বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তাকারী বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানোর বিষয়টি অত্যন্ত প্রশংসনীয়। একাত্তরে আমাদের জাতীয় মুক্তির সংগ্রামে যাঁরা অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করেছেন, যাঁরা বিশ্বজনমত গঠনে এগিয়ে এসেছেন, যাঁরা কণ্ঠ ও লিখনীতে সাহস জুগিয়েছেন, যাঁরা রণাঙ্গনে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন, তাঁদের অবদান কখনোই বিস্মৃত হওয়ার নয়। বাংলাদেশ যত দিন থাকবে, তত দিন তাঁদের অবদানের কথাও স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাঁরা আমাদের আত্মার আত্মীয়। সেই দুঃসময়ের সুহূদদের শ্রদ্ধা ও সম্মান জানানো আমাদের জাতীয় কর্তব্য। বিলম্বে হলেও আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর যে মহতী উদ্যোগ নিয়েছে, আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। ধন্যবাদ জানাই এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে। স্বাধীনতার একচল্লিশ বছর পরে হলেও আমরা আমাদের সুহূদদের স্মরণ করতে পেরেছি, এটি খুবই আনন্দের কথা।গত শনিবার তৃতীয় দফায় ৫৯ জন বিদেশি নাগরিক ও দুটি স্বেচ্ছাসেবী সংস্থাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক হূদয়গ্রাহী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশি বন্ধুদের হাতে সম্মাননা তুলে দেন। এর আগে গত ২৭ মার্চ ৮২ জন বিদেশি নাগরিককে সম্মাননা জানানো হয়। এ উদ্যোগের সূচনা হয়েছিল ২০১১ সালের ২৫ জুলাই ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মাননা তাঁর পুত্রবধূ ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর হাতে তুলে দেওয়ার মাধ্যমে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, মোট ৫৬০ জন বিদেশি বন্ধুর তালিকা চূড়ান্ত করা হয়েছে, পর্যায়ক্রমে তাঁদের সবাইকে সম্মাননা গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। সরকারের এই উদ্যোগ সফল হোক। বিদেশি সুহূদদের সম্মাননা জানানো একটি গতানুগতিক অনুষ্ঠান নয়; তার চেয়েও বেশি কিছু। কেননা, এর সঙ্গে মিশে আছে আমাদের মুক্তিযুদ্ধের আবেগ, স্বপ্ন ও অঙ্গীকার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আরেকবার আত্মজিজ্ঞাসার মুখোমুখি হলাম, যে আশা ও স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার কতটুকু অর্জন করতে পেরেছি, কতটুকু পারিনি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশি বন্ধুরা, তাঁদের স্বজনেরা সেই দেশটি দেখার সুযোগ পেলেন, যে দেশের স্বাধীনতা অর্জনে তাঁরা রেখেছিলেন অনন্যসাধারণ অবদান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা অনুষ্ঠানে যথার্থই তাঁদের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। একাত্তরে সুহূদদের সংবর্ধনার বিষয়টি কোনোভাবেই দলীয় দৃষ্টিতে দেখা উচিত নয়। আমাদের ভবিষ্যৎ রাজনীতির গতি-প্রকৃতি যা-ই হোক না কেন, প্রণীত তালিকা অনুযায়ী সব বিদেশি সুহূদ সংবর্ধিত হবেন, সেটা সবাই আশা করে। সেই সঙ্গে প্রত্যাশা, একাত্তরে মুক্তিযুদ্ধের যে চেতনা ও অঙ্গীকার গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, রাজনৈতিক নেতৃত্বসহ সবার কর্মকাণ্ডে তারই প্রতিফলন থাকবে।