কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমকে হারানোর ক্ষতি অপরিসীম। নজরুলসংগীতের ভুবনে এমন প্রতিভাবান শিল্পী অত্যন্ত বিরল। যদিও তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর এবং বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, তবু তাঁর প্রয়াণ গভীর বেদনার। তাঁর চিরবিদায়ের সংবাদে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শিল্প-সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে খুব সংগত কারণেই।
মূলত নজরুলসংগীতের শিল্পী হিসেবে তাঁর পরিচিতি; স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের কাছে সংগীত শিক্ষা করেছেন এবং নিরলস সাধনার মধ্য দিয়ে নজরুলসংগীতে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছিলেন। তাঁর কণ্ঠে গাওয়া অনেক নজরুলসংগীত কালজয়ী হয়েছে। প্রকৃতপক্ষে, নজরুলের গানের ‘নজরুলসংগীত’ হিসেবে প্রতিষ্ঠা ও জনপ্রিয়তা পাওয়ার পেছনে ফিরোজা বেগমের অবদান অনন্য। নজরুলসংগীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তবে তাঁর সংগীত সাধনা শুধু নজরুলসংগীতেই সীমাবদ্ধ ছিল না, অনেক আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত গীত হয়েছে তাঁর কণ্ঠে এবং সব গানেই তিনি অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন।
শৈশব থেকেই সংগীতের প্রতি ফিরোজা বেগমের ছিল অদম্য আকর্ষণ। অবিভক্ত ভারতবর্ষের ফরিদপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়েছিল গত শতকের তিরিশের দশকে, যখন বাংলার মুসলমান মেয়েদের পক্ষে গৃহের অন্তরাল ভেঙে বাইরে বেরোনোই ছিল অত্যন্ত কঠিন, গান শেখা ও বেতারে কিংবা গ্রামোফোন কোম্পানির জন্য গাওয়ার কথা তো ভাবাই যেত না। ফিরোজা বেগম সেই অসাধ্য সাধন করেছেন: ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে গান গেয়ে সাড়া ফেলেছিলেন, মাত্র ১২ বছর বয়সে তাঁর গানের রেকর্ড বেরোয় গ্রামোফোন কোম্পানি এইচএমভি থেকে।
বাংলা সংগীতের ভান্ডারে ফিরোজা বেগমের দান অসামান্য ও অতুলনীয়। যত দিন নজরুলের গান গাওয়া হবে, তত দিন সংগীতপিপাসু মানুষের মনে তিনি ভাস্বর হয়ে থাকবেন। এই মহান শিল্পীর প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।