বিদেশগামী মেধাসম্পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেধাবীরা দেশের বুদ্ধিবৃত্তিক সম্পদ, এই সম্পদ ছাড়া কোনো দেশই এগোতে পারে না। বাংলাদেশের যে মেধাবীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান, তাঁরা দেশকে এগিয়ে নিতে পারেন, যদি অর্জিত জ্ঞান-দক্ষতাকে দেশের কাজে লাগান। রাজধানীতে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে গিয়ে এমন আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা।
বাংলাদেশ সমাজ ও অর্থনীতিতে যে অবস্থায় উপনীত হয়েছে, তাতে বিপুল কারিগরি ও মৌলিক জ্ঞানসম্পন্ন মেধাজীবী প্রয়োজন। ইতিমধ্যে শিল্প ও সেবা খাতে কয়েক লাখ বিদেশি পেশাজীবীর উপস্থিতি প্রমাণ করে, উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর ঘাটতি রয়েছে বাংলাদেশে। পৃথিবীতে যে দেশই দ্রুত উন্নতি করেছে, তারাই জনশক্তি খাতে আগে উল্লম্ফন দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি সে রকমই সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ রকম অবস্থায় উচ্চশিক্ষার্থে বিদেশ গমনকারী বা প্রবাসে অবস্থানকারী বাংলাদেশি জনশক্তির দেশের প্রয়োজনের দিকেও তাকানোর দরকার রয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে আয়োজিত ছাত্রছাত্রীদের সমাবেশে তাই সময়ের প্রয়োজনটাই উচ্চারিত হয়েছে।
উচ্চশিক্ষার্থে যেখানেই যাও দেশে ফেরত এসোসেদিন আর নেই, যখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো উচ্চশিক্ষিত মেধাবীদের উচ্চ বেতনে নিয়োজিত করতে অপারগ ছিল। বরং এখন চাহিদার তুলনায় জোগান কম বলেই ভারত, শ্রীলঙ্কা ইত্যাদি দেশের থেকে প্রয়োজনীয় লোকবল ও বিশেষজ্ঞ-সহায়তা কিনতে হচ্ছে। অন্যদিকে প্রবাসে অবস্থানকারী বাংলাদেশিদের অনেকেই সুযোগ পেলে দেশের কাজে লাগতে ইচ্ছুক বলে প্রতীয়মানও হয়েছে। উপযুক্ত পরিবেশ ও সুযোগ দিয়ে দেশেই তাঁদের কর্মসংস্থান ঘটানো সম্ভব।
তবে, বিশ্বায়িত পৃথিবীর সহজ যোগাযোগ ও বিনিময় ব্যবস্থায় প্রবাসে থেকেও দেশে অবদান রাখার সুযোগ অবারিত। যাঁরা বিদেশে পড়তে যাচ্ছেন, তাঁরা তাঁদের অর্জিত জ্ঞান দেশের কাজে লাগাবেন, এই দাবি স্বাভাবিক। মূল প্রশ্ন হচ্ছে, উন্নয়ন পরিকল্পনার এমন সমন্বয়, যেখানে দেশ বা বিদেশ; উভয় ক্ষেত্রে অবস্থান করেও দেশের উন্নয়নে অবদান রাখা যাবে। সেই ব্যবস্থা অবশ্য সরকারকেই করতে হবে।