বিদেশি জনশক্তির পেছনে ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি প্রতিষ্ঠানে কর্মরত বিদেশিদের বেতন-ভাতা বাবদ প্রতিবছর ৩২ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের শিল্প ও ব্যবসা বিকাশে বিদেশ থেকে দক্ষতা ও জ্ঞান আনায় কোনো দোষ নেই। কিন্তু দেখতে হবে, সেটা যেন স্থায়ী পরনির্ভরতা হয়ে না দাঁড়ায়। তার জন্যই দেশের ভেতর থেকেই প্রয়োজনীয় কর্মী ও বিশেষজ্ঞ তৈরিতে রাষ্ট্রীয় বিনিয়োগ ও আনুকূল্য প্রয়োজন।
পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশিদের বেতন হিসেবে চলে যাচ্ছে, তা আমাদের জাতীয় বাজেটের ১০ শতাংশের ওপরে । এটি বাংলাদেশের নিজস্ব প্রবাসী–আয়ের প্রায় ৩৫ শতাংশ। এই বিপুল পরিমাণ অর্থ দেশের ভেতর রাখা গেলে এবং তা জাতীয় সম্পদ বৃদ্ধিতেও যেমন অবদান রাখত, তেমনি জাতীয় সক্ষমতারও বিকাশ ঘটত। কষ্টার্জিত বৈদেশিক মুদ্রাও দেশে থাকত। কিন্তু উচ্চ প্রশিক্ষিত পেশাজীবী ও বিশেষজ্ঞ সৃষ্টির দিকে আমাদের সরকারগুলোর মনোযোগ কম বলেই ধারণা করি। শিক্ষার মানের অবনতি, শিক্ষাব্যয় বৃদ্ধি এবং বিশেষজ্ঞ সৃষ্টির প্রতিষ্ঠানের অভাবের জন্য আমরা পিছিয়েই থাকছি।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি করা হবে সরকারিভাবেইসম্প্রতি অর্থ মন্ত্রণালয় এশীয় উন্নয়ন ব্যাংক ও সুইস ডেভেলপমেন্ট ব্যাংকের ঋণে দক্ষ শ্রমশক্তি বিকাশের প্রকল্প হাতে নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আগামী পাঁচ বছরে ১৫ লাখ দক্ষ শ্রমশক্তি তৈরি হবে বলে আশা করা যাচ্ছে। আগে জানতে হবে জনশক্তির ক্ষেত্রে আমাদের কোথায় কোথায় ঘাটতি আছে। এরপর সেই ঘাটতি পূরণে সুষ্ঠু কর্মপরিকল্পনা নেওয়া এবং তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই জনশক্তিতে পরনির্ভরশীলতা কাটিয়ে ওঠা সম্ভব।
বিলম্বে হলেও দক্ষ জনশক্তি গড়ে তোলার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে বিষয়টি সময়সাপেক্ষ। আর দক্ষ জনশক্তি গড়ার জন্য যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হবে, সেগুলোর সক্ষমতার ওপরই এই প্রকল্পের সাফল্য নির্ভর করছে। কেবল সাধারণ পেশাজীবী নয়, বিশেষজ্ঞ তৈরির উপযুক্ত প্রতিষ্ঠান ও প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।