বিদায়, মেয়র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল হক
আনিসুল হক

২০১৫ সালের ২৮ এপ্রিল তিনি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মহানগরের উত্তর অংশের কদর্য বিশৃঙ্খলা দূর করার জন্য আন্তরিকভাবে তৎপর হয়ে ওঠেন। তাঁর অসাধ্যসাধনের একটি দৃষ্টান্ত তেজগাঁও এলাকার ট্রাকস্ট্যান্ডের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে একটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল সুগম করা, যা এর আগে কোনো মেয়রের পক্ষে সম্ভব হয়নি। তিনি গাবতলীর সড়কের বিশৃঙ্খলাও অনেকটাই দূর করেছেন, গুলশান-বারিধারা এলাকার চেহারা বদলে দিয়েছেন, বিমানবন্দর সড়কের দুই পাশের দেয়াল সরিয়ে দিগন্ত খুলে দিয়েছেন, যানজট নিরসনের জন্য উত্তরাসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাটের বাধাবিঘ্ন সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছিলেন। তিনি পদচারী নাগরিকদের কথা ভেবে ফুটপাতগুলো থেকে ভাসমান দোকানপাট সরিয়ে সেগুলো হেঁটে চলার উপযোগী করার প্রচেষ্টাও চালিয়েছিলেন।

যদিও সিটি করপোরেশনের এখতিয়ারের সীমাবদ্ধতা, বিভিন্ন সেবা সংস্থার মধ্যে কাজের সমন্বয়হীনতা, মহানগরের বাসিন্দাদের একটা বড় অংশের নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধের ঘাটতিসহ নানা কারণে মেয়র আনিসুল হকের সব প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি, তবু এটা সুস্পষ্ট যে তাঁর আন্তরিকতায় ঘাটতি ছিল না। সর্বোপরি তিনি কাজ করার সময় পেয়েছেন অল্পই; দায়িত্ব গ্রহণের সোয়া দুই বছরের মাথায় এভাবে তাঁর চলে যাওয়া আমাদের জন্য বিরাট ক্ষতি বৈকি।

তিনি শুধুই মেয়র ছিলেন না; ছিলেন অত্যন্ত সফল একজন শিল্প-উদ্যোক্তা, ব্যবসায়ী, সংগঠক ও নেতা। তাঁর শিল্পপ্রতিষ্ঠানগুলোতে প্রায় ১২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তিনি বিজিএমইএ, এফবিসিসিআই, সার্ক চেম্বার প্রভৃতি সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন; ছিলেন শিল্পানুরাগী টিভি ব্যক্তিত্ব। সদালাপী, বন্ধুবৎসল, প্রীতিকর ব্যক্তিত্বের অধিকারী আনিসুল হকের অভাব অনেক দিন ধরে অনুভূত হবে। মেয়র হিসেবে যিনি তাঁর শূন্যতা পূরণ করবেন, আমরা তাঁর মধ্যেও তাঁর মতো স্বপ্নদৃষ্টি ও আন্তরিক দায়িত্ববোধের তাড়না প্রত্যাশা করব।