বিদেশ ভ্রমণের গর্হিত সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ অতিপ্রিয় হয়ে উঠেছে অনেক বাংলাদেশির কাছে। বিশেষ করে স্বাস্থ্য খাতের কর্মকর্তা-কর্মচারীদের অনেকের কাছেই বিদেশ সফর অতি লোভনীয়। হরহামেশাই কাজে-অকাজে তাঁরা বিদেশ ঘুরে আসেন। যেমন স্বাস্থ্য খাতে চার বছরে প্রশিক্ষণের নামে বিদেশ সফরে ব্যয় হয়েছে ১৫ কোটি টাকা। সরকারি টাকার এ রকম অপব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছে গত বুধবারের প্রথম আলোর একটি সংবাদ। দলীয় অনুগত ও অনুগ্রহভাজনদের সুবিধা বিলানোর এমন নগ্ন নজির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজকর্মের অস্বচ্ছতাকে আবারও সামনে নিয়ে এসেছে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের জন্য চিকিৎসক, বিশেষজ্ঞ ও স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু যখন একজন চার বছরে ২৩ বার বিদেশে যান, যখন ম্যালেরিয়ার গবেষক যান ধাত্রী প্রশিক্ষণে, যখন দাঁতের ডাক্তার যান বোনম্যারো ট্রান্সপ্ল্যানটেশনের প্রশিক্ষণে, কালাজ্বরের উপকর্মসূচির কর্মকর্তা যান পুষ্টি প্রশিক্ষণে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক যান বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণে; তখন বুঝতে হবে ‘ডাল মে কুছ কালা হ্যায়’। এমনকি বিশেষজ্ঞদেরও দেখা গেছে, প্রশিক্ষণের নামে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য বিদেশে গিয়ে বসে থাকতে। প্রশিক্ষণের নামে বিদেশ সফরে সরকারদলীয় স্বাচিপের ভূমিকা নিয়েও কথা উঠেছে। এভাবে সরকারি পদ-পদবি ও দলীয় ক্ষমতা ব্যবহার করে জনগণের করের টাকার নয়ছয় হতে পারছে কীভাবে? স্বাস্থ্যসচিব থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রীও কি এ ধরনের কুশলী দুর্নীতির দায়ভার এড়াতে পারবেন?অস্বীকার করার উপায় নেই যে ‘কাছের লোকদের’ ইনাম দেওয়ার একটা উপায় হলো এসব বিদেশ সফর। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রশিক্ষণ অপাত্রে দান করায় তাতে প্রশিক্ষণ গ্রহণকারী ব্যক্তিটি ছাড়া আর কারও কোনো উপকার হয় না। অনেক ক্ষেত্রে এসব সফর হয়ে দাঁড়ায় বিদেশে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ, ছুটি কাটানো, বেড়ানো কিংবা কেনাকাটার সুযোগ। সবই ভালো, কিন্তু সেটা সরকারি টাকায় কেন? এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত হচ্ছে বিদেশ সফরের নীতিমালার বরখেলাপ কোথায় কোথায় কার কার কারণে ঘটেছে, তা খুঁজে বের করা। এমনকি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির তদন্তের এখতিয়ার ব্যবহার করে দুদকেরও উচিত, এসব ঘটনা তদন্ত করা।