বিজয় বনাম দখল-সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবস অতিবাহিত হলেও বিজয় মেলার রেশ এখনো কাটেনি। তবে বোঝা যায়, চিন্তা, রুচি ও পরিকল্পনার কোনো ছাপ এতে নেই। বেশির ভাগ মেলার কোনো আলাদা বৈশিষ্ট্য নেই, অপরিকল্পিত গ্রাম্য মেলার আদলেই চলছে। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামের মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে হিন্দি গানের আওয়াজই জোরালোভাবে ভেসে আসছে প্রতি রাতে। বোঝা যায়, বিজয়কে বাণিজ্যে গ্রাস করেছে। দুই দশক আগে আয়োজিত দেশের এই প্রথম বিজয় মেলাটি নির্দলীয় সাংস্কৃতিক সংগঠকদের কাছ থেকে দখল করে নিয়েছিল নগর আওয়ামী লীগের তৎকালীন নেতারা। মূল সংগঠকদের একজন হিসেবে এ নিয়ে অভিযোগ তোলার জন্য এ লেখা নয়। বিশেষ এই মানসিকতার বিষয়টি আলোচিত হওয়া উচিত মনে করে প্রসঙ্গটি তুলেছি।দেশের জনগোষ্ঠীর একটি বড় অংশের এ ধরনের মানসিকতার কারণে যেকোনো বিজয় শেষ পর্যন্ত দখলে পরিণত হচ্ছে। মনে পড়ছে, বীরত্ব ও ত্যাগের অভূতপূর্ব মহিমায় ভাস্বর একাত্তরের গৌরবময় বিজয়ের পরও একশ্রেণীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীর আচরণ ছিল এমন, যেন দেশটা তাঁদের, দখলদার পাকিস্তানি বাহিনীকে হটিয়ে দেশ যেন তাঁদের দখলে এসেছে। এই মানসিকতা সংক্রামক এবং তা ব্যক্তিগত লোভ-স্বার্থের ভোগে লাগে বলে বীরত্বের মহিমা যায় ক্ষুণ্ন হয়ে, ত্যাগের অর্জন যায় ভূলুণ্ঠিত হয়ে। বীরত্ব ও ত্যাগের কোনোটিই বিনিময়যোগ্য নয়, অর্থাৎ বীরত্ব বা ত্যাগের বিনিময়ে যদি কেউ ব্যক্তিগতভাবে কিছু বৈষয়িক লাভ চায়, তাতেই এর মহিমা নষ্ট হয়, নিজে বা আপনজনকে পাইয়ে দেওয়ার জন্য জবরদস্তি চালালে অর্জনটাই হাতছাড়া হয়ে যায়। মুক্তিযুদ্ধের পরে দেশে এমন একটা ঘটনা ঘটেছে। আমরা স্বাধীনতার সুফল—মুক্তিযুদ্ধে এত ত্যাগ ও বীরত্ব সত্ত্বেও, মানুষের কাছে যে পৌঁছাতে পারিনি, তার মূল কারণ নিহিত আছে এইখানেই। ইতিহাস ঘাঁটলে জানব যে আমাদের একশ্রেণীর মানুষের এই মানসিকতা বাহাত্তরের আকস্মিক উৎপাত নয়। বাঙালি মুসলমানদের মধ্যে একটা শ্রেণী দখলদারির মানসিকতা এবং এ থেকে ব্যক্তিগতভাবে লাভবান হতে শুরু করেছিল ১৯৪৭ সালের দেশভাগের সময় থেকে। ১৯৪৬-এর কলকাতা-নোয়াখালীর দাঙ্গার পটভূমিতে বাংলা ভাগ হয়ে মুসলমানদের স্বতন্ত্র আবাসভূমি হিসেবে পাকিস্তান স্বাধীন হয় ১৯৪৭ সালে। যে বিপুল সংখ্যালঘু তখনকার পূর্ববঙ্গ ত্যাগ করেছিল, তাদের অধিকাংশের ভিটেমাটি ও বিষয়-সম্পত্তিও ছিল সাধারণ মুসলমানদের চেয়ে বেশি। কিন্তু ওই ভীতিকর ও অনিশ্চিত পরিস্থিতিতে অনেককে বাড়িঘর ফেলে পালাতে হয়েছে, অনেকে পানির দামে সহায়-সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছে। একশ্রেণীর মুসলমান বৈষয়িকভাবে দাঁও মারার অভ্যাস তখনই রপ্ত করেছে। এর ওপরে পাকিস্তান একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে হিন্দুবিরোধী বৈষম্যের নীতি চালিয়ে এসেছে আগাগোড়া। ফলে পুরো পাকিস্তান আমলে কখনো ব্যাপক হারে, যেমন—১৯৫০-এর সাম্প্রদায়িক অস্থিরতা, ১৯৫৮-এর সামরিক আইন জারি, ১৯৬৪-এর দাঙ্গার সময় এবং অন্যান্য সময় সীমিত কিন্তু নিয়মিতভাবে সংখ্যালঘু হিন্দু দেশত্যাগে বাধ্য হয়েছে। এই দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় একশ্রেণীর বাঙালি মুসলমান দেখল, একটু সাহসী ও একটু বেপরোয়া হলে এবং ক্ষমতার একটু সহায়তা নিতে পারলে সহজেই সংখ্যালঘুর সম্পত্তির মালিকানা অর্জন করা যায়। যদি কিনতে হয়, তো পানির দামে কেনা যাবে; আর যদি সুবিধা থাকে, তাহলে মুফতে অধিকার তথা দখল করা যেতে পারে। এমন নিদর্শন এ দেশে বহু।এর সঙ্গে অবশ্য যোগ করা যায় বদ্বীপ অঞ্চলে নদীর ভাঙা-গড়ার এই দেশে চরদখলের যে সংস্কৃতি, তাও অনেকের মানসে দখল মনোবৃত্তিকে লালন করেছে।লাভবান হওয়ার এ ধরনের একটা প্রক্রিয়া নিশ্চয় স্বাভাবিক নয়। ফলে এর অস্বাভাবিক প্রতিফলও ঘটতে বাধ্য। আমার ধারণা, এই সহজ প্রাপ্তির বদভ্যাস আমাদের একটা শ্রেণীর মানসে দখলদারির মনোবৃত্তিকে গভীরভাবে বপন করে দিয়েছে। তাই বিজয়ও আমাদের কাছে শেষ পর্যন্ত দখলে পরিণত হয়। এটা বড় থেকে ছোট—সব ক্ষেত্রেই উৎকটভাবে প্রকাশ পেতে দেখা যাচ্ছে। এর ফলে বিজয়ের গৌরব ও আনন্দ নষ্ট হয়ে যায়।নির্বাচনে বিজয়—সে জাতীয় সংসদ কি কলেজের সংসদ বা স্কুলের গভর্নিং বডি হোক—প্রতিযোগীদের বিবেচনায় এর সঙ্গে যুক্ত দায়িত্বের বিষয়টিকে রাখে না, তাঁদের মাথায় ঘুরতে থাকে ক্ষমতার কথা। দায়িত্ব ছাড়া ক্ষমতা বস্তুত দখলমাত্র। কদিন আগেই এক এনজিওকর্মী জানালেন, স্কুলে নিয়মকানুন মেনে কিছু শিক্ষক নেওয়ার পর এলাকার সাংসদ এসে রীতিমতো হম্বিতম্বি শুরু করলেন তাঁকে না জানিয়ে কী করে লোক নেওয়া হলো। এখন এটাই দস্তুর, কারণ এমপি সাহেব মনে করেন, তিনিই এলাকার সব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক—এলাকাটি তাঁর দখলে।মৌলভীবাজার শহরে গেলে সর্বত্র সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের নামে বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান দেখা যাবে। এবার শ্রীমঙ্গলে গিয়ে দেখি, সর্বত্র চিফ হুইপ আব্দুস শহীদের নামে ব্যানার ও ফলক। ভাবটা এ রকম যে জেলাটার সর্বেসর্বা এই রাজনীতিবিদেরা। এ রকম নিশ্চয়ই শহরে শহরে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এক-একজন প্রধান ব্যক্তি হয়ে বসে আছেন। একবার বাগেরহাট শহরে গিয়ে বুঝেছি যে সেখানে ভালো-খারাপ সব কাজই একজনের নির্দেশে-অনুমোদনে হয়ে থাকে। ইনি সিলভার সেলিম নামেই পরিচিত ছিলেন এলাকায়। দাউদকান্দিতে খন্দকার মোশাররফ, জামালপুরে সালাম তালুকদাররা অনেক দিন রাজত্ব করেছেন। দেশের সর্বত্র শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট, লোকালয়ে বিভিন্ন ব্যক্তির দখলদারি চলছে। আমরা জানি, এ নিয়ে রীতিমতো যুদ্ধ হয়, লাশ পড়ে, দখল হয়, হাতবদলও হয়। কিন্তু এ তো দুর্বৃত্তদের ভোগদখলের ব্যাপার। রাজনীতিবিদ বা জননেতাদের দখলদারির কী হবে?এক বিশ্ববিদ্যালয়ে দুই ভিসির পদ ও চেয়ার নিয়ে টানাটানি, তা থেকে মামলা সম্ভবত এখনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নিয়োগ পেয়ে রাতদুপুরে চেয়ারের দখল বুঝে নেওয়া এ দেশেই সম্ভব। কোনো কোনো আমলার কর্ম এলাকায় জমিদার, মন্ত্রীর মতো আচরণ আমরা আকছার দেখছি। এমনকি এ দেশে দেয়ালের দখল নিয়েও রীতিমতো হিংসাত্মক প্রতিযোগিতা চলে। সাদা দেয়ালে দেখতে পাবেন ফাঁক দিয়ে বড় বড় করে লেখা দ—খ—ল এবং তার নিচে ছাত্রসংগঠনের নাম। অর্থাৎ দখলদারিই আজকের দিনে বীরত্ব, তা আত্মপরিচয় জাহির করে তারা ঘোষণা করতে কুণ্ঠিত হয় না।একজন বলছিলেন—এ হলো মাছের স্বভাব। বড় মাছ ছোট মাছকে খেয়ে বাঁচে, যাকে বলা হয় মাৎস্যন্যায়। এখানকার মাছ-ভাতে লালিত মানুষও সুযোগ পেলেই একে অপরের ওপর প্রভুত্ব করতে চায়।২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বিশাল বিজয় প্রায় একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু আমরা বিজয়ী জোটের সবার কাছ থেকে কি আচরণটা সত্যি বিজয়ীর মতো পাচ্ছি? আমি বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে দুর্নীতি ও যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বা বিচার-প্রক্রিয়ার কথা তুলছি না। কিন্তু এলাকায় এলাকায় টেন্ডারবাজি, ক্যাম্পাস দখল, সিট দখলসহ আরও নানা ক্ষেত্রে কি দখলদারির সংস্কৃতি চলছে না?বাংলাদেশে সমস্যা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের প্রধান দল আওয়ামী লীগ ব্যতীত বাকি সব এতই ছোট ছোট দল যে তারা দর-কষাকষিতে বড় দলটির সঙ্গে সুবিধা করতে পারছে না। অন্যদিকে বিএনপি দিনে দিনে জামায়াতের রাজনীতি, যুদ্ধাপরাধীদের রক্ষার রাজনীতি এবং সার্বিক দুর্নীতিতে এতই জড়িয়ে পড়েছে যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের পক্ষে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া ছাড়া কোনো পথ খোলা নেই। এই একচেটিয়া কিন্তু নিরুপায় সমর্থনের সুযোগে আওয়ামী লীগের মধ্যে বেপরোয়া ভাব, গা-জোয়ারি মনোভাব ও অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। অন্তর্দলীয় কোন্দল বেড়ে চলেছে, মারামারি হানাহানিতে গড়াচ্ছে। এটা দখলদারি মনোবৃত্তিরই ভিন্নরূপ। দেশ, সরকার, ক্ষমতা এভাবে দলের হাতে কুক্ষিগত হয়ে যায়। তাতে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হয়, স্বাধীন ও মুক্ত চিন্তার চর্চা ক্ষুণ্ন হয়, অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত ও আইনের শাসন ব্যাহত হয়। তদুপরি একদলীয় শাসনের এবং প্রায় এক ব্যক্তির চরম ক্ষমতা ভোগের সংস্কৃতি তৈরি হয়। এতে সমাজে মুক্ত স্বাধীন সৃজনশীল চিন্তার বিকাশের পথ রুদ্ধ হয়ে আসে। বিএনপি আমলের চেয়ে আওয়ামী লীগ আমলে অপেক্ষাকৃত প্রগতিশীল ধর্মনিরপেক্ষ চিন্তা-চেতনা চর্চার অনুকূল পরিবেশ রয়েছে—এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু এ পরিবেশ টিকে থাকা বা ভেঙে পড়া সম্পূর্ণভাবে আওয়ামী লীগের স্থানীয় নেতার ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল। অর্থাৎ বর্তমান বাস্তবতায় দল-মত-ব্যক্তির কাছে স্বাধীনতা-প্রগতি-গণতন্ত্র জিম্মি হয়ে থাকে। ফলে যা আছে, সেটুকু যথেষ্ট নয়। আর সাবধান না হলে একচেটিয়া সমর্থন ও ক্ষমতার দাপটে শেষ পর্যন্ত তৃণমূল পর্যায়ে দখলদারির মাত্রা বেড়ে জনভোগান্তি ভোটারের সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে। স্বাধীনতা ও বিজয় দখল-সংস্কৃতির যূপকাষ্ঠে বলি হয়ে যাবে—এটা নিশ্চয় সচেতন মানুষ ও রাজনীতিবিদ চান না।অতএব, সময় থাকতে সবারই সাবধান ও সচেতন হওয়া দরকার। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।