কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে ১০৩ বছর বয়সে জীবনাবসান ঘটেছে প্রবীণ বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রবল সংগ্রামে নিবেদিত ছিলেন যে বিপ্লবী প্রজন্ম, অগ্নিযুগ নামে পরিচিত সেই সংগ্রামমুখর সময়ের শেষ প্রতিনিধিকে আমরা হারালাম। কিন্তু স্বাধীনতা, মুক্তি, গণতন্ত্র, সাম্য, অসাম্প্রদায়িকতার পক্ষে তাঁর সুদীর্ঘ সংগ্রামী জীবন, সর্বোপরি মানুষের প্রতি তাঁর ভালোবাসা আমাদের পথ দেখাবে চিরকাল। বিনোদবিহারী চৌধুরীর মতো বিপ্লবীরা চিরঞ্জীব, আমাদের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়গুলোর স্মারক। তাঁর আত্মা শান্তি লাভ করুক।বিনোদবিহারী চৌধুরীর প্রধান পরিচিতি মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা হিসেবে। ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঐতিহাসিক ঘটনায় তিনি ছিলেন সূর্য সেনের অন্যতম তরুণ সহযোগী। তবে তাঁর সুদীর্ঘ জীবন ছিল আরও অনেক দিক থেকে বর্ণাঢ্য ও কর্মময়। তিনি রাজনীতিক ছিলেন। ১৯ বছর বয়সেই ভারতীয় কংগ্রেসের চট্টগ্রাম জেলা কমিটির সহসম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। ঔপনিবেশিক যুগের অন্তিম পর্বে রাজনৈতিক ঝঞ্ঝা-বিক্ষুব্ধ ভারতবর্ষে তিনি শিক্ষার্থী হিসেবেও ছিলেন অত্যন্ত কৃতী। ছাত্রাবস্থায় কারারুদ্ধ হয়েছেন, কারাগারে বসেই পরীক্ষা দিয়ে উচ্চমাধ্যমিক ও স্নাতক ডিগ্রি অর্জন করেছেন প্রথম শ্রেণীতে। জাতীয় কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তথাকথিত দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে উপমহাদেশের বিভক্তির পর হিন্দু সম্প্রদায়ের প্রচুরসংখ্যক মানুষ ভারতে চলে যান, কিন্তু বিনোদবিহারী চৌধুরী মাতৃভূমি পূর্ব বাংলা ছেড়ে যাননি, চট্টগ্রামের বোয়ালখালীর এই সন্তান আজীবন চট্টগ্রামেই থেকেছেন। সদ্য গঠিত পাকিস্তান রাষ্ট্রে বাংলা ভাষার মর্যাদার জন্য যাঁরা লড়াই-সংগ্রাম করেছেন, সেই ভাষাসৈনিকদের তিনিও অন্যতম। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অতঃপর বাঙালির স্বাধিকার আন্দোলন, আইয়ুব খানের সামরিক শাসনবিরোধী গণ-অভ্যুত্থান, স্বাধীনতাযুদ্ধ—ইতিহাসের প্রতিটি পর্বেই বিনোদবিহারী চৌধুরীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শুধু তা-ই নয়, অতি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের নাগরিক আন্দোলনের পুরোভাগেও ছিলেন এই সর্বজনশ্রদ্ধেয় মানুষ। বিনোদবিহারী চৌধুরীর সুদীর্ঘ কর্মময় জীবন এক আদর্শ জীবনের প্রতীক। তাঁকে হারানোর ক্ষতি পূরণ হতে পারে তাঁর মহৎ কর্মময় পথ অনুসরণের মধ্য দিয়ে।