বিতর্কিত বিচারপতি পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তির কাছে পদ্ধতি মার খাওয়ার দেশে আমরা বাস করি। ব্যক্তির জন্য আমরা সংবিধান পাল্টাই। এই তেলেসমাতি কেবল নির্বাহী বিভাগেই নয়, বিচার বিভাগেও চলমান। ইদানীং তাতে তীব্রতা পাচ্ছে। আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া চার বিচারক বাছাইয়ে পদ্ধতি নয়, ব্যক্তির প্রভাব স্পষ্ট। এমনকি বিএনপিপন্থী সুপ্রিম কোর্ট বারের সভাপতি ও সম্পাদকের নিন্দাসূচক বিবৃতিও ব্যক্তিকেন্দ্রিক, তাতে পদ্ধতি অনুসরণ না করার জন্য কোনো আক্ষেপ নেই। তবে এটা অনস্বীকার্য যে, গুরুতর অসদাচরণের জন্য জাতীয় সংসদের দ্বারা অভিযুক্ত ও তিরস্কৃত হাইকোর্টের একজন বিচারপতির পদোন্নতি লাভ বিচারিক ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। তাঁকে অপসারণের একটি আবেদন বিবেচনায় নিতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সুপারিশ করেছিলেন। চারজন নয়, এই একটি নিয়োগে আমরা স্তম্ভিত। স্পিকার হিসেবে যাঁকে তিরস্কার করতে হয়েছে, উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে রুলিং দিতে হয়েছে, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আসনে বসে তাঁকেই পদোন্নতি দিতে হয়েছে। এ ঘটনা প্রমাণ করে যে, এ দেশে পরাক্রমশালী ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার কাছে কী অসহায়তার সঙ্গে প্রত্যেককে পরাভূত হতে হয়। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের ধরে নিতে হচ্ছে প্রধান বিচারপতি তাঁর নামও সুপারিশ করেছিলেন। এর পরও আমরা আশা করব, জাতীয় সংসদের মর্যাদা রক্ষায় তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে যাচাই করে দেখা হবে। বিতর্কিত বিচারককে কোনো বেঞ্চে বসালে আইনজীবীদের মধ্যে একটা বিব্রতকর অবস্থা সৃষ্টি হতে পারে। সংবেদনশীল কোনো মামলার শুনানিতে তাঁর সম্ভাব্য অংশগ্রহণ সরকারি দল কেবল নয়, রাষ্ট্র হিসেবেও আমাদের অহেতুক বিড়ম্বনা ও লজ্জার সম্মুখীন করতে পারে। স্কাইপ কেলেঙ্কারির বিচারককেও আমরা ১০ বিচারকের মামলায় পেয়েছি। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষতি হলে বিএনপির শিরঃপীড়া নেই। তাদের নজর যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে সর্বতোভাবে বিতর্কিত করার। মামলার সংখ্যা বিচারে নয়, শুধু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের জন্য আপিল বিভাগের আসনসংখ্যা বাড়ানো হয়েছিল। আইন করে এর সংখ্যা ১১ নির্দিষ্ট করা হলো। অনেকে ভাবলেন, এবার আর তাঁরা সর্বোচ্চ আদালতে মামলাজটে পড়বেন না। মানুষ বিচার পাবেন। কিন্তু তা আমরা দেখলাম না। বেঞ্চ করা প্রশ্নে নীতিবিচ্যুতি আমরা অবাক হয়ে দেখলাম। এতে আইনের লঙ্ঘনও ঘটতে থাকল। আপিল বিভাগে দীর্ঘদিন বিচারক নিয়োগ বন্ধ রাখা হলো। হয়তো ব্যক্তি বাছাইয়ে হিসাব মিলছিল না। এরপর আমরা ছয় সদস্যের আপিল বিভাগ পেলাম। জ্যেষ্ঠ আইনজীবী ও বিচারপ্রার্থীরা এবার ভাবলেন, শিগগিরই দুটি বেঞ্চ হবে। একসঙ্গে দুটি বেঞ্চ সক্রিয় হলে মামলা নিষ্পত্তির গতি ত্বরান্বিত হবে। কিন্তু তাও হলো না। এর কারণ, দুটি বেঞ্চ স্বাধীনভাবে চলতে পারত। এখন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের আপিল আদালত হিসেবে আপিল বিভাগের ভূমিকা রাখা আসন্ন। এই প্রেক্ষাপটে চার বিচারক গতকাল শপথ নিলেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ এবং প্রধান বিচারপতি নিয়োগে ঠিক কী ধরনের পদ্ধতি অনুসরণ করা সমীচীন, সেই প্রশ্নে বাংলাদেশ আজও দোদুল্যমান। পুরো বিচারালয় দলীয় লাইনে বিভক্ত, বিভ্রান্ত। দুই বড় দল ও তাদের সমর্থকেরা এ বিষয়ে লক্ষ্যহীন পথের কান্ডারি। তারা কার্যত পালিয়ে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা এখনো দায়িত্ব গ্রহণ করেননি। আগের কমিটির সভাপতি বিএনপির হলেও সম্পাদক আওয়ামী লীগের ছিলেন। তাই আওয়ামী লীগপন্থীরা গতকাল নবনিযুক্ত বিচারকদের সংবর্ধনা দিয়েছেন। ২০০১ সালে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বিচারপতি আনোয়ারুল হক হাইকোর্টের জ্যেষ্ঠতম ছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীও ২০০১ সালে আওয়ামী লীগ আমলেই নিয়োগ পেয়েছিলেন। কিন্তু বিএনপি শুধু বিচারপতি হককেই স্থায়ী করেছিল। সেই হিসেবে তিনজনই জ্যেষ্ঠ। তবে তালিকার শীর্ষে থাকা অপর তিনজনকে ডিঙিয়ে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়ার পদোন্নতি লক্ষণীয়। সরকারি সনদপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এই বিচারপতির বাড়ি ফরিদপুরে। ১০ বিচারকের আলোচিত মামলার রায়ে ২০০৯ সালের মার্চে যাঁরা চাকরি ফিরে পান, বিচারপতি সিদ্দিকী ও বিচারপতি চৌধুরী তাঁদের অন্যতম। তবে এই হিসেবে জ্যেষ্ঠতা বিবেচনা রাজনৈতিক প্রতীয়মান হতে পারে। কারণ, পাঁচ বছরের বেশি সময় চাকরি না থাকাজনিত কারণে জ্যেষ্ঠতার ঘাটতি হাইকোর্ট বিভাগ পুষিয়ে দিতে চেয়েছিলেন। আদালত বলেছিলেন, তাঁদের জ্যেষ্ঠতা বিএনপির বাদ দেওয়ার তারিখ থেকে ধরা হবে। চাকরি না থাকা পাঁচ বছর তাঁরা বিশেষ ছুটিতে ছিলেন বলে গণ্য হবে। এ সময় তাঁরা কোনো বেতন-ভাতা পাবেন না। বিএনপির আমলে নিয়োগপ্রাপ্ত ২০ জনের বেশি বিচারক এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করেছিলেন। আপিল বিভাগ তাঁদের জ্যেষ্ঠতা প্রদানের আদেশ বাতিল করেন।বিচারপতি মো. আবদুর রশীদ, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি নাজমুন আরা সুলতানার একটি বিশেষ বেঞ্চ ২০০৮ সালের ১৭ জুলাই ১০ বিচারকের মামলার রায় দেন। আমরা দারুণ উচ্ছ্বাসের সঙ্গে সেই রায়কে স্বাগত জানিয়েছি। আমরা বিচারক নিয়োগে বিএনপি সরকারের কুকীর্তির অবসান আশা করেছি। প্রধান বিচারপতির দপ্তরকে শক্তিশালী দেখতে চেয়েছি। অথচ এখন আমরা বুঝতে পারি না, সংসদে সরকারি দলের প্রভাবশালী সংসদ সদস্যরা যাকে প্রকারান্তরে গুরুতর অসদাচরণের দায়ে অভিযুক্ত করেন, তাঁকে কীভাবে মাননীয় প্রধান বিচারপতি পদোন্নতির সুপারিশ করেন? এমনকি ৩৮ জন জ্যেষ্ঠ বিচারককে ডিঙিয়ে কেন তাঁকেই আপিল বিভাগে উন্নীত করার প্রয়োজন অনিবার্য হয়ে পড়ে? প্রধান বিচারপতির সুপারিশ অগ্রাহ্য করাটাই ওই মামলায় সরকারের সবচেয়ে গর্হিত অপরাধ হিসেবে প্রতিষ্ঠা পায়। কিন্তু পরিহাস হচ্ছে, প্রধান বিচারপতির সুপারিশসংবলিত নথিপত্রের কোনো কিছুই আদালতে পেশ করা হয়নি। সুতরাং, আমরা জানতে পারিনি তৎকালীন প্রধান বিচারপতি ১০ বিচারককে কী প্রক্রিয়া অনুসরণ করে স্থায়ী নিয়োগ দিতে সুপারিশ করেছিলেন।বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম (যুদ্ধাপরাধ মামলায় আপিল বিভাগে সরকারপক্ষে লড়বেন) বিএনপির আমলে তিনবার জ্যেষ্ঠতা লঙ্ঘনের শিকার হয়েছিলেন। কারণ, তিনি আওয়ামী লীগ আমলের জ্যেষ্ঠতা লঙ্ঘনকে সমর্থন করে এক রায়ে বলেছিলেন, ‘শুধু জ্যেষ্ঠতা নয়, মেধাও বিবেচ্য। আপিল বিভাগে নিয়োগ কোনো পদোন্নতি নয়। এটা নতুন নিয়োগ।’ বিএনপি তাঁকে ‘শিক্ষা’ দিয়েছিল। এবারও চার বিচারক ওই তত্ত্বের ভিত্তিতে এবং প্রধান বিচারপতির সুপারিশে আপিল বিভাগে নিয়োগ পেলেন বলে প্রতীয়মান হয়। প্রধান বিচারপতির সুপারিশ কী বস্তু, তা প্রচণ্ড রকম অস্বচ্ছ থেকে গেল। বিচারক নিয়োগ-প্রক্রিয়ায় আপিল বিভাগের বর্ণিত ‘স্বচ্ছতা’ কী, তা আমরা বাস্তবে বুঝতে অক্ষম। ১৯৪৭ সালের ৪ নভেম্বরের আগ পর্যন্ত ব্রিটিশ ভারতের হাইকোর্টগুলোর প্রধান বিচারপতিদের পরামর্শক্রমেই ইংল্যান্ডের রাজা বিচারক নিয়োগ করতেন। কিন্তু ওই তারিখে তৎকালীন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী বিচারক নিয়োগে একটি নিন্দনীয় স্মারক প্রকাশ করেন। এতে বলা হয়েছিল, রাজ্যের মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শক্রমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচারক নিয়োগে সুপারিশ পাঠাবেন। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি স্যার ফ্রেডেরিক জেন্টেল এর প্রতিবাদ করেন। তিনি এমনকি সরকারের কাছে পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেছিলেন। আমরা এই স্বাধীন, মুক্তিযুদ্ধের চেতনার দেশে কতজন স্যার ফ্রেডেরিক পেয়েছি? বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘স্বচ্ছতা’ অনুসরণের একটা বিচারিক চেষ্টা চালানো হয় ২০০৮ সালে। হাইকোর্টের ওই বৃহত্তর বেঞ্চ বিচারক নিয়োগে ১০টি দফা দিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, আপিল বিভাগ ওই ১০ দফায় বিরাট পরিবর্তন আনেন। তদুপরি তাঁরা একটি নির্দেশনা বেঁধে দিয়েছিলেন। সেখানে প্রধান বিচারপতির ক্ষমতা সংহত করা হয়েছিল। কিন্তু তাঁদের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ আমরা অনেকবার তুলেছি। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। মুখরক্ষার খাতিরে অনেক সময় আইনমন্ত্রী বলে থাকেন, বিচারক নিয়োগে একটা আইন করা হবে। সরকারের জাতীয় শুদ্ধাচার কৌশলপত্রেও দেখলাম, একটা আইনের কথা বলছে। যে দেশ আপিল বিভাগের রায় মানতে অপারগ, তারা আইন পাস করলেই কি সুবোধ হবে? আমাদের মনে হয় সংবিধান সংশোধন করা ছাড়া চলমান অস্বচ্ছ ধারা বদলানো যাবে না। আপিল বিভাগ বিধান করেছিলেন, বিচারক নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই স্বচ্ছ এবং প্রতিযোগিতাপূর্ণ হবে। আর এর সবটাই লিখিত হবে। ওই রায়ের উদ্দেশ্য ও কারণসংবলিত কোনো লিখিত কিছুর হদিস এখনো পাইনি। অথচ বিচারপতি আবদুর রশীদ ওই রায়ে একটি অসাধারণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বিচারক বাছাইয়ের পরমর্শ-প্রক্রিয়াটা এমন হবে যে, কোনো একজন মাত্র ব্যক্তির মতামতের প্রাধান্য সৃষ্টি হবে না। অযোগ্য ব্যক্তিকে বিচারক নিয়োগে বিএনপির আইনজীবীরা বিক্ষোভ করেছেন। তাঁদের আমলের বিচারক নিয়োগ নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত বার লিখিত প্রস্তাব পাস করেছে। এখন আপিল বিভাগের সদ্য নিয়োগ প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা’ কীভাবে নিশ্চিত করা হয়েছে, তা রেজিস্ট্রারের কাছে জানতে চেয়ে তারা একটি নিরীহ প্রস্তাব পাস করতে পারে। বিচারপতি এস কে সিনহা ১০ বিচারকের ওই মামলার রায়ে লিখেছিলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতায় একজন আইনজীবীর মৌলিক স্বার্থ নিহিত। আইন পেশা বিচারব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্রের কোনো পদক্ষেপের ফলে বিচার বিভাগের অখণ্ডতা যদি হুমকিগ্রস্ত হয়, তাহলে জনস্বার্থের চেতনায় উদ্দীপ্ত আইনজীবী তাঁর ব্যক্তিগত লাভ কিংবা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের বিবেচনা ছাড়াই এ রকম একটি অসাংবিধানিক বা অবৈধ কাজের বৈধতা চ্যালেঞ্জ করতে পারেন।’আমরা এই বিতর্কিত নিয়োগের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে যথেষ্ট দোষারোপ করতে পারি না। কারণ, সংবিধানমতেই এই নিয়োগ কার্যকর অর্থে প্রধান বিচারপতির পরামর্শে প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রীর কোনো স্পর্শকাতর সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করে প্রতিকারের আশা করা এখন অচল। এখন এ ক্ষেত্রে একটা বিসর্জনকাল চলছে, যা আমাদের মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আমলের ‘কোর্ট প্যাকিং’ (দলীয় স্বার্থে বিচারক নিয়োগ) পর্বকে স্মরণ করিয়ে দিচ্ছে।মিজানুর রহমান খান: সাংবাদিক।[email protected]