বিদেশি নাগরিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি হুমকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ঘোলা পানি থেকে উঠে হঠাৎ আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠেছে। গত শুক্রবার হঠাৎ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য–বিষয়ক দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশে অস্ট্রেলীয় নাগরিকদের ওপর জঙ্গিগোষ্ঠীর হামলার শঙ্কার কথা প্রকাশ করা হয়। এরই ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশে দুই টেস্টের নির্ধারিত সফর স্থগিত করে। জনগণের উদ্বেগ আরও বেড়ে যায় ঢাকায় কর্মরত একজন ইতালীয় বংশোদ্ভূত নাগরিককে হত্যার ঘটনায়। হঠাৎ কেন ‘জঙ্গি আলামত’ বেড়ে গেল এবং একজন বিদেশি নাগরিককে নিহত হতে হলো, তার উত্তর এ মুহূর্তে খুবই প্রয়োজন।
শেখ হাসিনার সরকার বরাবরই জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে আসছে। বিভিন্ন অভিযানে অনেক জঙ্গিকে পাকড়াও করা হচ্ছে বলেও গণমাধ্যমে খবর এসেছে। তারপরও গত কয়েক মাসে বেশ কয়েকজন লেখক-ব্লগারকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে। সর্বশেষ একজন ইতালীয় নাগরিক নিহত হলেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) এই হত্যার দায় স্বীকার করেছে বলে দেশি-বিদেশি বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে। নিরাপত্তার কারণে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করার পরই একজন বিদেশি নাগরিককে হত্যা কাকতালীয়, না দুই-এর মধ্যে যোগসূত্র আছে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক নিহতঅস্ট্রেলিয়ার আশঙ্কা দূর করার পাশাপাশি ইতালীয় নাগরিকের হত্যার যথাযথ তদন্ত ও অপরাধীদের বিচার হতে হবে। একই সঙ্গে সরকারকে বিদেশিসহ সব নাগরিকের নিরাপত্তা বিধানে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইতিমধ্যে কয়েকটি দেশ বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে বলেছে, যা আমাদের জন্য মোটেই সম্মানের নয়।
আওয়ামী লীগ বিএনপিকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার জন্য আর বিএনপি ক্ষমতাসীনদের বিরুদ্ধে জঙ্গিবাদের জুজু দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অভিযোগ করে আসছে। এ ধরনের বাদানুবাদের সুযোগ নিয়ে যাতে কেউ হত্যা-নাশকতার খেলায় মেতে উঠতে না পারে, সে ব্যাপারে সরকারের কাছে সর্বাত্মক প্রয়াসই প্রত্যাশিত।