারের বাইরের কেউ, এবারের ১৬ ডিসেম্বরের সেই তাৎপর্য নিয়ে এখন পর্যন্ত কিছু বললেন না দেখে বিস্মিত ও ব্যথিত হয়েছি। এবারের ১৬ ডিসেম্বরের কী সেই তাৎপর্য? ২০১২-এর ১৬ ডিসেম্বর ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’-এর ৪০ বছর পূর্তি হলো। আমরা স্বাধীনতা অর্জন করেছি ৪১ বছর, কিন্তু বাংলাদেশ একটি ‘গণপ্রজাতন্ত্র’ হয়েছে ৪০ বছর আগে—১৯৭২ খ্রিষ্টীয় অব্দের ১৬ ডিসেম্বর। রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা নিয়ে যাঁদের কারবার, তাঁরাই যখন এবারের ১৬ ডিসেম্বরের উপলক্ষটিকে বিশেষ কারণে বিশেষভাবে স্মরণ করছেন না, তখন সাধারণ পাঠকের কাছে বিষয়টি কেমন যেন শোনাবে। ১৬ ডিসেম্বর যেমন বাংলাদেশের মানুষের ভিক্টোরি ডে বা বিজয় দিবস, তেমনি তা ‘রিপাবলিক ডে’ বা ‘প্রজাতন্ত্র দিবস’ও। কোনো দেশের একটি হলো ভৌগোলিক বা প্রাকৃতিক সত্তা এবং আরেকটি হলো রাজনৈতিক অবস্থা। যে ভূখণ্ডে বাংলাদেশ প্রতিষ্ঠিত, সেই গাঙ্গেয় ব-দ্বীপটি হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে। তারপর সেখানে গড়ে উঠেছে জনবসতি। সেটি হলো প্রাকৃতিক দেশ। তা আগেও ছিল, ১৯৪৭-এর পরও ছিল এবং থাকবে আরও হাজার হাজার বছর—যদি পৃথিবী থাকে। কিন্তু এক নতুন রাজনৈতিক বাংলাদেশ এবং এক নতুন জাতির জন্ম হয় একাত্তরের ১৬ ডিসেম্বর সূর্যাস্তের ঘণ্টা খানেক আগে। একাত্তরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জনগণের শত্রুদের ঔদ্ধত্য চূর্ণ হয়। দেশের মানুষ অর্জন করে বিজয়। ওই দিন বাংলাদেশের শীর্ষনেতা ও রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শত্রুর হাতে বন্দী। শত্রু যাতে প্রতিহিংসাবশত আর কোনো অঘটন ঘটাতে না পারে, সে জন্য ভারতীয় মিত্রবাহিনীও বাংলাদেশে ছিল। নতুন অভ্যুদয় ঘটা রাষ্ট্রটির কোনো শাসনতন্ত্র ছিল না। নিজস্ব শাসনতন্ত্র ছাড়া কোনো রাষ্ট্রের স্বাধীনতা পূর্ণতা পায় না। একাত্তরের ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ছিল পাকিস্তানি দখলদার বাহিনীর অধীনে। ১৭ ডিসেম্বর থেকে বাংলাদেশ চলছিল অস্থায়ী সরকারের অন্তর্বর্তীকালীন আদেশে। অর্থাৎ নতুন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটির অস্তিত্ব ছিল কিন্তু তা কোনো গণতান্ত্রিক প্রজাতন্ত্র হয়ে ওঠেনি। পঁচিশে মার্চ থেকে দেশের ভেতরে চলছিল পাকিস্তানি দখলদার সামরিক জান্তার বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ ও দুর্বার লড়াই। ১০ এপ্রিল বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা মুজিবনগরে ‘স্বাধীনতার ঘোষণাপত্র’ অনুমোদন করেন এবং গঠন করেন প্রবাসী সরকার। আল্লাহর অশেষ রহমত যে, অতি অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে তাঁর জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। তিনি এসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করে ব্রিটিশ বা ভারতীয় পার্লামেন্টারি পদ্ধতির সরকার গঠন করেন ১১ জানুয়ারি ’৭২। কিন্তু দেশে কোনো শাসনতন্ত্র ছিল না। শাসনতন্ত্র রচনার জন্য তিনি গঠন করেন নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বয়ে গণপরিষদ। পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন করতে লেগেছিল নয় বছর। বাংলাদেশের গণপরিষদ শাসনতন্ত্র রচনা করে নয় মাসের মধ্যে। ১৯৭২-এর ৪ নভেম্বর সেই খসড়া শাসনতন্ত্র আমরা যার নাম করেছি সংবিধান, গৃহীত হয় গণপরিষদে। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর ওই সংবিধান বলবৎ হয়। ওই দিন থেকেই বাংলাদেশ একটি রিপাবলিক বা গণপ্রজাতন্ত্র। তার আগে তা ছিল না। বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের আজ ৪০ বছর পূর্ণ হলো। সে জন্যই আগে বলেছি, আজকের ১৬ ডিসেম্বরের তাৎপর্য অন্য রকম। একটু বেশি। শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ড, পতাকা ও সরকার থাকলেই একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হয় না। তার একটি নিজস্ব সংবিধান বা সর্বোচ্চ আইন থাকা অপরিহার্য। ওই সর্বোচ্চ আইনের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালিত হয়—কারও ইচ্ছামতো নয়, কোনো দেশের বা আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্দেশমতোও নয়। একটি রাষ্ট্রের অস্তিত্ব ও সংবিধান অবিচ্ছেদ্য। যেমন, ভারত স্বাধীনতা অর্জন করে ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সেটাকে বলা হয় ক্ষমতা হস্তান্তর। ব্রিটিশরা চলে গেল, ভারতীয়দের হাতে ক্ষমতা দিয়ে গেল। শাসনক্ষমতা পাওয়া মানেই দেশটি রিপাবলিক হওয়া নয়। ভারতকে ‘সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র’ হিসেবে ঘোষণা করে শাসনতন্ত্র গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর। সেই শাসনতন্ত্র কার্যকর হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। সেটা ভারতের রিপাবলিক দিবস হিসেবে পালিত হয়। এ পর্যন্ত কোনো সরকার বা কেউ না বললেও বাংলাদেশের রিপাবলিক দিবস ১৬ ডিসেম্বর। যদিও ওই একই দিন আমাদের বিজয় দিবসও। জাতির দিকনির্দেশনা হলো সংবিধান। শুধু সরকার পরিচালনার আইনকানুন নয়, আরও কিছু ব্যাপারে নির্দেশনা দেয়। সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর সময় থেকেই রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ আমরা জাতীয় সংগীত হিসেবে গাইছিলাম। বাংলাদেশের মানচিত্রসংবলিত একটি পতাকাও ছিল। পরে সংবিধান জাতীয় পতাকার নকশা, আকার, জাতীয় সংগীত কতটুকু, জাতীয় প্রতীক প্রভৃতি অনুমোদন করে। যেমন, ভারতের জাতীয় প্রতীক ‘ধর্মচক্র’-এর অন্তর্নিহিত অর্থ মণ্ডুক উপনিষদ থেকে গৃহীত হয়েছে: ‘শুধু সত্যের জয় অবশ্যম্ভাবী’। বাংলাদেশে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে: ‘উভয় পার্শ্বে ধান্যশীর্ষবেষ্টিত, পানিতে ভাসমান জাতীয় পুষ্প শাপলা, তাহার শীর্ষদেশে পাটগাছের তিনটি পরস্পর-সংযুক্ত পত্র, তাহার উভয় পার্শ্বে দুইটি করিয়া তারকা।’ [প্রথম ভাগ: ৪(৩)] কৃষিভিত্তিক গ্রামপ্রধান বাংলাদেশকে বোঝাতে এই প্রতীক গ্রহণ করা হয়। তা ছাড়া রয়েছে আমাদের জাতীয় পাখি ‘দোয়েল’। এত কিছুতেও আমাদের কোনো কোনো শাসকের মন ভরছিল না। একটি অসাম্প্রদায়িক সংবিধানে তাঁরা ঢুকিয়ে দিয়েছেন একটি ‘রাষ্ট্রধর্ম’। রাষ্ট্রধর্ম ছাড়াই এ দেশের মুসলমান হাজার বছর ধরে দিব্যি টিকে আছে এবং চুটিয়ে ধর্মকর্ম পালন করেছে। সংবিধানকে আরও উন্নত ও যুগোপযোগী করার জন্য কখনো সংযোজন-বিয়োজনের প্রয়োজন হতে পারে। তবে বাংলাদেশের মূল সংবিধান অকারণে হয়েছে ক্ষতবিক্ষত। আজ আমাদের সংবিধানের এবং প্রজাতন্ত্রের ৪০ বছর পূর্তি উপলক্ষে যা হতে পারত, তা হলো: ১৯৭২-এর ১৬ ডিসেম্বরের সংবিধান থেকে আজকের সংবিধান কোথায় এবং ১৯৭১-৭২ থেকে আজ আমরা জাতি হিসেবে কোথায়? এবং এই ১৬ ডিসেম্বর থেকেই বা আমরা কোন দিকে যাচ্ছি।১৯৭১-এর ১৬ ডিসেম্বর থেকে ’৭২-এর ১৬ ডিসেম্বর ছিল আমাদের জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল, ওই সময়টিতে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহত করে নিয়ে আসি। পৃথিবীর প্রায় সব দেশ আমাদের স্বীকৃতি দেয়। সৌদি আরব ও চীনের সঙ্গেও আমাদের প্রকাশ্যে ও নেপথ্যে আলোচনা চলছিল। স্বীকৃতি না দিলেও চীনের সঙ্গে বাংলাদেশের কিছু ব্যবসা-বাণিজ্য শুরু হয়েছিল। আমার মতো একজন নগণ্য মানুষের বিরল সৌভাগ্য যে, বঙ্গবন্ধু, তাজউদ্দীনসহ সব নেতা-মন্ত্রীর সঙ্গে সারা দেশ ঘুরতে পেরেছি। তাঁদের কাজকর্ম, নীতি-আদর্শ অতি কাছে থেকে দেখেছি। সেই সময়টির সঙ্গে আজকের সময়টির, সেই নেতাদের সঙ্গে আজকের নেতাদের কী আকাশ-পাতাল ব্যবধান।সেই বাহাত্তর বছরটি ছিল একই সঙ্গে দুঃখের এবং আশার। প্রিয়জন হারানোর শূন্যতা ছিল সব মানুষের মনে। দগদগে ঘায়ের মতো। অন্যদিকে নতুন দেশ নির্মাণের স্বপ্ন ছিল মানুষের বুকে। সে এক অন্য রকম সময়। যাঁদের বয়স আজ ৫০-এর নিচে, তাঁদের তা বোঝাতে পারব না।১৬ ডিসেম্বরের পর ভারত সরকার ও বাংলাদেশ সরকার যৌথভাবে ‘মিডিয়া সেল’ খোলে পূর্বাণী হোটেলে। ভারতের বেসামরিক ও সেনা কর্মকর্তারাও কেউ কেউ থাকতেন পূর্বাণীতে। ওই সেলে আমি যুক্ত ছিলাম। মনে আছে, বিজয় দিবসের ৮-১০ দিন পর ভারতীয় সেনাবাহিনীর শিখ অফিসার কর্নেল ব্রার, ফয়েজ আহ্মদ, সৈয়দ মাহবুব আলম চৌধুরীসহ (বেবী চৌধুরী) একদল শঙ্কর-রায়েরবাজার যাই। তখনো মৃতদেহ বা তাদের অঙ্গপ্রত্যঙ্গ এদিক-ওদিক ছড়িয়ে ছিল। নাকে রুমাল ছাড়া সেখানে দাঁড়ানো সম্ভব ছিল না। আশরাফুল মখলুকাত বলে কথিত মানুষের যে পরিণতি দেখেছি, তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। আজও অনেক সময় মনে হয়, যে মৃতদেহের অংশ দেখেছি, তার মধ্যে আমার ঘনিষ্ঠ কারও হাত-পা, পাঁজর, খুলিও কি ছিল?একটি যুদ্ধের ভেতর দিয়ে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। রাষ্ট্রের স্থপতিরা তাঁদের সাধ্যমতো দায়িত্ব পালন করে চলে গেছেন। ইতিহাসে তাঁদের নাম লেখা থাকবে। তাঁদের পরে দায়িত্ব পড়েছে নতুন প্রজন্মের ওপর। সংহত জাতি ও দেশ গঠন ছোট দায়িত্ব নয়। অন্য দেশে তার দৃষ্টান্ত রয়েছে। ওয়াশিংটন নেই, ওবামা আছেন তাঁর শুরু করা কাজের ধারাবাহিকতা রক্ষা করতে। জেফারসন জীবিত নেই, ক্ষতি কী, জিমি কার্টার ছিলেন। রাষ্ট্রের প্রতিষ্ঠাতারা চিরকাল বেঁচে থাকেন না। যাঁরা স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে কাজ করেন, তাঁরাও একদিন মারা যান। পরবর্তীকালের মানুষের ওপর দায়িত্ব বর্তায় তাঁদের সম্পন্ন করা কাজকে আরও সংহত রূপ দেওয়া। আগামী ২০-২৫ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের প্রায় সবাই মারা যাবেন। মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়ে, নাতি-পুতি এক নয়। ত্যাগ আর সুবিধাবাদ এক জিনিস তো নয়ই। ওই দুটি সম্পূর্ণ বিপরীত জিনিস। একাত্তর ছিল ত্যাগের মহিমায় উজ্জ্বলতম একটি সময়। আজ সুবিধাবাদ হয়ে উঠেছে জাতীয় বৈশিষ্ট্য, সুবিধাবাদ পাচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। নাতি-পুতিদের চাকরি-বাকরি প্রভৃতিতে কোটার কথা একাত্তরে স্বাধীনতাকামীদের কেউ স্বপ্নেও ভাবেননি। দেশ দুর্নীতিতে সয়লাব হবে, তা-ও তাঁদের ধারণায় ছিল না। প্রতিটি সরকার তাৎক্ষণিক জনপ্রিয়তার লক্ষ্যে, কিছু ভোট বেশি পাওয়ার অসৎ উদ্দেশ্যে প্রজন্মের পর প্রজন্মকে সুবিধাবাদের দিকে ধাবিত করছে। সততা ও মেধা হয়ে পড়ছে মূল্যহীন। একটি শক্তিশালী জাতি গঠনের পথে যা হিমালয়ের মতো বাধা। এসব করে আমরা একাত্তরের বিজয়ের স্বপ্নটাকে ধূলিসাৎ করে দিয়েছি। বাহাত্তরের ১৬ ডিসেম্বর যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আজ তা গুটিকয়তন্ত্র: রাষ্ট্র জনগণের নয়, অল্প কয়েকজনের। একাত্তরের স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইলে প্রেরণা নিতে হবে সেই একাত্তরের ডিসেম্বরের চেতনা থেকে এবং বাহাত্তরে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দিনটি থেকে। তা হলেই ১৬ ডিসেম্বর উদ্যাপন হবে সার্থক। এই দিনটিতে সরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হোক; কিন্তু বেশি যা দরকার তা হলো, একাত্তর-বাহাত্তরের ১৬ ডিসেম্বরের চেতনার আলোকে নিজেদের আলোকিত করা।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।