বিটিসিএলের অভিযুক্তদের শাস্তি চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নেটওয়ার্ক নিরবচ্ছিন্ন রাখতে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপনের জন্য ২০০ কোটি টাকার ঋণ দিতে চেয়েছিল জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। কিন্তু দীর্ঘসূত্রতার খপ্পরে পড়ায় শেষ পর্যন্ত গত মে মাসে এই প্রকল্প থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নেয় জাইকা। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় তদন্তে জাইকার ঋণ প্রত্যাহারের ঘটনায় বিটিসিএল দায়ী বলে প্রমাণ পায় এবং অনিয়মে জড়িত ব্যক্তিরা চিহ্নিতও হয়েছেন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের এত বড় ক্ষতির জন্য কী শাস্তি অপেক্ষা করছে অভিযুক্তদের জন্য?
মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিতে দেওয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির প্রস্তাব করা হয়নি। সংসদীয় কমিটি এখন অভিযুক্ত ব্যক্তিদের অপরাধ শাস্তিযোগ্য কি না, তা যাচাইয়ের জন্য একটি উপকমিটি গঠন করেছে। আপাতত অভিযুক্ত দুই কর্মকর্তাকে প্রকল্প থেকে প্রত্যাহার করে ওএসডি করা হয়েছে। এটাকে শাস্তি হিসেবে বিবেচনার সুযোগ নেই।
জাইকা যে প্রকল্পে ঋণ দিতে চেয়েছিল, এটি বাস্তবায়িত হলে কোনো কারণে একাধিক কেব্ল কাটা পড়লেও স্বয়ংক্রিয়ভাবে বিকল্প পথে টেলিযোগাযোগ-ব্যবস্থা সচল রাখা যেত। ৩০ বছর মেয়াদি এই ঋণের সুদের হার ছিল শূন্য দশমিক ১ শতাংশ। সেই ঋণ ফেরত গেছে সর্বোচ্চ আদালতের রায় ও জাইকার পরামর্শ মেনে সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে প্রায় চার বছর তা ঝুলিয়ে রাখায়। কার্যত ক্ষুব্ধ হয়ে এই ঋণ প্রত্যাহারের চিঠিতে জাইকা ‘ভবিষ্যতে এ ধরনের পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য এই সিদ্ধান্ত থেকে’ শিক্ষা নেওয়ার কথা বলেছে। বিটিসিএলের কর্মকাণ্ডে শুধু ঋণ প্রত্যাহারের ঘটনাই ঘটেনি, দেশের মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সর্বনিম্ন দরদাতাকে কাজ দিতে না চাওয়া ও প্রকল্পটি ঝুলিয়ে রাখার পেছনে অভিযুক্ত কর্মকর্তাদের কী উদ্দেশ্য ছিল? কোনো ভাগ-বাঁটোয়ারার ব্যাপার ছিল কি না, তা তদন্ত হওয়া জরুরি। আশা করি, সংসদীয় কমিটি এ ব্যাপারে কঠোর অবস্থান নেবে এবং মন্ত্রণালয় অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করবে।